বাংলা হান্ট ডেস্কঃ ভোটের আগে পাহাড়ের রাজনীতি আবার চর্চার কেন্দ্রে। এদিন দার্জিলিংয়ের সভা থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) দাবি করে বলে, বিজেপি ক্ষমতায় এলে বহুদিনের অমীমাংসিত গোর্খা সমস্যার সমাধান করা হবে। একই সঙ্গে রাজ্য সরকারকে আক্রমণ করে তিনি অভিযোগ তুলেছেন, এতদিন ইচ্ছাকৃতভাবে এই সমস্যার সমাধান আটকে রাখা হয়েছে।
দার্জিলিংয়ের সভা থেকে বড় বার্তা অমিত শাহর (Amit Shah)
ভোটের শেষ মুহূর্তের প্রচারে মঙ্গলবার দার্জিলিং জেলার কার্শিয়াংয়ের সুকনায় সভা করেন অমিত শাহ (Amit Shah)। সেখান থেকেই তিনি বলেন, ৪ মে ভোটের ফল বেরোনোর পর যদি বিজেপি বড় জয় পায়, তাহলে খুব দ্রুত পাহাড়ে এসে গোর্খাদের সমস্যার সমাধানের উদ্যোগ নেওয়া হবে। তাঁর কথায়, ৬ মে-র মধ্যেই এমন সিদ্ধান্ত নেওয়া হবে যাতে পাহাড়ের মানুষ খুশি হন।
গোর্খাদের দীর্ঘদিনের দাবি নিয়ে বিজেপি ২০১৯ সালের লোকসভা ভোটের সময় থেকেই প্রতিশ্রুতি দিয়ে আসছে। কিন্তু বিরোধীদের অভিযোগ, এখনও পর্যন্ত বাস্তবে তেমন কোনও সমাধান হয়নি। যদিও সেই ইস্যু ভোটে খুব একটা প্রভাব ফেলেনি। দার্জিলিং লোকসভা কেন্দ্র থেকে বিজেপির রাজু বিস্তা জয়ী হন। এবার বিধানসভা ভোটের প্রচারেও সেই একই প্রতিশ্রুতি ফের শোনা গেল শাহের (Amit Shah) মুখে।
পাহাড়ের সমস্যার সমাধানের জন্য কেন্দ্র ইতিমধ্যেই এক জন মধ্যস্থতাকারী নিয়োগ করেছে। অবসরপ্রাপ্ত আইপিএস পঙ্কজকুমার সিংকে সেই দায়িত্ব দেওয়া হয়েছে। শাহ (Amit Shah) দাবি করেন, এই নিয়ে তিন বার বৈঠকের ডাক দেওয়া হলেও রাজ্যের তরফে কোনও প্রতিনিধি পাঠানো হয়নি। তাই বাধ্য হয়েই মধ্যস্থতাকারী বসানো হয়েছে। তাঁর কথায়, ওই মধ্যস্থতাকারী একটি রিপোর্ট তৈরি করবেন, আর বিজেপি ক্ষমতায় এলে সেই রিপোর্ট অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে।
এই ইস্যু নিয়েই আগে কেন্দ্র ও রাজ্যের মধ্যে সংঘাত চরমে ওঠে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রীকে চিঠি লিখে অভিযোগ করেছিলেন, রাজ্যের সঙ্গে আলোচনা না করেই একতরফাভাবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা যুক্তরাষ্ট্রীয় কাঠামোর পরিপন্থী। যদিও সেই আপত্তি সত্ত্বেও কেন্দ্র নিজেদের অবস্থান থেকে সরে আসেনি এবং মধ্যস্থতাকারীর কাজ চালিয়ে গিয়েছে।

আরও পড়ুনঃ শেষ মুহূর্তে কড়া নির্দেশিকা! কমিশনের কোন কথায় চাপে রাজ্য পুলিশ?
সভা থেকে শাহ (Amit Shah) আরও অভিযোগ করেন, এসআইআর প্রক্রিয়ার সময় তৃণমূলের লোকজন অনেক গোর্খার নাম ভোটার তালিকা থেকে বাদ দিয়েছে। বিজেপি ক্ষমতায় এলে সেই নামগুলি ফের তালিকায় তোলা হবে বলে তিনি আশ্বাস দেন। পাশাপাশি তিনি বলেন, বহু গোর্খার বিরুদ্ধে যে সব মামলা রয়েছে, বিজেপি সরকার গড়লে সেগুলিও প্রত্যাহার করা হবে।












