বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যে স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে বড় পরিবর্তন আনতে চলেছে আয়ুষ্মান ভারত (Ayushman Bharat) প্রকল্প। এতদিন স্বাস্থ্যসাথী প্রকল্পে পরিবারের জন্য একটি কার্ড থাকলেও এবার আয়ুষ্মান ভারতে বাড়ির প্রত্যেক সদস্যের জন্য আলাদা আলাদা কার্ড দেওয়া হবে। শুধু কার্ড সঙ্গে না থাকলেও আধার নম্বর দিয়েই হাসপাতালে মিলবে পরিষেবা। আগামী ১৬ আগস্ট থেকে রাজ্যে এই প্রকল্পের সূচনা হতে চলেছে।
Ayushman Bharat : আধার নম্বরেই মিলবে স্বাস্থ্য পরিষেবা, পরিবারের প্রত্যেকের জন্য আলাদা কার্ড
১৬ আগস্ট নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে রাজ্যে আয়ুষ্মান ভারত (Ayushman Bharat) প্রকল্পের সূচনা হবে। প্রথম ধাপে প্রায় ৩ হাজার উপভোক্তার হাতে আয়ুষ্মান ভারত কার্ড তুলে দেওয়া হবে। স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, স্বাস্থ্যসাথীর মতো পরিবারভিত্তিক একটি কার্ড নয়, আয়ুষ্মান ভারতে পরিবারের প্রত্যেক সদস্যের নামে আলাদা কার্ড তৈরি হবে। প্রশাসনের সাহায্যে বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হবে এই কার্ড। রাজ্যের প্রায় দেড় কোটি পরিবার এবং প্রায় ৬ কোটি মানুষ এই প্রকল্পের আওতায় আসতে পারেন বলে জানা গিয়েছে।
আয়ুষ্মান ভারতের (Ayushman Bharat) পাশাপাশি চালু হচ্ছে মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা যোজনাও। যাঁদের নাম আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায় থাকবে না, তাঁরা এই নতুন স্বাস্থ্যবিমা প্রকল্পের সুবিধা পাবেন। তবে এখনই বন্ধ হচ্ছে না স্বাস্থ্যসাথী। আগামী কয়েক মাস তিনটি প্রকল্পই পাশাপাশি চলবে। পরে পরিস্থিতি পর্যালোচনা করে স্বাস্থ্যসাথী ধাপে ধাপে প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হবে।
এই দুই প্রকল্পই আধার নম্বরের সঙ্গে যুক্ত থাকবে। ফলে হাসপাতালে ভর্তি হওয়ার সময় কেউ যদি ভুল করে আয়ুষ্মান বা স্বাস্থ্যবিমার কার্ড নিয়ে যেতে না পারেন, তাতেও সমস্যা হবে না। শুধুমাত্র আধার নম্বর দিলেই উপভোক্তার সমস্ত তথ্য বেরিয়ে যাবে এবং পরিষেবা পাওয়া যাবে। স্বাস্থ্য দপ্তর জানিয়েছে, আয়ুষ্মান ভারতে (Ayushman Bharat) শুধু হাসপাতালে চিকিৎসার খরচ নয়, ভর্তি হওয়ার আগের তিন দিন এবং হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পরের ১৫ দিনের খরচও অন্তর্ভুক্ত থাকবে।
আগামী রবিবারের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং স্বাস্থ্যমন্ত্রী ডা. শারদ্বত মুখোপাধ্যায় উপস্থিত থাকবেন। মুখ্যমন্ত্রী নিজেই প্রাথমিকভাবে কয়েক হাজার মানুষের হাতে কার্ড তুলে দেবেন। এই প্রকল্পে ৭০ বছরের বেশি বয়সি ব্যক্তিদের জন্য কোনও আলাদা যোগ্যতার শর্ত রাখা হচ্ছে না। বয়স ৭০ পেরোলেই তাঁরা কোনও বাধা ছাড়াই আয়ুষ্মান ভারতে (Ayushman Bharat) নাম নথিভুক্ত করতে পারবেন।

আরও পড়ুনঃ NRS-এ নার্সের রহস্যমৃত্যু, প্রাথমিক ময়নাতদন্ত রিপোর্টে উঠে এল কোন তথ্য? বাড়ছে প্রশ্ন
আয়ুষ্মান ভারত (Ayushman Bharat) প্রকল্পের জন্য কেন্দ্রের তরফে প্রায় ১ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এর মধ্যে ৬০ শতাংশ অর্থ দেবে কেন্দ্র এবং বাকি ৪০ শতাংশ বহন করবে রাজ্য সরকার। স্বাস্থ্য দপ্তরের তথ্য অনুযায়ী, আয়ুষ্মান পরিষেবা দেওয়ার জন্য রাজ্যে মোট ১,৯৩০টি হাসপাতাল প্রস্তুত রাখা হয়েছে। এর মধ্যে ১,৩০৩টি বেসরকারি এবং ৬২৭টি সরকারি হাসপাতাল রয়েছে।













