বাংলা হান্ট ডেস্কঃ বিধানসভা ভোটের আগে সামাজিক প্রকল্পগুলির দিকে যে রাজ্য সরকার বাড়তি নজর দেবে তেমনটাই মনে করা হচ্ছিল। সামনেই রাজ্য বাজেট, সেখানে লক্ষ্মীর ভাণ্ডার সহ একাধিক প্রকল্পের বরাদ্দ বাড়ানোর জল্পনা চলছে। এরই মধ্যে বাংলার বাড়ি প্রকল্পের (Banglar Bari) টাকা ছাড়তে চলেছে রাজ্য (West Bengal Government)। এমনটাই খবর মিললো।
বাংলার বাড়ি প্রকল্পে টাকা ছাড়ছে রাজ্য | Banglar Bari
‘বাংলার বাড়ি’ বা আবাস যোজনার অধীনে উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি অর্থ সাহায্য পাঠানোর প্রক্রিয়া আগামীকালই শুরু হয়ে যাবে বলে শোনা যাচ্ছে। সূত্রের খবর, আগামী ২৮শে জানুয়ারি মুখ্যমন্ত্রী হুগলি জেলার সিঙ্গুর থেকে আনুষ্ঠানিকভাবে এই প্রক্রিয়ার সূচনা করতে পারেন। সেইমতো জানুয়ারি মাসের শেষেই উপভোক্তাদের অ্যাকাউন্টে বাড়ি বানানোর প্রথম কিস্তির টাকা দেওয়া হবে।
জানা যাচ্ছে, এই দফায় মোট ২০ লক্ষ উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে প্রথম কিস্তির টাকা দেওয়া হবে। উল্লেখ্য, এই প্রকল্পের আওতায় উপভোক্তাদের দুই কিস্তিতে মোট ১ লক্ষ ২০ হাজার টাকা দেওয়া হয় বাড়ি বানানোর উদ্দেশে। প্রথম কিস্তিতে ৬০ হাজার, আবার দ্বিতীয় কিস্তিতেও ৬০ হাজার টাকা করে দেওয়া হয়।
দীর্ঘদিন ধরে যারা আবাসের অর্থ পাওয়ার অপেক্ষায় রয়েছেন তাদের কাছে পৌঁছে যাবে টাকা। আবার সরাসরি মুখ্যমন্ত্রীর কাছে জানানো আবেদনের ভিত্তিতেও বহু উপভোক্তাকে বেছে নিয়ে দেওয়া হচ্ছে টাকা। উল্লেখ্য, আগে মোট ১৬ লক্ষ ৫ হাজার পরিবারকে ঘর তৈরির টাকা দেওয়া হবে বলে পরিকল্পনা হলেও পরবর্তীতে নানা দিক বিবেচনা করে প্রকল্পের উপভোক্তাদের সংখ্যা বাড়ানো হচ্ছে। আওতায় আনা হচ্ছে আরও ৪ লক্ষ উপভোক্তাকে।

আরও পড়ুন: ‘এই সরকারকে উৎখাত করতে হবে, যেই সরকারই আসুক না কেন..,’ বিস্ফোরক সরকারি কর্মীদের নেতা
সব মিলিয়ে এখন প্রায় ২০ লক্ষ ৫ হাজার মানুষ এই প্রকল্পের সুবিধা পেতে চলেছেন বলে সূত্রের খবর। জানা যাচ্ছে, রাজ্য সরকারের ‘সরাসরি মুখ্যমন্ত্রী’ হেল্পলাইন নম্বরে ফোন করে যারা নিজেদের অভাব-অভিযোগের কথা জানিয়েছিলেন, তাদের মধ্য থেকে সবদিক যাচাই করে আরও ৪ লক্ষ উপভোক্তাকে এই প্রকল্পের আওতায় আনা হচ্ছে।
কারা টাকা পাবেন না?
যারা অতি সম্প্রতি ‘দুয়ারে সরকার’ ক্যাম্পের মাধ্যমে নতুন করে আবেদন করেছেন তাদের টাকা পাওয়ার সম্ভাবনা এই মুহূর্তে কম। পাশাপাশি যাদের বাড়ির সার্ভে বা ফিজিক্যাল ভেরিফিকেশন এখনো পর্যন্ত সম্পন্ন হয়নি তারাও এই মুহূর্তে টাকা পাবেন না।
যাদের ব্যাংক অ্যাকাউন্টে ১ টাকা ঢোকেনি বা আধার সংক্রান্ত কোনো মেসেজ ঢোকেনি ধরে নেওয়া যায় এই ধাপে তাদের বিষয়টি বিবেচনা করা হবে না।












