রাজ্যে আসছে ৪০টি নতুন ভলভো বাস! কোন কোন রুটে চলবে ? জানালেন অর্জুন সিং

Published on:

Published on:

Arjun Singh reveals new Government volvo bus routes

বাংলা হান্ট ডেস্ক : রাজ্যের অন্যতম বৃহৎ ধর্মীয় সমাবেশ গঙ্গাসাগর মেলাকে ঘিরে ব্যস্ততা বাড়ছে প্রশাসনিক মহলে। প্রতিবছর মকর সংক্রান্তি উপলক্ষে সাগরদ্বীপে মানুষের যে ঢল নামে, তাতে যাতায়াত সামলানো রাজ্যের কাছে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। সেই ভিড়ের কথা মাথায় রেখেই এবার শুধু মেলার পরিকাঠামো নয়, দীর্ঘপথের সরকারি বাস পরিষেবাতেও নতুন পরিকল্পনা গ্রহণ করছে পরিবহন দফতর। রাজ্যে ৪০টি নতুন ভলভো বাস আনার সিদ্ধান্তের কথা জানিয়েছেন পরিবহনমন্ত্রী অর্জুন সিং (Arjun Singh)।

কী জানিয়েছেন পরিবহন মন্ত্রী (Arjun Singh)?

এক সাক্ষাৎকারে পরিবহন মন্ত্রী জানান, নতুন বাসগুলিকে একাধিক গুরুত্বপূর্ণ রুটে কাজে লাগানোর ভাবনা রয়েছে। বিশেষ করে ধর্মীয় তীর্থস্থানগুলির সঙ্গে যোগাযোগ বাড়ানোর দিকে নজর দেওয়া হচ্ছে। পরিবহনমন্ত্রী জানিয়েছেন, “৪০টি ভলভো বাস আনাচ্ছে রাজ্য। পুরী-সহ বিভিন্ন ধর্ম স্থানের ক্ষেত্রে এই বাস বেশি করে চালানো হবে। পুরীতে বাঙালিরা বেশি যান। সেদিকে আমরা বেশি গুরুত্ব দেব। পাশাপাশি, তারকেশ্বর থেকে পুরী, পুরী থেকে শিলিগুড়ি, তারকেশ্বর থেকে শিলিগুড়ি ইত্যাদি রুটে এই নতুন ভলভো বাস চালানোর পরিকল্পনা রয়েছে। কলকাতা থেকেও বিভিন্ন দিকের জন্য এই বাস ছাড়বে। আমরা চেইন করে দেব সরকারি বাসের।”

Arjun Singh reveals new  Government volvo bus routes

অন্যদিকে, মেলার প্রস্তুতি নিয়ে প্রশাসনিক তৎপরতাও তুঙ্গে। আগামী ১৪ নভেম্বর শনিবার গঙ্গাসাগরে গিয়ে বিভিন্ন কাজের বাস্তব পরিস্থিতি পর্যালোচনা করবেন মুখ্যসচিব মনোজ কুমার আগরওয়াল। নবান্ন সূত্রে খবর, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশেই এই পরিদর্শনের ব্যবস্থা করা হয়েছে। বিভিন্ন দফতরকে যে সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে, তার মধ্যে কাজ কতটা এগিয়েছে, সেই হিসাবই নেওয়া হবে এই সফরে।

আরও পড়ুন : রেলের টিকিটে RAC সিস্টেম এবার বন্ধ? উঠে আসছে বিকল্প ব্যবস্থার ভাবনা

প্রসঙ্গত, মেলা আয়োজনের প্রস্তুতি নিয়ে গত সপ্তাহে পূর্ত দফতরের টেন্টে সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসেছিলেন মুখ্যমন্ত্রী। সেখানে পূর্ত, সেচ এবং বিপর্যয় মোকাবিলা দফতরের শীর্ষ কর্তারা উপস্থিত ছিলেন। ওই বৈঠকে মুড়িগঙ্গা নদীতে পলি সরানোর কাজ দ্রুত শেষ করার উপর জোর দেওয়া হয়। পাশাপাশি, মেলা শুরু হওয়ার আগেই সড়ক ও অন্যান্য প্রয়োজনীয় পরিকাঠামোর কাজ সম্পূর্ণ করার নির্দেশ দেওয়া হয়েছে। মুখ্যসচিবের পরিদর্শনে মূলত যোগাযোগ ব্যবস্থার উন্নতি, পুণ্যার্থীদের যাতায়াতের সুবিধা এবং মেলা পরিচালনার জন্য তৈরি হওয়া বিভিন্ন পরিষেবার অবস্থা খতিয়ে দেখা হবে। প্রয়োজনে সংশ্লিষ্ট দফতরগুলিকে দ্রুত পদক্ষেপের নির্দেশও দেওয়া হতে পারে।