বাংলা হান্ট নিউজ ডেস্কঃ আগামী বছর আফ্রিকার মাটিতে আয়োজিত হবে ওডিআই বিশ্বকাপ (2027 ODI World Cup)। তার আগে ব্যাট হাতে দুরন্ত ছন্দে রয়েছেন ভারতীয় দলের (Indian Cricket Team) মহাতারকারা। ব্যাটারদের জন্য প্রকাশিত নতুন আইসিসি (ICC) ওডিআই ক্রমতালিকায় ভারতীয়দের মধ্যে শীর্ষস্থানে উঠে এসেছেন ভারত অধিনায়ক শুভমান গিল (Shubman Gill)। বিরাট কোহলির (Virat Kohli) হাত থেকে শীর্ষস্থান কেড়ে নিয়েছেন তিনি।
আফগানদের বিরুদ্ধে ভারতীয় দলের গত ওডিআই সিরিজে চোটের জন্য মাঠে নামতে পারেননি বিরাট কোহলি। আইপিএল ফাইনাল খেলার সময় পায়ের মাংসপেশিতে চোট পেয়েছিলেন এই তারকা ক্রিকেটার। ফলে তাকে নিয়ে কোনও ঝুঁকি নিতে চাননি নির্বাচকরা। সেই সুযোগ কাজে লাগিয়ে ভারত বনাম আফগানিস্থান সিরিজে অসাধারণ ব্যাটিং করে আইসিসি ক্রমতালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছেন গিল।

কোহলি গত বছরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওডিআই সিরিজে খুব একটা ভালো ছন্দে ছিলেন না। সিডনিতে আয়োজিত ওডিআইটি ছাড়া অন্য কোথাও রানের খাতাই খুলতে পারেননি তিনি। কিন্তু তারপর দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে ঝলসে উঠেছিল তার ব্যাট। দুই সিরিজেই শতরান করে ফের একবার ওডিআই ফরম্যাটে আইসিসি ক্রমতালিকার শীর্ষে পৌঁছেছিলেন বিরাট।
তারপর শুভমান গিল সদ্যসমাপ্ত ভারত বনাম আফগানিস্থান সিরিজের প্রথম ওডিআই ম্যাচে অপরাজিত ৮৪ এবং দ্বিতীয় ওডিআই ম্যাচে ১৫৪ রানের অভাবনীয় ইনিংস খেলেন। ফলস্বরূপ বিরাট কোহলিকে টপকে ব্যাটারদের ক্রমতালিকার দ্বিতীয় স্থান দখল করেন তিনি। আপাতত এই তালিকায় শীর্ষস্থানে রয়েছেন দুর্দান্ত ফর্মে থাকা নিউজিল্যান্ডের তারকা ব্যাটার ড্যারেল মিচেল।
আরও পড়ুন: শচীনের ক্লাবে প্রবেশ করলেন রোহিত! ২০২৭ বিশ্বকাপের আগে বড় ভরসা পেলো ভারত
অবশ্য শুধু কোহলি বা শুভমান নন, আইসিসি প্রকাশিত ক্রমতালিকায় প্রথম পাঁচের মধ্যে রয়েছেন রোহিত শর্মাও। শুধুমাত্র ৫০ ওভারের ফরম্যাটে আন্তর্জাতিক মঞ্চে ভারতের জার্সি গায়ে মাঠে নামা প্রাক্তন অধিনায়কের বর্তমান র্যাঙ্কিং ‘৪’। বছরের শুরুতে ফর্মে না থাকলেও গত বছর অস্ট্রেলিয়া সফর এবং দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজে ব্যাট হাতে রান পেয়েছিলেন তিনি। এতজন ভারতীয় মহাতারকার একসাথে আইসিসি ক্রমতালিকার শুরুর দিকে থাকাটা আরও একবার ভারতীয় দলের ভক্তদের আগামী বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখতে বাধ্য করছে।













