বাংলা হান্ট ডেস্কঃ প্রায় এক যুগ পর আবার নতুন করে আলোচনায় উঠে এল সারদা চিটফান্ড কেলেঙ্কারি। এতদিন ধরে চাপা পড়ে থাকা বিচারপতি শ্যামল সেন কমিশনের রিপোর্ট এবার প্রকাশ্যে আনার নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। ফলে বহুদিন ধরে গোপন থাকা আর্থিক হিসেব, নথি এবং কমিশনের পর্যবেক্ষণ সামনে আসতে পারে বলে মনে করা হচ্ছে।
১৩ বছর পর আবার হাই কোর্টে (Calcutta High Court) সারদা মামলা
১৩ বছর আগে সারদা চিটফান্ড কেলেঙ্কারি সামনে আসার পর গোটা রাজ্যে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছিল। ওই ঘটনার তদন্ত এবং আমানতকারীদের টাকা ফেরানোর উদ্দেশ্যে ২০১৩ সালে রাজ্য সরকার অবসরপ্রাপ্ত বিচারপতি শ্যামল সেন-এর নেতৃত্বে একটি কমিশন গঠন করে। রাজ্য সরকারের ঘোষণা করা ৫০০ কোটির তহবিল থেকে ওই কমিশন প্রায় ২২৫ কোটি টাকা আমানতকারীদের ফেরত দেয়। পরে কমিশনের কাজ শেষ হলে সেই তহবিলে বাকি থাকা অর্থ এবং সমস্ত আর্থিক হিসেব-নিকেশ রাজ্য সরকারের কাছে পাঠিয়ে দেওয়া হয়। একই সঙ্গে তার একটি প্রতিলিপি জমা পড়ে কলকাতা হাইকোর্টেও (Calcutta High Court)। তবে এতদিন সেই রিপোর্ট প্রকাশ্যে আনা হয়নি।
এই রিপোর্ট প্রকাশের দাবিতে আদালতে মামলাও দায়ের হয়। সেই মামলার শুনানিতে বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ ও বিচারপতি উদয় কুমার-এর ডিভিশন বেঞ্চ নির্দেশ দেয়, হাই কোর্টের (Calcutta High Court) কাছে থাকা শ্যামল সেন কমিশনের রিপোর্ট মামলার সব পক্ষকে দিতে হবে। ফলে কমিশনের বক্তব্য, পর্যবেক্ষণ এবং সুপারিশ এবার প্রকাশ্যে আসার সম্ভাবনা তৈরি হয়েছে।
আমানতকারীদের আইনজীবী শুভাশিস চক্রবর্তী ও অরিন্দম দাস জানান, এতদিন পরে এই রিপোর্ট সামনে এলে সারদা কেলেঙ্কারি সংক্রান্ত কমিশনের বিস্তারিত মতামত জানা যাবে। সেই অনুযায়ী ভবিষ্যতে এই রিপোর্টকে ভিত্তি করে মামলার পরবর্তী পদক্ষেপ নেওয়া সম্ভব হবে বলেও মনে করছেন তারা।
এদিন আদালতে চিটফান্ড সংক্রান্ত মামলাগুলিতে CBI ও ED-র আইনজীবীদের অনুপস্থিতি নিয়েও অসন্তোষ প্রকাশ করে ডিভিশন বেঞ্চ। বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ বলেন, চিটফান্ড সংক্রান্ত বিভিন্ন সংস্থার তদন্ত এখন এই দুই কেন্দ্রীয় সংস্থার হাতেই রয়েছে এবং প্রয়োজনীয় নথিও তাদের কাছেই আছে। অথচ আদালতের নজরে এসেছে, প্রায় ৯০ শতাংশ মামলায় তাদের আইনজীবীরা হাজির থাকছেন না। এই পরিস্থিতি নিয়ে কেন্দ্রের এক আইনজীবীকে সতর্ক করে আদালত জানায়, বিষয়টি ASG-কে জানাতে হবে।

আরও পড়ুনঃ ভোটের দিন ঘোষণা কবে? সম্ভাব্য ইঙ্গিত দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়
ভবিষ্যতেও যদি একইভাবে অনুপস্থিতি চলতে থাকে, তাহলে আদালত (Calcutta High Court) বাধ্য হয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। অন্যদিকে, রাজ্যে বিধানসভা নির্বাচনের আবহে শ্যামল সেন কমিশনের রিপোর্ট প্রকাশ্যে এলে তার রাজনৈতিক প্রভাব কী হতে পারে, তা নিয়েও ইতিমধ্যেই আলোচনা শুরু হয়েছে বিভিন্ন মহলে।












