বাংলাহান্ট ডেস্ক: প্রায় তিন লক্ষ টাকা খরচ করে নতুন ফোল্ডেবল আইফোন (iPhone Duo) কিনেও স্বস্তিতে নেই কিছু গ্রাহক। ফোন হাতে পাওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই ডিসপ্লেতে ফাটল ধরার অভিযোগ সামনে আসতেই শুরু হয়েছে আলোচনা। অ্যাপলের (Apple) প্রথম ফোল্ডেবল ফোন ‘আইফোন ডুয়ো’ নিয়ে এমন অভিযোগ ঘিরে প্রযুক্তি মহলে তৈরি হয়েছে কৌতূহল। ইতিমধ্যেই বিষয়টি স্বীকার করে নিয়েছে মার্কিন প্রযুক্তি সংস্থাটি। তবে অ্যাপলের দাবি, এখনও পর্যন্ত খুব অল্প সংখ্যক ডিভাইসেই এই সমস্যা দেখা গিয়েছে। যেসব গ্রাহকের ফোনে ডিসপ্লে সংক্রান্ত ত্রুটি ধরা পড়বে, তাঁদের জন্য প্রতিস্থাপনের ব্যবস্থাও রাখা হয়েছে। ফলে বিপুল দাম দিয়ে কেনা এই নতুন ফোনের স্থায়িত্ব নিয়ে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে শুরু করেছে।
একের পর এক iPhone Duo-র স্ক্রিনে ‘ক্র্যাক’-এর অভিযোগে বড় সিদ্ধান্ত Apple-এর:
সোমবার অ্যাপলের তরফে জানানো হয়েছে, আইফোন ডুয়োর কয়েকটি ইউনিটের ভিতরের ডিসপ্লেতে সমস্যা দেখা দিয়েছে বলে তারা অবগত। সংস্থার এক প্রতিনিধির বক্তব্য অনুযায়ী, কোনও গ্রাহক ফোনের স্ক্রিনে ত্রুটি লক্ষ্য করলে অ্যাপলকেয়ার পরিষেবার সঙ্গে যোগাযোগ করতে পারেন। নির্দিষ্ট শর্ত ও প্রযোজ্য পরিষেবা নীতির আওতায় সমস্যাযুক্ত ডিভাইস বদলে দেওয়ার ব্যবস্থা করা হবে। অর্থাৎ, অভিযোগ সামনে আসার পর বিষয়টি এড়িয়ে না গিয়ে গ্রাহকদের সমস্যার সমাধানে পদক্ষেপ করার কথা জানিয়েছে সংস্থা। তবে ঠিক কতগুলি ফোনে এই সমস্যা হয়েছে, কিংবা এর পিছনে নির্দিষ্ট কোনও উৎপাদনগত ত্রুটি রয়েছে কি না, সে বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। ফলে নতুন আইফোনের ডিসপ্লে নিয়ে উদ্বেগ পুরোপুরি কাটেনি (iPhone)।
এই সমস্যা নিয়ে মূলত রেডিট এবং এক্সের মতো অনলাইন প্ল্যাটফর্মে অভিযোগ জানাচ্ছেন ব্যবহারকারীদের একাংশ। সেখানে ফোনের ডিসপ্লেতে ফাটল ধরার নানা দাবি সামনে এসেছে। তবে এই সংক্রান্ত সমস্ত ছবি বা পোস্টকে নির্ভরযোগ্য প্রমাণ হিসেবে ধরে নেওয়া যাচ্ছে না। অনলাইনে কিছু ভুয়ো ছবিও ছড়িয়ে পড়েছে বলে জানা গিয়েছে। এর মধ্যেই বিষয়টি খতিয়ে দেখেছে প্রযুক্তিপণ্য মেরামতের জন্য পরিচিত সংস্থা আইফিক্সিট। তাদের