বাংলা হান্ট ডেস্ক: যুগের সঙ্গে তাল মিলিয়ে এবং যাত্রীদের সুষ্ঠুভাবে পরিষেবা প্রদানের লক্ষ্যে সর্বদা সচেষ্ট রয়েছে ভারতীয় রেল (Indian Railways)। ঠিক এই আবহেই একটি গুরুত্বপূর্ণ পরিসংখ্যান সামনে এসেছে। ইতিমধ্যেই রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব লোকসভায় জানিয়েছেন যে, দেশের প্রায় ৮৮ শতাংশ রেলের রিজার্ভ টিকিট এখন অনলাইনে বুক করা হয়। যেটি ডিজিটাল প্ল্যাটফর্মের ক্রমবর্ধমান জনপ্রিয়তার প্রমাণ হিসেবে বিবেচিত হচ্ছে। উল্লেখ্য যে, অনলাইন টিকেটিং সিস্টেমের রক্ষণাবেক্ষণ ও আধুনিকীকরণের জন্য IRCTC একটি কনভেনিয়েন্স ফিও ধার্য করে।
অনলাইন টিকিটের (Indian Railways) ক্ষেত্রে বড় পরিবর্তন:
টিকিট বুকিং-এ স্বচ্ছতা নিশ্চিত করতে এবং জালিয়াতি রোধ করতে সরকার নতুন নিয়ম চালু করেছে। ১ জুলাই, ২০২৫ থেকে, শুধুমাত্র আধার ভেরিফায়েড ব্যবহারকারীরাই ওয়েবসাইট বা অ্যাপের মাধ্যমে তৎকাল টিকিট বুক করতে পারবেন। এছাড়াও, জেনারেল রিজার্ভেশন এর প্রথম দিনে, অনলাইন টিকিট শুধুমাত্র আধার ভেরিফায়েড ব্যবহারকারীদের জন্য উপলব্ধ থাকবে। তবে, যেসব ব্যবহারকারী আধার লিঙ্ক করেননি, তাঁদের অ্যাকাউন্ট বন্ধ করা হয়নি।

অনলাইন বনাম কাউন্টার টিকিট: ২০২৫-২৬ সালের ফেব্রুয়ারি পর্যন্ত তথ্য অনুযায়ী, অনলাইন টিকিট বুকিং সুস্পষ্টভাবে এগিয়ে আছে। এই সময়কালে, প্রায় ৪৮.২৫ কোটি টিকিট অনলাইনে বুক করা হয়েছিল। যেখানে কাউন্টার থেকে মাত্র ৬.১৫ কোটি টিকিট কেনা হয়। এটি স্পষ্টভাবে ইঙ্গিত দেয় যে যাত্রীরা ক্রমবর্ধমানভাবে ডিজিটাল প্ল্যাটফর্মের দিকে ঝুঁকছেন।
ভুয়ো অ্যাকাউন্টের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: জানিয়ে রাখি যে, টিকিটে কালোবাজারি এবং জালিয়াতিপূর্ণ বুকিং রোধ করতে রেল একটি বড় অভিযান শুরু করেছে। ২০২৫ সালে, প্রায় ৩.০৪ কোটি ভুয়ো ইউজার আইডি ব্লক করা হয়েছে এবং ২.৯৪ কোটি অ্যাকাউন্ট সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। যার মধ্যে, ১ লক্ষ ৮০ হাজার অ্যাকাউন্ট পরে পুনরায় সক্রিয় করা হয়েছিল।
আরও পড়ুন: পানিহাটিতে ‘অভয়া’-র মা! উত্তরপাড়ায় দীপাঞ্জন চক্রবর্তী, বিজেপির তৃতীয় প্রার্থী তালিকায় বড় চমক
জালিয়াতি রোধের প্রযুক্তি: তৎকাল টিকিটের জালিয়াতিপূর্ণ বুকিং রোধ করতে আধার ভেরিফিকেশন বাধ্যতামূলক করা হয়েছে। যার ফলে একজন ব্যক্তির পক্ষে একাধিক ভুয়ো অ্যাকাউন্ট তৈরি করা কঠিন হয়ে পড়েছে। এছাড়াও, ওয়েবসাইটটিতে একটি কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক (CDN) ইনস্টল করা আছে এবং অ্যান্টি-বট প্রযুক্তির মাধ্যমে ৬৪ শতাংশ সন্দেহজনক ট্র্যাফিক ব্লক করা হয়। ইতিমধ্যেই রেল ৪.০৭ লক্ষ সন্দেহজনক পিএনআর শনাক্ত করেছে। যেগুলির বিষয়ে সাইবার ক্রাইম পোর্টালে ৪০৮ টি অভিযোগ দায়ের করা হয়েছে। এছাড়াও, ১৩,০২৩ টি সন্দেহজনক ইমেইল ডোমেইন ব্লক করা হয়েছে।
আরও পড়ুন: IPL-এর আগেই শুরু টক্কর! সরাসরি CSK-র উদ্দেশ্যে চ্যালেঞ্জ ছুঁড়লেন বৈভব, ব্যাপারটা কী?
স্বচ্ছতার দিকে পদক্ষেপ: সরকার জানিয়েছে যে, টিকিট ব্যবস্থাকে আরও স্বচ্ছ করার প্রক্রিয়া চলমান রয়েছে। একই সঙ্গে, ওয়েটিং টিকিট বাতিল করা হলেও আগের মতোই ক্লার্কেজ চার্জ প্রযোজ্য থাকবে।












