বাংলা হান্ট ডেস্কঃ কলকাতার হরিশ মুখার্জি রোডে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) বাড়ি ‘শান্তিনিকেতন’কে ঘিরে সাম্প্রতিক সময়ে নতুন করে রাজনৈতিক চর্চা শুরু হয়েছে। রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর ওই বাড়ির সামনে নিরাপত্তা ব্যবস্থা কমানো থেকে শুরু করে পরপর নোটিস পড়া, সব মিলিয়ে ফের আলোচনায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। এর মাঝেই তাঁর সম্পত্তি ও আয় নিয়ে প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও। সেই আবহেই সামনে এসেছে নির্বাচন কমিশনে জমা দেওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হলফনামার তথ্য, যেখানে গত কয়েক বছরের আয় ও আয়ের উৎসের উল্লেখ রয়েছে।
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) আয় ও আয়ের উৎস
২০২৪ সালের লোকসভা নির্বাচনের সময় নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামায় নিজের আয় সংক্রান্ত তথ্য জানিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সেখানে দেখা যাচ্ছে, গত কয়েক বছরে তাঁর আয় কখনও লক্ষের ঘরে, আবার কখনও কোটি টাকাও ছুঁয়েছে। হলফনামা অনুযায়ী, ২০১৮-১৯ অর্থবর্ষে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আয় ছিল ৭১ লক্ষ ৫২ হাজার ২০০ টাকা। এরপর ২০১৯-২০ সালে তাঁর আয় দাঁড়ায় ৬৭ লক্ষ ৩২ হাজার ৩৭০ টাকা।
২০২০-২১ অর্থবর্ষে সেই অঙ্ক এক ধাক্কায় বেড়ে হয় ১ কোটি ৫১ লক্ষ ২৯ হাজার ১৭০ টাকা। যদিও তার পরের বছর অর্থাৎ ২০২১-২২ সালে আয় কমে দাঁড়ায় ৯০ লক্ষ ৫০ হাজার ৬৪৩ টাকা। আবার ২০২২-২৩ সালে তাঁর আয় ছিল ৮২ লক্ষ ৫৮ হাজার টাকা। হলফনামায় নিজের আয়ের উৎস সম্পর্কেও তথ্য দিয়েছেন ডায়মন্ড হারবারের সাংসদ। সেখানে উল্লেখ করা হয়েছে, তাঁর আয়ের প্রধান উৎস বেতন, সাম্মানিক এবং ব্যাঙ্কের সুদ। নিজের পেশা হিসেবে সাংসদ পদকেই উল্লেখ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।
বর্তমানে সাংসদদের মাসিক বেতন ৭০ হাজার টাকা। ২০২০ সালের আগে এই বেতন ছিল ১ লক্ষ টাকা, পরে তা কমানো হয়। এর পাশাপাশি সাংসদরা বিভিন্ন ভাতাও পান। কন্সটিটিউয়েন্সি অ্যালাওয়েন্স বাবদ ৪৯ হাজার টাকা এবং অফিস খরচ বাবদ ৫৪ হাজার টাকা দেওয়া হয়। সব মিলিয়ে প্রতি মাসে বেতন ও ভাতা মিলিয়ে সাংসদদের হাতে আসে প্রায় ১ লক্ষ ৭৩ হাজার টাকা।

আরও পড়ুনঃ মিডিয়ায় কথা বললেই কড়া ব্যবস্থা! সরকারি কর্মীদের জন্য নবান্নের জরুরি সার্কুলারে বড় নিষেধাজ্ঞা
এছাড়াও বিভিন্ন সরকারি বৈঠকে যোগ দেওয়ার জন্য আলাদা সাম্মানিক পান সাংসদরা। প্রধানমন্ত্রীর বৈঠকে উপস্থিত থাকলে ২১০০ টাকা, কেন্দ্রীয় মন্ত্রীদের বৈঠকে ১৪০০ টাকা, রাজ্যের মন্ত্রীদের বৈঠকে ৭০০ টাকা এবং প্রতিমন্ত্রীদের বৈঠকে যোগ দিলে ৪২০ টাকা করে ভাতা দেওয়া হয়।













