বাংলা হান্ট ডেস্কঃ কলকাতার যানজট কমাতে এবং শহরতলির সঙ্গে দ্রুত যোগাযোগ ব্যবস্থা গড়ে তুলতে মেট্রো রেল সম্প্রসারণের কাজ জোরকদমে চলছে। দীর্ঘদিন ধরে বিভিন্ন লাইনে নির্মাণকাজ চললেও অর্থের অভাবে অনেক প্রকল্পের গতি ধীর হয়ে পড়েছিল। এবার সেই সমস্যার সমাধানে বড় পদক্ষেপ নিল কেন্দ্র সরকার। কেন্দ্রীয় বাজেটে (Budget 2026) কলকাতা মেট্রোর বিভিন্ন প্রকল্পের জন্য বিপুল অর্থ বরাদ্দ করা হয়েছে। কোন লাইনে কত টাকা বরাদ্দ হল, তার বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়েছে বাজেট ঘোষণায়।
কেন্দ্রীয় বাজেটে (Budget 2026) কলকাতা মেট্রো জন্য কত টাকা বরাদ্দ হয়েছে?
পার্পল লাইন: বর্তমানে জোকা থেকে মাঝেরহাট পর্যন্ত পার্পল লাইনে মেট্রো পরিষেবা চালু রয়েছে। মূল প্রকল্প অনুযায়ী এই লাইন জোকা থেকে এসপ্ল্যানেড হয়ে ইডেন গার্ডেন্স পর্যন্ত বিস্তৃত হবে। মাঝেরহাট থেকে এসপ্ল্যানেড পর্যন্ত অংশে এখন মাটির নিচে ও উপরে জোরকদমে কাজ চলছে। ইতিমধ্যেই টানেল বোরিং মেশিন নামিয়ে সুড়ঙ্গ খোঁড়ার কাজ শুরু হয়েছে। এই গুরুত্বপূর্ণ প্রকল্পের জন্য বাজেটে ৯০৬.৬০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।
অরেঞ্জ লাইন: কবি সুভাষ (নিউ গড়িয়া) থেকে বেলেঘাটা পর্যন্ত অরেঞ্জ লাইনে মেট্রো পরিষেবা চালু রয়েছে। ভবিষ্যতে এই লাইন কবি সুভাষ থেকে কলকাতা বিমানবন্দর (জয়হিন্দ) মেট্রো স্টেশন পর্যন্ত সম্প্রসারিত হবে। তবে চিংড়িঘাটায় কলকাতা পুলিশের আপত্তি এবং সেক্টর ফাইভের পরে জমি সংক্রান্ত জটিলতার কারণে কাজের গতি অনেকটাই ধীর হয়ে পড়েছে। এই লাইনের জন্য বাজেটে ৭০৫.৫০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।
গ্রিন লাইন: হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত গ্রিন লাইনে ইতিমধ্যেই মেট্রো পরিষেবা চালু রয়েছে। এই লাইনের পরিকাঠামো উন্নয়ন ও বাকি কাজ শেষ করার জন্য কেন্দ্রীয় বাজেটে ৫২৯ কোটি টাকা বরাদ্দের ঘোষণা করা হয়েছে।
ইয়েলো লাইন: নোয়াপাড়া থেকে কলকাতা বিমানবন্দর বা জয়হিন্দ মেট্রো স্টেশন পর্যন্ত ইয়েলো লাইনে বর্তমানে পরিষেবা চালু রয়েছে। ভবিষ্যতে এই লাইন বারাসত পর্যন্ত সম্প্রসারিত করার পরিকল্পনা রয়েছে। কিন্তু বিমানবন্দরের পরবর্তী অংশে জমি জটিলতার কারণে কাজের অগ্রগতি খুবই ধীর। এই লাইনের জন্য নির্দিষ্ট করে আলাদা বরাদ্দ ঘোষণা না হলেও মেট্রোপলিটন ট্রান্সপোর্টেশনের জন্য বরাদ্দ হওয়া ২৮৮৫ কোটি টাকার একটি অংশ ইয়েলো লাইনের কাজে ব্যবহার করা হবে বলে জানানো হয়েছে।

আরও পড়ুনঃ বাজেটে বাংলা বঞ্চিত নাকি লাভবান? মুখ্যমন্ত্রীর অভিযোগের পাল্টা জবাব দিয়ে শমীক ভট্টাচার্য বললেন…
সব মিলিয়ে বলা যায়, বাজেটে (Budget 2026) কলকাতা মেট্রোর জন্য এই বিপুল অর্থ বরাদ্দ শহরের যোগাযোগ ব্যবস্থাকে আরও আধুনিক ও গতিশীল করে তুলবে বলে আশা করা হচ্ছে।












