বাংলা হান্ট ডেস্কঃ পদ্মশ্রী সম্মান পাওয়ার পর টলিউড সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের (Prosenjit Chatterjee) বাড়িতে শনিবার দুপুরে হাজির হলেন বিজেপি নেতারা। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার (Sukanta Majumdar) ও অভিনেতা-রাজনীতিক রুদ্রনীল ঘোষ গিয়ে তাঁকে সম্মান জানান। এই সাক্ষাতের পর থেকেই টলিপাড়ায় শুরু হয়েছে নানা জল্পনা। অনেকেই ভাবছেন—এটা কি শুধুই সৌজন্য সাক্ষাৎ, নাকি এর পেছনে রয়েছে অন্য কোনও রাজনৈতিক ইঙ্গিত?
প্রসেনজিৎ (Prosenjit Chatterjee) কে অভিনন্দন জানাতেই সাক্ষাৎ বলে দাবি বিজেপি নেতৃত্বর
শনিবার বেলা ১২টা নাগাদ কলকাতার বালিগঞ্জে অবস্থিত প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের (Prosenjit Chatterjee) বাড়িতে যান কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার (Sukanta Majumdar) এবং বিজেপি নেতা ও অভিনেতা রুদ্রনীল ঘোষ। সম্প্রতি পদ্মশ্রী সম্মান পাওয়ার জন্য তাঁকে অভিনন্দন জানাতেই এই সাক্ষাৎ বলে দাবি করেছেন বিজেপি নেতৃত্ব। ফুলের তোড়া, উত্তরীয় এবং উপহার দিয়ে সম্মান জানানো হয় টলিউডের এই জনপ্রিয় অভিনেতাকে।
সূত্রের খবর, প্রসেনজিতের (Prosenjit Chatterjee) জন্য মিষ্টি নিয়ে গিয়েছিলেন সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। তবে অভিনেতা যে কঠোর ডায়েট মেনে চলেন, সে কথা জানিয়ে তিনি রসিকতা করে বলেন, “আপনি খাবেন না জানি, তবুও এনেছি।” মিষ্টির পাশাপাশি অভিনেতার হাতে তুলে দেওয়া হয় ড্রাই ফ্রুটস এবং অযোধ্যার রামলালার একটি মূর্তিও। এই সাক্ষাৎ সামনে আসতেই টলিপাড়ায় শুরু হয় জোর চর্চা। অনেকেই প্রশ্ন তুলতে শুরু করেন তাহলে কি এবার গেরুয়া শিবিরে যোগ দিতে চলেছেন প্রসেনজিৎ? তবে বিজেপি নেতৃত্ব স্পষ্ট জানিয়ে দিয়েছে, এটি ছিল সম্পূর্ণ সৌজন্যমূলক সাক্ষাৎ।
বাড়ি থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুকান্ত মজুমদার (Sukanta Majumdar) বলেন, “যাঁরা পদ্মশ্রী পান, তাঁদের সম্মান জানানো আমাদের কর্তব্য। এর সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই। প্রসেনজিতের সঙ্গে শুধু সিনেমা নিয়েই কথা হয়েছে।” তিনি আরও বলেন, “আমি তাঁর প্রায় সব সিনেমাই দেখেছি। কাকাবাবু সিরিজও দেখা। আজ শুধুই সিনেমা নিয়েই আলোচনা হয়েছে।”
প্রায় আধঘণ্টা ধরে প্রসেনজিতের (Prosenjit Chatterjee) বাড়িতে ছিলেন বিজেপি নেতারা। এর আগেও কয়েক বছর আগে বিজেপি নেতা অনির্বাণ গঙ্গোপাধ্যায় প্রসেনজিতের সঙ্গে দেখা করেছিলেন। তখনও অভিনেতার বিজেপিতে যোগ দেওয়া নিয়ে জল্পনা তৈরি হয়েছিল। তবে বাস্তবে তা হয়নি।

আরও পড়ুনঃ RAC টিকিটে যাত্রীদের ভাড়া ফেরতের দাবি, রেল মন্ত্রককে কড়া সুপারিশ PAC-এর
প্রসঙ্গত, চলতি বছর শিল্পকলায় বিশেষ অবদানের জন্য পদ্মশ্রী সম্মান পাচ্ছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee)। ছয় দশকের দীর্ঘ অভিনয়জীবনে তিনি বাংলা সিনেমাকে নতুন উচ্চতায় পৌঁছে দিয়েছেন। বলিউডেও কাজ করলেও বাংলা ইন্ডাস্ট্রিই তাঁর প্রধান কর্মক্ষেত্র হিসেবে থেকে গিয়েছে।












