রোহিত, কোহলিদের ক্লাবে ঢুকলেন অভিষেক শর্মা! নড়বড়ে টপ অর্ডারে হয়ে উঠলেন ভারতীয় দলের সবচেয়ে বড় ভরসা

Published on:

Published on:

Follow

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ আয়ারল্যান্ডের বিরুদ্ধে শোচনীয় সিরিজ হারের পর বর্তমানে ইংল্যান্ডের মাটিতে টি-টোয়েন্টি সিরিজ খেলতে ব্যস্ত ভারতীয় দল (Indian Cricket Team)। রোহিত শর্মা (Rohit Sharma), বিরাট কোহলিরা (Virat Kohli) এই ফরম্যাট থেকে অবসর ঘোষণার পর খুব একটা ভুগতে হয়নি মেন ইন ব্লুজ-দের। কিন্তু ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার পর যেন খেই হারিয়ে ফেলেছেন অভিষেক শর্মারা (Abhishek Sharma)। আইরিশদের বিরুদ্ধে ক্ষুদ্রতম ফরম্যাটে সিরিজ হারের লজ্জা যেন রাতের ঘুম উড়িয়ে দিয়েছে দলের ভক্তদের। তাই ইংল্যান্ডের বিরুদ্ধে (England vs India) আয়োজিত এই টি-টোয়েন্টি সিরিজ ভারতের কাছে নিজেদের পুরোনো গৌরব ফিরে পাওয়ার।

কিন্তু চেস্টার লি স্ট্রিটে বৃষ্টির কারণে সেই কাজটা সম্ভব হয়নি। টসে জিতে প্রথম ইনিংসে ভারত ১৮৯ রান স্কোরবোর্ডে তোলার পর বৃষ্টির কারণে আর মাঠে নামা সম্ভব হয়নি দুই দলের পক্ষেই। তবে প্রথম ইনিংসে পুরোনো ছন্দে ফেরার কিছুটা লক্ষণ দেখিয়েছে ভারতীয় দল। আয়ারল্যান্ডের বিরুদ্ধে শোচনীয় ব্যাটিং ব্যর্থতার পর ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচে শ্রেয়স আইয়ার, শিবম দুবেরা গুরুত্বপূর্ণ মুহূর্তে ভারতের ব্যাটিংকে সামলেছেন।

কিন্তু ভারতের ব্যাটিংকে বিপজ্জনক দেখানোর মূল কারণ ছিলেন ওপেনার অভিষেক শর্মা। টপ অর্ডারের বাকি ব্যাটাররা চূড়ান্ত ব্যর্থ হলেও ২০ বলে নিজের অর্ধশতরান সম্পূর্ণ করে অভিষেক বুঝিয়ে দিয়েছেন যে আয়ারল্যান্ড সিরিজে দলের ব্যর্থতা ইতিমধ্যেই তিনি মাথা থেকে উড়িয়ে দিয়েছেন। তার ২৪ বলে ৫৯ রানের ইনিংসটি শুরুতে পরপর উইকেট হারানো ভারতকে বেকায়দায় পড়তে দেয়নি।

আরও পড়ুন: গিলের কাছে শীর্ষস্থান খোয়ালেন কোহলি! বিশ্বকাপের আগে ICC র‍্যাঙ্কিংয়ে ভারতীয়দের জয়জয়কার

আর কাল একটি বিশেষ রেকর্ড গড়েছেন অভিষেক শর্মা। বল ফেস করার নিরীখে সবচেয়ে দ্রুততম ক্রিকেটার হিসেবে তিনি টি-টোয়েন্টি আন্তর্জাতিকে ১০০ ছক্কার গণ্ডি ছুঁয়েছেন। কেবলমাত্র পঞ্চম ভারতীয় ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টি ফরম্যাটে দেশের জার্সি গায়ে ১০০ ছক্কার গণ্ডি পেরোনোর বিরল কৃতিত্ব অর্জন করেছেন তিনি।

আরও পড়ুন: কোহলির সাথে বিশ্বকাপ জিততে চাইলে RCB কে অনুসরণ করুক গম্ভীর! বিস্ফোরক মন্তব্য বিশ্বজয়ী ভারতীয় উইকেটকিপারের

একনজরে দেখে নেওয়া যাক ভারতীয় দলের জার্সিতে টি-টোয়েন্টি ফরম্যাটে সবচেয়ে বেশি ছক্কা হাঁকানো ক্রিকেটারদের তালিকা:

◆ রোহিত শর্মা (২০৫)
◆ সূর্যকুমার যাদব (১৭৯)
◆ হার্দিক পান্ডিয়া (১২৬)
◆ বিরাট কোহলি (১২৪)
◆ অভিষেক শর্মা (১০২)