বাংলা হান্ট ডেস্কঃ অক্টোবর মাস পড়তেই যুবশক্তি ভরসা কার্ড তথা যুবশক্তি প্রকল্প (Banglar Yuva Shakti) নিয়ে চর্চা চরমে উঠেছে। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, শীঘ্রই বেকারভাতার (Bekar Bhata) ফর্ম ফিল আপ শুরু করতে পারে রাজ্য সরকার। এই আবহে এই প্রকল্পে আবেদনের জন্য কোন কোন নথি লাগবে, কীভাবে আবেদন করতে হবে জেনে নিন।
যুবশক্তি প্রকল্পের প্রয়োজনীয় নথি ও আবেদন পদ্ধতি | (Banglar Yuva Shakti)
তৃণমূল আমলের যুবসাথী ও যুবশ্রীর জায়গায় রাজ্যের বেকার যুবদের জন্য যুবশক্তি প্রকল্প এনেছে বিজেপি সরকার। এই প্রকল্পের মাধ্যমে স্নাতক পাশ বেকার যুবক যুবতীদের মাসে মাসে ৩ হাজার টাকা ও বাকিদের মাসে মাসে ২ হাজার টাকা করে দেওয়া হবে। তবে এই সুবিধা পাওয়ার জন্য বেশ কিছু শর্ত রয়েছে। সেগুলি পূরণ হলেই টাকা দেবে সরকার।
আরও পড়ুনঃ অন্নপূর্ণা যোজনা পেতে ভরসা সেবা সেতু ক্যাম্প! কোন কোন নথি সঙ্গে রাখতে হচ্ছে জানুন
এদিকে জানা গিয়েছে, যুবশক্তি প্রকল্পে আবেদনের জন্য ৭টি ডকুমেন্ট লাগবেই লাগবে। সেগুলি হল, আবেদনকারীর আধার কার্ড, ভোটার কার্ড, বার্থ সার্টিফিকেট, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, সর্বোচ্চ ডিগ্রির মার্কশিট, সর্বোচ্চ ডিগ্রির সার্টিফিকেট ও ব্যাঙ্ক পাসবই। পাশাপাশি আবেদনকারীর ছবিও দরকার হতে পারে।
জানা গিয়েছে, অন্নপূর্ণা যোজনার মতো যুবশক্তি প্রকল্পেও অনলাইন ও অফলাইন দু’ভাবেই আবেদনের ব্যবস্থা রাখা হবে। অনলাইনে আবেদনের জন্য যুবশক্তি পোর্টাল খোলা হবে। সেখানে প্রয়োজনীয় তথ্য ও নথি সহকারে আবেদন করা যাবে।
এছাড়া অফলাইনের ক্ষেত্রে স্থানীয় পুরসভা, কর্পোরেশন বা বিডিও অফিসে গিয়ে আবেদন করা যাবে। সেখানেও প্রয়োজনীয় নথি সহকারে ফর্ম ফিল আপ করে জমা করতে হবে। এরপর আধিকারিকরা সেই আবেদনপত্রের ভেরিফিকেশন করবেন। সবকিছু ঠিক থাকলে মাসে মাসে ২ হাজার বা ৩ হাজার টাকা করে দেওয়া হবে।

তৃণমূল আমলে রাজ্যের বেকার যুবদের জন্য যুবসাথী প্রকল্প শুরু হয়েছিল। সেই প্রকল্পের মাধ্যমে মাসে মাসে ১৫০০ টাকা করে দিত তৎকালীন রাজ্য সরকার। বিজেপি ক্ষমতায় আসতেই যুবশক্তি প্রকল্পের ঘোষণা হয়েছে। এই প্রকল্পের মাধ্যমে দ্বিগুণ ভাতা পাবেন রাজ্যের বেকার যুবরা।













