বাংলা হান্ট ডেস্কঃ বিজেপি ক্ষমতায় আসার পর থেকে কলকাতা সহ গোটা রাজ্যকে ঢেলে সাজানোর উদ্যোগ নেওয়া হয়েছে। শনিবার, স্বাধীনতা দিবসের এক অনুষ্ঠানে ‘কলকাতার মুখ’ ধর্মতলাকে দখলমুক্ত করার ডাক দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। এবার পার্ক স্ট্রিটও (Park Street) দখলমুক্ত করা হবে বলে ঘোষণা করলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul)।
পার্ক স্ট্রিটে আর থাকবে না কোনও হকার | (Agnimitra Paul)
শনিবার ধর্মতলা দখলমুক্ত করার ডাক দিয়েছেন শমীক। রবিবার পার্ক স্ট্রিট নিয়ে বড় ঘোষণা করেন রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা। তিনি জানান, পার্ক স্ট্রিট এলাকার রাস্তার সৌন্দর্যায়ন করা হবে, খালি করা হবে সমস্ত ফুটপাথ। কোনও হকার থাকবে না বলে জানিয়েছেন তিনি।
আরও পড়ুনঃ আশিস বন্দ্যোপাধ্যায়ের সুইসাইড নোটে TRDA দুর্নীতি প্রসঙ্গ! কী এই দুর্নীতি জানেন?
এদিন কলকাতা পুরসভার কমিশনার স্মিতা পান্ডেকে পাশে বসিয়ে অগ্নিমিত্রা বলেন, “শুধু ধর্মতলা নয়, পার্ক স্ট্রিটেও ফুটপাথ খালি করা হবে। পার্ক স্ট্রিটে চৌরঙ্গী থেকে সেভেন পয়েন্ট কানেকটর অবধি দু’পাশে কোনও হকার বসতে দেওয়া হবে না। যারা হকার রয়েছেন, তাঁদের কাছে আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি। তবে আপনারা অন্য জায়গায় বসুন।“
কেন এই সিদ্ধান্ত সেটাও জানিয়েছেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী। তিনি বলেন, পার্ক স্ট্রিট হল ‘কলকাতার জানলা’। সেই জায়গাকে সুন্দর করে সাজানো হবে। পেভমেন্ট করা হবে, আলো লাগানো হবে। এখানে কোনও হকার থাকবে না। হকারদের অন্য জায়গায় বসতে বলেছেন তিনি।

পার্ক স্ট্রিটের পাশাপাশি এদিন সকালে ল্যান্সডাউন বাজার পরিদর্শনে গিয়েও ফুটপাখ দখলমুক্ত করার নির্দেশ দেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী। বাজারের ঘিঞ্জি অবস্থা ও ফুটপাথ দখল করে বাজার বসতে দেখে ক্ষোভ উগড়ে দেন তিনি।
অগ্নিমিত্রা দোকানিদের নির্দেশ দেন, দু’দিনের মধ্যে ফুটপাথ ছেড়ে দিতে হবে। তিনি জানান, ফুটপাথের অন্তত দুই তৃতীয়াংশ ছাড়তে হবে। পাশাপাশি ঘোষণা করেন, ল্যান্সডাউন বাজার বড় করে তৈরি করা হবে। এরপর পার্ক স্ট্রিট নিয়েও বড় ঘোষণা করেন রাজ্যের মন্ত্রী।













