বাংলা হান্ট ডেস্কঃ অন্নপূর্ণা যোজনার (Annapurna Yojana) জন্য আবেদন করেছিলেন, কিন্তু এখনও অ্যাকাউন্টে টাকা আসেনি? অনেকের ক্ষেত্রেই আবেদনপত্রে নাম, আধার নম্বর বা অন্য কোনও তথ্য ভুল থাকার কারণে এই সমস্যা দেখা দিয়েছে। এবার সেই সমস্যার সমাধানে বড় পদক্ষেপ নেওয়া হয়েছে। আবেদনকারীরা নিজেদের ফর্মে থাকা ভুল তথ্য সংশোধন করার সুযোগ পাবেন। পাশাপাশি যাঁদের কিছু নির্দিষ্ট কারণে টাকা আটকে গিয়েছে, তাঁদের জন্যও নতুন নির্দেশিকা জারি করা হয়েছে।
অন্নপূর্ণা যোজনার (Annapurna Yojana) ফর্ম সংশোধনের সুযোগ
অন্নপূর্ণা যোজনার (Annapurna Yojana) আবেদন জমা দেওয়ার সময় অনেকেই অসাবধানতাবশত কিছু ভুল তথ্য দিয়ে ফেলেছিলেন। কারও নামের বানানে ভুল, কারও আধার নম্বরে গরমিল, আবার কারও রেশন কার্ডের তথ্য ঠিকমতো মেলেনি। এর জেরে অনেক আবেদন যাচাইয়ের সময় আটকে যায় এবং নির্ধারিত আর্থিক সাহায্যও পাননি বহু আবেদনকারী।
এই পরিস্থিতিতে আবেদনকারীদের জন্য ফর্ম সংশোধনের ব্যবস্থা করা হয়েছে। এর জন্য অন্নপূর্ণা যোজনার (Annapurna Yojana) সরকারি পোর্টালে গিয়ে রেজিস্টার্ড মোবাইল নম্বরের সাহায্যে ওটিপি দিয়ে লগ ইন করতে হবে। লগ ইন করার পর নিজের আবেদনের বর্তমান অবস্থা দেখা যাবে। কোথাও ভুল তথ্য থাকলে তা সংশোধন করা যাবে এবং প্রয়োজন হলে নতুন নথিও আপলোড করা যাবে। সব তথ্য ঠিক করার পর আবেদনটি আবার জমা দিতে হবে।
তবে শুধু তথ্যের ভুলই নয়, অন্য কারণেও অনেকের টাকা আটকে রয়েছে। নবান্ন সূত্রে জানা গিয়েছে, কিছু মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পুরুষ আত্মীয়ের নাম যুক্ত থাকায় সেই অ্যাকাউন্টে টাকা পাঠানো যায়নি। এমন ক্ষেত্রে সংশ্লিষ্ট আবেদনকারীদের নতুন করে আবেদন করতে হবে।
এদিকে রাজ্যের স্বাধীন ভারপ্রাপ্ত মন্ত্রী মালতী রাভা রায় জানিয়েছেন, সামান্য ভুলের কারণে যাতে কেউ প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত না হন, সেদিকে নজর রাখা হচ্ছে। যাঁদের আবেদন নিয়ে সমস্যা রয়েছে, সেগুলি আবার খতিয়ে দেখা হবে। প্রশাসনের আধিকারিকরা বাড়ি বাড়ি গিয়ে তথ্য যাচাইও করবেন।

আরও পড়ুনঃ ফের বাড়তে চলেছে মোবাইল রিচার্জের দাম! নতুন প্ল্যান কত হবে জানেন?
সরকারি সূত্রের দাবি, আগামী ১০ জুলাইয়ের মধ্যে আবেদন যাচাইয়ের কাজ শেষ করার চেষ্টা চলছে। এছাড়া অন্নপূর্ণা যোজনায় (Annapurna Yojana) আবেদন করার সুযোগ আগামী অগস্ট মাস পর্যন্ত খোলা থাকবে। ফলে যাঁদের আবেদন নিয়ে সমস্যা হয়েছে, তাঁদের কাছে এখনও সংশোধন ও পুনরায় আবেদন করার সুযোগ রয়েছে।













