বাংলা হান্ট ডেস্কঃ কলকাতায় নতুন সরকার (West Bengal Government) গঠনের পর থেকেই প্রশাসনের বিভিন্ন স্তরে একের পর এক নতুন নিয়ম চালু হচ্ছে। সেই অনুযায়ী এবার সরাসরি রাজ্য সরকারি কর্মীদের জন্য কড়া নির্দেশিকা জারি করল নবান্ন। বলা হয়েছে সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে কথা বলা, কোনও সরকারি তথ্য বাইরে দেওয়া বা সংবাদপত্রে লেখালেখি, সব ক্ষেত্রেই একাধিক বিধিনিষেধ আনা হয়েছে। শুধু সরকারি দফতর নয়, রাজ্যের বিভিন্ন স্বশাসিত সংস্থা ও সরকারি অনুদানপ্রাপ্ত প্রতিষ্ঠানের কর্মীদের ক্ষেত্রেও এই নিয়ম কার্যকর হবে বলে জানানো হয়েছে।
রাজ্য সরকারের (West Bengal Government) নতুন নির্দেশিকা
গত ১৯ মে মুখ্যসচিব মনোজ আগরওয়াল একটি জরুরি সার্কুলার জারি করেন। পরে সেই নির্দেশিকা পার্সোনেল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মস (P&AR) দফতরের তরফে সমস্ত সরকারি দফতর, জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের কাছে পাঠানো হয়। নতুন নিয়ম অনুযায়ী, আইএএস, ডব্লিউবিসিএস এবং পশ্চিমবঙ্গ পুলিশ সার্ভিসের আধিকারিকদের পাশাপাশি রাজ্যের অন্যান্য সরকারি কর্মী, জেল কর্মী, সরকারি অনুদানপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানের কর্মচারী, বোর্ড, পুরসভা, পুর নিগম ও স্বশাসিত সংস্থার কর্মীরাও এই নির্দেশিকার আওতায় থাকবেন।
সার্কুলারে স্পষ্ট বলা হয়েছে, সরকারের আগাম অনুমতি ছাড়া কোনও সরকারি কর্মী বেসরকারি বা ব্যক্তিগতভাবে আয়োজিত মিডিয়া অনুষ্ঠানে অংশ নিতে পারবেন না। পাশাপাশি সংবাদমাধ্যমের কাছে সরাসরি বা ঘুরপথে কোনও সরকারি নথি বা তথ্যও দেওয়া যাবে না। এছাড়াও সরকারের (West Bengal Government) অনুমতি ছাড়া সংবাদপত্র বা সাময়িকী সম্পাদনা করা, রেডিওতে বক্তব্য রাখা কিংবা সংবাদমাধ্যমে চিঠি লেখার উপরও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
নির্দেশিকায় আরও বলা হয়েছে, কোনও সরকারি কর্মী সংবাদমাধ্যম, সোশ্যাল মিডিয়া বা অন্য কোনও মাধ্যমে কেন্দ্র বা রাজ্য সরকারের নীতি ও সিদ্ধান্তের বিরুদ্ধে বিরূপ মন্তব্য করতে পারবেন না। এমন কোনও বক্তব্য বা প্রকাশনাও করা যাবে না, যা কেন্দ্র-রাজ্য সম্পর্ক বা অন্য দেশের সঙ্গে ভারতের কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

আরও পড়ুনঃ জল জমার পুরনো আতঙ্ক ফের সামনে, প্রস্তুতি নিয়েই প্রশ্নের মুখে কলকাতা পুরসভা
এই নিয়ম ভাঙলে সংশ্লিষ্ট কর্মীদের বিরুদ্ধে কড়া প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছে রাজ্য সরকার (West Bengal Government)। অল ইন্ডিয়া সার্ভিসেস (কনডাক্ট) রুলস, ১৯৬৮ এবং পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারি আচরণ বিধির বিভিন্ন ধারা উল্লেখ করে নবান্ন জানিয়েছে, নির্দেশিকা দ্রুত সমস্ত অধীনস্থ দফতরে পৌঁছে দিতে হবে।













