বাংলাহান্ট ডেস্ক: দেশের (India) গুরুত্বপূর্ণ খনিজ সম্পদের জোগান নিশ্চিত করতে বড় পদক্ষেপ করল কেন্দ্রীয় সরকার (Central Government of India)। এবার থেকে বিদেশে রফতানি করা যাবে না লিথিয়াম আয়ন ব্যাটারির (Lithium-ion Battery Export) বিশেষ উপাদান ‘ব্ল্যাক মাস’। ব্যাটারি বর্জ্য থেকে মূল্যবান খনিজ পুনরুদ্ধার এবং দেশের রিসাইক্লিং শিল্পকে আরও শক্তিশালী করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাণিজ্য মন্ত্রকের অধীন ডিরেক্টরেট জেনারেল অব ফরেন ট্রেড (DGFT) সম্প্রতি এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছে। নতুন নির্দেশিকা অনুযায়ী, নির্দিষ্ট ধরনের বাছাই না করা ব্যাটারি বর্জ্য রফতানিও নিষিদ্ধ করা হয়েছে। আগে এই উপাদানগুলি অবাধে বিদেশে পাঠানোর অনুমতি ছিল। তবে এবার সেগুলিকে নিষিদ্ধ তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। নির্দেশিকাটি অবিলম্বে কার্যকর হয়েছে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল থাকবে।
লিথিয়াম ব্যাটারির (Lithium-ion Battery Export) বিশেষ উপাদান রফতানিতে নিষেধাজ্ঞা কেন্দ্রের:
কিন্তু কী এই ‘ব্ল্যাক মাস’? আসলে ব্যবহারের অযোগ্য লিথিয়াম আয়ন ব্যাটারি (Lithium-ion Battery Export) ভেঙে বা ব্যাটারি তৈরির সময় যে কালো রঙের গুঁড়ো পদার্থ পাওয়া যায়, তাকেই ব্ল্যাক মাস বলা হয়। এর মধ্যে লিথিয়াম, কোবাল্ট, নিকেল এবং ম্যাঙ্গানিজের মতো অত্যন্ত মূল্যবান খনিজ থাকে। বিশেষ প্রক্রিয়ায় এই উপাদানগুলি পুনরুদ্ধার করে নতুন ব্যাটারি তৈরিতে ব্যবহার করা সম্ভব। ফলে ফেলে দেওয়া ব্যাটারিও কার্যত মূল্যবান সম্পদের উৎস হয়ে উঠতে পারে।
বর্তমানে বৈদ্যুতিক গাড়ি, আধুনিক ব্যাটারি, বিদ্যুৎ সঞ্চয় ব্যবস্থা, ইলেকট্রনিক্স এবং পুনর্নবীকরণযোগ্য শক্তির ক্ষেত্রে এই খনিজগুলির চাহিদা ক্রমশ বাড়ছে। অথচ প্রয়োজনীয় খনিজের বড় অংশের জন্য এখনও বিদেশের উপর নির্ভর করতে হয় ভারতকে। অন্যদিকে, দেশে ব্যাটারি রিসাইক্লিংয়ের পরিকাঠামো এবং খনিজ পুনরুদ্ধারের ক্ষমতা বাড়লেও পর্যাপ্ত কাঁচামালের অভাবে সেই ব্যবস্থার পুরোপুরি সদ্ব্যবহার করা যাচ্ছে না।
কেন্দ্রের মতে, দেশের উৎপাদিত ব্ল্যাক মাস বিদেশে চলে যাওয়ায় দেশীয় রিসাইক্লিং সংস্থাগুলি প্রয়োজনীয় কাঁচামাল পাচ্ছে না। এমনকি অনেক সংস্থাকে উল্টে বিদেশ থেকে ব্যাটারি বর্জ্য বা প্রয়োজনীয় উপাদান আমদানি করতে হচ্ছে। এই পরিস্থিতি বদলাতেই রফতানিতে নিষেধাজ্ঞার সিদ্ধান্ত। এর ফলে দেশের মধ্যেই ব্যাটারি বর্জ্য থেকে গুরুত্বপূর্ণ খনিজ সংগ্রহের সুযোগ বাড়বে এবং আমদানির উপর নির্ভরতা কমানো সম্ভব হবে।

আরও পড়ুন: সাধারণ মানুষের কাছে সরকারি পরিষেবা দ্রুত পৌঁছে দিতে কড়া পদক্ষেপ নিল রাজ্য
সরকারের এই পদক্ষেপের পিছনে রয়েছে দীর্ঘমেয়াদি অর্থনৈতিক ও পরিবেশগত পরিকল্পনাও। ব্যাটারি (Lithium-ion Battery Export) বর্জ্য পুনর্ব্যবহারের মাধ্যমে নতুন করে খনি থেকে খনিজ উত্তোলনের প্রয়োজন কমবে। পাশাপাশি চক্রাকার অর্থনীতি এবং ‘আরবান মাইনিং’-এর মতো উদ্যোগও গতি পাবে। অর্থাৎ, শহর ও শিল্পক্ষেত্রে জমে থাকা পরিত্যক্ত পণ্য থেকেই ভবিষ্যতের প্রয়োজনীয় কাঁচামাল সংগ্রহের পথ আরও প্রশস্ত হবে। সব মিলিয়ে বৈদ্যুতিক গাড়ি ও ব্যাটারি শিল্পে আত্মনির্ভর হওয়ার লক্ষ্যেই কেন্দ্রের এই সিদ্ধান্তকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।