প্রাথমিক পর্যবেক্ষণে ফোনটির হিঞ্জ বা ভাঁজ করার যন্ত্রাংশের নকশা নিয়ে প্রশ্ন উঠেছে। আইফিক্সিটের সিইও কাইল ভিন্স এক্সে জানিয়েছেন, এই হিঞ্জ তৈরি হয়েছে বহু ছোট ছোট অংশ দিয়ে, যেগুলি অত্যন্ত নিখুঁতভাবে জোড়া লাগানো প্রয়োজন। উৎপাদনের সময় সামান্য ত্রুটি থেকে গেলেও সমস্যা তৈরি হতে পারে। এমনকী, ধুলোর একটি ক্ষুদ্র কণাও ভাঁজযোগ্য ডিসপ্লের মতো সংবেদনশীল অংশের ক্ষতি করতে পারে বলে তাঁর আশঙ্কা।
এক অস্ট্রেলীয় ব্যবহারকারীর অভিযোগ, ফোনটি হাতে পাওয়ার মাত্র ছয় ঘণ্টার মধ্যেই তাঁর ডিভাইসে সমস্যা দেখা দেয়। যদিও এমন অভিজ্ঞতা সব ব্যবহারকারীর ক্ষেত্রে ঘটছে, এমন কোনও প্রমাণ এখনও সামনে আসেনি। অন্যদিকে, ফোনটি ব্যবহার করে প্রথম দিকে অনেক গ্রাহকই এর বড় স্ক্রিন, মাল্টিটাস্কিংয়ের সুবিধা এবং ভিডিও দেখার অভিজ্ঞতার প্রশংসা করেছিলেন। ফোল্ডেবল ডিজাইনের কারণে একই সঙ্গে একাধিক কাজ করা কিংবা বড় পর্দায় কনটেন্ট দেখার সুবিধা এই ফোনের অন্যতম আকর্ষণ। তবে এখানেও রয়েছে কিছু সীমাবদ্ধতা। ব্যবহারকারীদের একাংশের দাবি, ফোনটির চওড়া ও বড় ডিসপ্লের সম্পূর্ণ সুবিধা নেওয়ার জন্য বহু অ্যাপ এখনও প্রয়োজনীয়ভাবে আপডেট করা হয়নি। ফলে হার্ডওয়্যারের অভিনবত্ব থাকলেও সফটওয়্যারের দিক থেকে আরও উন্নতির প্রয়োজন রয়েছে।

আরও পড়ুন: দীপাবলি ও ছটপুজোতে নিশ্চিন্তে সফর! যাত্রীদের ভিড় সামলাতে পরিষেবায় বড় চমক রেলের, জানুন এখনই
এই পরিস্থিতিতে সোমবার অ্যাপল জানিয়েছে, আইফোন ডুয়োর (iPhone) জন্য বিভিন্ন অ্যাপের আপডেট ইতিমধ্যেই শুরু হয়েছে। এর মাধ্যমে নতুন ডিভাইসটির বড় স্ক্রিনের সঙ্গে অ্যাপগুলিকে আরও ভালোভাবে মানিয়ে নেওয়ার চেষ্টা চলছে। তবে ডিসপ্লেতে ফাটল ধরার অভিযোগের সঙ্গে সফটওয়্যার আপডেটের সরাসরি কোনও সম্পর্ক রয়েছে কি না, তা স্পষ্ট নয়। সব মিলিয়ে, প্রায় তিন লক্ষ টাকা দামের এই ফোনকে ঘিরে যেমন আগ্রহ তৈরি হয়েছে, তেমনই প্রাথমিক সমস্যাগুলি নতুন করে প্রশ্ন তুলছে। ফোল্ডেবল ফোনের ক্ষেত্রে হিঞ্জের স্থায়িত্ব, ধুলো প্রতিরোধ এবং ডিসপ্লের দীর্ঘমেয়াদি কার্যকারিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অ্যাপল দ্রুত সমস্যার সমাধান করতে পারে কি না, এখন সেদিকেই নজর থাকবে গ্রাহকদের।














