বাংলা হান্ট ডেস্কঃ ফের প্রশ্নের মুখে স্কুল সার্ভিস কমিশন (School Service Commission)। কমিশনের পোর্টালে পরীক্ষার্থীর নাম, বয়স এবং অন্যান্য তথ্যে ভুল হলে তা সংশোধনের সুযোগ থাকলেও সেই সুযোগ থাকে না শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে। এই নিয়ে হাইকোর্টে (Calcutta High Court) মামলা দায়ের করেছিলেন এক পরীক্ষার্থী। অভিযোগ ছিল, এসএসসি পরীক্ষায় পাশ করলেও মাত্র এক নম্বরের ফারাকের কারণে প্যানেলে তাঁর নাম ওঠেনি।
ভুল শোধরানোর সুযোগ নেই, রিপোর্ট তলব হাইকোর্টের | Calcutta High Court
বৃহস্পতিবার এই সংক্রান্ত মামলা হাইকোর্টে উঠলে বিচারপতি অমৃতা সিনহা এসএসসি’র রিপোর্ট তলব করেছেন। মামলাকারী পক্ষের আইনজীবী আদালতে জানান, SSC (এসএলএসটি) ২০২৫ সালের দ্বিতীয় পরীক্ষায় বসার জন্য পোর্টালে তথ্য আপলোড করতে গিয়ে প্রাপ্ত নম্বরের জায়গায় ভুলবশত ভুল নম্বর লিখে ফেলেন তাঁর মক্কেল। এই নিয়েই হয় সমস্যা।
আইনজীবী জানান, অ্যাকাডেমিক মার্কসে স্নাতকোত্তরে মোট ৬০০ অর্থাৎ ৬০ শতাংশ নম্বর পেয়েছিলেন ওই পরীক্ষার্থী৷ কিন্তু ভুলবশত অনলাইনে আবেদনের সময় এসএসসি’র পোর্টালে ৫৯৪ লিখে ফেলেন ওই পরীক্ষার্থী৷ নিজের ভুলের কারণেই প্যানেলে অন্তর্ভুক্তির সুযোগ পাননি তিনি। ভুল তথ্য দেওয়ার কারণে অ্যাকাডেমিক স্কোরে ১০ এর বদলে ৮ পেয়েছেন তিনি ৷ কাট-অফ মার্কস পাননি। তার থেকে ১ নম্বর কম হয়। তাই ইন্টারভিউতেও ডাক পাননি ওই পরীক্ষার্থী৷ কাট-অফ মার্কস ছিল ৫২ আর ভুল তথ্য দেওয়ার কারণে তিনি পেয়েছেন ৫১।
আবেদনকারীর অভিযোগ অন্যান্য ক্যাটেগরিতে সংশোধনের সুযোগ থাকলেও অ্যাকাডেমিক মার্কসের ক্ষেত্রে এডিটের অপশন না পাওয়ায় ভুল ঠিক করতে পারেন নি। ভুল করেছেন বুঝতে পেরে সঙ্গে সঙ্গেই ওই পরীক্ষার্থী এসএসসি’র সঙ্গে যোগাযোগ করেছিলেন। এসএসসি সবটা শুনে জানায়, এডিটের অপশন না-থাকায় তাদের পক্ষে কিছু করা সম্ভব নয়।

আরও পড়ুন: খিচুড়ি কেন মনের মতো সুস্বাদু হয় না? রান্নার সময় চাল-ডালের অনুপাতে এই ভুল করছেন না তো?
মামলাকারীর দাবি, তাঁকে ড্রপ বক্সে তাঁর অভিযোগ জমা দেওয়ার পরামর্শ দেয় এসএসসি৷ সাথেই জানানো হয়েছিল পরে ভুল শুধরে নেওয়া হবে। কিন্তু ফলাফল প্রকাশের পর পরীক্ষার্থী দেখতে পান ভুল সংশোধন করা হয়নি। এদিকে কমিশন জানিয়েছে, যেহেতু ইন্টারভিউ নেওয়ার চূড়ান্ত তালিকা তৈরি হয়ে গিয়েছে তাই এখন আর কোনও পরীক্ষার্থীকে সংশোধনের সুযোগ দেওয়া যাবে না। সবশেষে স্কুল সার্ভিস কমিশনের রিপোর্ট তলব করেছে হাইকোর্ট।












