বাংলা হান্ট ডেস্কঃ বিজেপির দেওয়া প্রতিশ্রুতি মতো অন্নপূর্ণা যোজনার (Annapurna Yojana) টাকা প্রতি মাসে ঢুকছে রাজ্যের মহিলাদের অ্যাকাউন্টে। সেপ্টেম্বর মাসে দেড় কোটিরও বেশি, অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার টাকা পৌঁছে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তবে এবারেও বঞ্চিত বহু। অভিযোগ এমনটাই।
মেলেনি টাকা, অন্নপূর্ণা যোজনা ঘিরে বিক্ষোভ | Annapurna Yojana
গত তিন মাসের পর সেপ্টেম্বর মাসেও অন্নপূর্ণা যোজনা নিয়ে বিতর্ক তুঙ্গে। চলতি মাসেও বহু যোগ্য আবেদনকারী এই প্রকল্প থেকে বঞ্চিত বলে অভিযোগ। যা নিয়ে চারিদিকে ক্ষোভ বাড়ছে। অন্নপূর্ণা যোজনা নিয়ে সমানে বিক্ষোভে নামছেন মহিলারা। অন্নপূর্ণা যোজনার টাকা না পেয়ে বৃহস্পতিবার বিডিও অফিসে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখান স্থানীয় মহিলারা।
ডুয়ার্সের মাটিয়ালি ব্লকের বিধাননগর গ্রাম পঞ্চায়েত এলাকার কিছু বাসিন্দা অন্নপূর্ণা থেকে বঞ্চিত বলে অভিযোগ। ক্ষোভে মাটিয়ালি বিডিও অফিসে নিজেদের দাবি-দাওয়া নিয়ে সরব হন তারা। তালা লাগিয়ে দেখানো হয় বিক্ষোভ। খবর পেয়ে মেটেলি থানার পুলিশ পৌঁছায়। পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। পরে মহিলারা নিজেরাই গেটের তালা খুলে দেন।
আন্দোলনকারী মহিলাদের অভিযোগ, তারা অনলাইন ও অফলাইন দু’ভাবেই অন্নপূর্ণা যোজনার ফর্ম জমা দেওয়ার পরও টাকা মিলছে না। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও অ্যাকাউন্টে কোনো টাকা জমা পড়েনি তাদের। ওই এলাকায় অন্য অনেকে অন্নপূর্ণার টাকা পেয়ে গেছেন। কিন্তু তারা বঞ্চিত। বারবার বিডিও অফিসে এসে খোঁজ নিয়েও কোনো লাভ হয়নি বলে অভিযোগ।

আরও পড়ুন: দলীয় কর্মীকে পদ পাইয়ে দেওয়ার নামে টাকা ‘আদায়’! গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক অজিত মাইতি
মহিলারা বিডিও অফিসে তালা ঝুলিয়ে দিলে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। পুলিশ আধিকারিকদের তরফে আন্দোলনকারী মহিলাদের সঙ্গে কথা বলে তাঁদের সমস্যার কথা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেওয়ার আশ্বাস দেওয়া হলে পরিস্থিতি শান্ত হয়। আন্দোলনকারীদের হুঁশিয়ারি, খুব শীঘ্রই অন্নপূর্ণা যোজনার বকেয়া টাকা না মিললে আগামী দিনে আরও বড় এবং তীব্র আন্দোলন হবে। সরকারি প্রকল্পের টাকা পাওয়া নিয়ে সাধারণ মানুষের এই ক্ষোভ ও বিক্ষোভকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।













