বাংলা হান্ট ডেস্কঃ কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) জোর ধাক্কা খেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিএ। আগাম জামিনের আর্জি জানিয়ে উচ্চ আদালতের দ্বারস্থ হয়েছিলেন সুমিত রায় (Sumit Roy)। তাঁর সেই আবেদন খারিজ করে বড় নির্দেশ দিলেন বিচারপতি জয় সেনগুপ্ত।
কী নির্দেশ দিয়েছে হাইকোর্ট? | (Calcutta High Court)
সুমিতের হয়ে আগাম জামিনের আবেদন জানিয়ে আগেই হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন তাঁর আইনজীবী। দ্রুত শুনানির আবেদনও জানানো হয়েছিল। বিচারপতি সেনগুপ্ত মামলা দায়ের করার অনুমতি দিলেও দ্রুত শুনানির আর্জি খারিজ করে দিয়েছিলেন। এবার আগাম জামিনের আবেদনও খারিজ করে দেওয়া হল।
আরও পড়ুনঃ কাজে লাগবে না আধার কার্ড, ভোটার কার্ড, পাসপোর্ট! নাগরিকত্ব প্রমাণে কোন নথি ভরসা জানুন
বৃহস্পতিবার এই মামলার শুনানিতে মামলাকারী সুমিতের আইনজীবী দাবি করেন, তৃণমূলের জেনারেল সেক্রেটারির বাড়ি, দলীয় কার্যালয়ে তল্লাশি চালানো হয়েছে। রাজনৈতিক কারণে তাঁর মক্কেলকে ধরার চেষ্টা করা হচ্ছে। সুমিত যদি টাকা নিয়ে থাকেন, তাহলে তাঁর ব্যাঙ্কের যাবতীয় স্টেটমেন্ট দেখা হোক বলেও দাবি করেছেন তাঁর আইনজীবী।
সরকারি আইনজীবী পাল্টা বলেন, মূল অভিযুক্তের কাছে টাকা যেত একথা ড্রাইভার জানিয়েছে। অভিযুক্তের বাড়ি থেকে ভুয়ো ডিড উদ্ধার হয়েছে। উভয় পক্ষের সওয়াল-জবাব শোনার পর সুমিতের আগাম জামিনের আবেদন খারিজ করে দেয় আদালত। বিচারপতি সেনগুপ্তর নির্দেশ, আগামী সোমবার যাবতীয় তথ্য হলফনামা আকারে আদালতে জমা করতে হবে।
এই বিষয়ে বিচারপতির পর্যবেক্ষণ, “মাত্র একটি ঘটনা নয়। ৩০০টা প্লট। একাধিক ব্যক্তি যুক্ত রয়েছেন। একজনের থেকে ১০ লক্ষ টাকা নেওয়া হয়েছে”।
এদিকে জমি দুর্নীতি মামলায় ধৃত প্রাক্তন বিধায়ক সুজয় হাজরাকে জিজ্ঞাসাবাদ করে সুমিতের নাম উঠে আসে। তাঁর নামে ভোটে প্রার্থী করার নামে তোলাবাজি, চাকরির প্রতিশ্রুতি দিয়ে লক্ষ লক্ষ টাকা নেওয়ার মতোও অভিযোগ উঠেছে।

জানা গিয়েছে, অভিষেকের পিএ-র বিরুদ্ধে জমি দুর্নীতির অভিযোগ তুলে এক ব্যক্তি শালবনি থানায় অভিযোগ দায়ের করেছেন। তাঁর ভিত্তিতে সুমিতের খোঁজ শুরু করে পুলিশ। ওই ব্যক্তির অভিযোগ, জমি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তাঁর থেকে ১০ লক্ষ টাকা নিয়েছিলেন সুমিত। কিন্তু তাঁকে কোনও জমি দেননি। ভুয়ো দলিল কিংবা ডিড বানিয়ে এভাবে অনেকের থেকেই টাকা নেওয়া হয়েছে বলে অভিযোগ।
সম্প্রতি সুমিতের খোঁজে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে হানা দিয়েছিল শালবনি থানার পুলিশ। তালা ভেঙে ভিতরে ঢুকে তল্লাশি চালালেও সুমিতকে পাওয়া যায়নি। ইতিমধ্যেই অভিষেকের পিএ-র বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। এবার হাইকোর্টেও স্বস্তি পেলেন না তিনি।













