বাংলা হান্ট ডেস্কঃ কলকাতা পুরনিগমের নোটিস ঘিরে এবার বিতর্কে তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তাঁর বাড়ির একটি অংশ নিয়ে পুরনিগমের তরফে প্রশ্ন তোলা হয়েছে বলে খবর সামনে আসে। সেই নিয়েই সাংবাদিকরা প্রশ্ন করতেই বিরক্ত হয়ে যান অভিষেক। তিনি পাল্টা সাংবাদিকদেরই পুরনিগমে গিয়ে আগে তথ্য জেনে আসার পরামর্শ দেন। ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলেও শুরু হয়েছে জোর চর্চা।
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) বাড়ি বিতর্ক
শুক্রবার কালীঘাটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে তৃণমূল কাউন্সিলরদের সঙ্গে একটি বৈঠক ছিল। বৈঠক শেষে বেরিয়ে আসার সময় সাংবাদিকরা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) তাঁর বাড়ি নিয়ে পুরনিগমের নোটিস প্রসঙ্গে প্রশ্ন করেন। প্রথমে কোনও উত্তর না দিয়ে গাড়িতে উঠে পড়েন অভিষেক। গাড়ির কাচ তোলা ছিল। কিন্তু সাংবাদিকরা বারবার প্রশ্ন করতে থাকায় পরে তিনি কাচ নামান। তখন তিনি বলেন, “ধাক্কাধাক্কি করবেন না।”
এরপর সাংবাদিকদের উদ্দেশে অভিষেক (Abhishek Banerjee) বলেন, “কলকাতা পুরনিগমে গিয়ে আগে জিজ্ঞাসা করুন, অবৈধ অংশটা কোথায়।” একজন সাংবাদিক কিছু বলতে গেলে তাঁকে থামিয়ে দিয়ে আরও বলেন, “আগে জেনে আসুন, তারপর আমার কাছে উত্তর চাইবেন। কোন অংশ অবৈধ, সেটা আগে জানুন।”এই মন্তব্য করার পর তিনি গাড়ির কাচ তুলে দেন। ঘটনাটি নিয়ে দ্রুত রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়।
এই ইস্যুতে বিজেপিও তৃণমূলকে আক্রমণ করেছে। বিজেপির মুখপাত্র দেবজিৎ সরকার কটাক্ষ করে বলেন, এত বিতর্কের পর এখন এই ধরনের প্রশ্ন শুনে অভিষেক (Abhishek Banerjee) বিরক্ত হচ্ছেন। তাঁর দাবি, রাজনৈতিক প্রভাবের কারণেই এতদিন অনেক কিছু সম্ভব হয়েছে।

আরও পড়ুনঃ ফ্রি বাসে যেতে মহিলাদের সঙ্গে কী কী রাখতে হবে? ১ জুনের আগে জেনে নিন সব নিয়ম
অন্যদিকে, কালীঘাটের বৈঠকেও এই নোটিস প্রসঙ্গ ওঠে বলে জানা গিয়েছে। সূত্রের খবর, মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক (Abhishek Banerjee) দু’জনেই বলেন, শুধুমাত্র নোটিস পাঠিয়ে কোনও বাড়ি ভাঙা যায় না। নিয়ম মেনে শুনানির সুযোগ দিতে হয়। তাঁদের মতে, পুরো বিষয়টি যেভাবে করা হয়েছে, তা ঠিক নিয়ম মেনে হয়নি। বৈঠকে কাউন্সিলরদের উদ্দেশে মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, মানুষের পাশে থেকে কাজ করতে হবে। কোথাও বাধা এলে প্রতিবাদ করার কথাও জানান তিনি।













