পরপর এনকাউন্টার, এবার কড়া বার্তা শুভেন্দুর! ধর্ষক-খুনিদের উদ্দেশে কী বললেন মুখ্যমন্ত্রী?

Published on:

Published on:

CM Suvendu Adhikari speaks about encounter

বাংলা হান্ট ডেস্ক : পুলিশের উপর হামলা চালিয়ে পালিয়ে বাঁচা যে সহজ হবে না, অপরাধীদের উদ্দেশে এবার সেই বার্তাই দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। শান্তিনিকেতনে কর্তব্যরত পুলিশকর্মীর উপর গুলিচালনার ঘটনার পর অভিযুক্ত রতন শেখের মৃত্যু ঘিরে তোলপাড় শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে। রবিবার গ্রেপ্তারির খবর প্রকাশ্যে আসার পর কয়েক ঘণ্টার মধ্যেই পুলিশের অভিযানে তার মৃত্যু হয়। এই ঘটনাকে কেন্দ্র করে অপরাধ দমনে সরকারের অবস্থান আরও একবার স্পষ্ট করেছেন মুখ্যমন্ত্রী।

এনকাউন্টার প্রসঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)

শুক্রবারের ঘটনার সূত্রপাত একটি গোপন খবরকে কেন্দ্র করে। পুলিশের কাছে খবর পৌঁছয়, রতন শেখ নামে এক অভিযুক্ত শান্তিনিকেতনের লাইক বাজার এলাকায় ঘোরাফেরা করছে। তাকে পাকড়াও করার পরিকল্পনা করে প্রান্তিক আউট পোস্টের পুলিশ। এরপর সাদা পোশাকে মোটরবাইকে চেপে তিনজন পুলিশকর্মী সেখানে পৌঁছন। অভিযুক্তের কাছাকাছি পৌঁছেও যান তাঁরা। কিন্তু তাকে আটক করার আগেই পরিস্থিতি ভয়াবহ হয়ে ওঠে। অভিযোগ, নিজের আগ্নেয়াস্ত্র থেকে পুলিশকে লক্ষ্য করে গুলি চালায় রতন। সেই গুলিতে কনস্টেবল বিশ্বজিৎ দাসের পায়ে গুরুতর আঘাত লাগে।

CM Suvendu Adhikari speaks about encounter

আহত অবস্থায় ওই পুলিশকর্মীকে তড়িঘড়ি বোলপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনার গুরুত্ব বুঝে শনিবার রাতে তাঁকে দেখতে হাসপাতালে উপস্থিত হন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখান থেকেই অভিযুক্তের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের ইঙ্গিত দিয়ে তিনি বলেছিলেন, “পুলিশকর্মীর রক্ত বৃথা যাবে না।” এরপর রবিবার দুপুরে রতন শেখের গ্রেপ্তারির খবর সামনে আসে। কিন্তু তার কয়েক ঘণ্টা কাটতে না কাটতেই নতুন করে উত্তেজনা ছড়ায়। নানুরের চারকল গ্রামের কাছে একটি ইটভাটার এলাকায় পুলিশের সঙ্গে সংঘর্ষে মৃত্যু হয় রতনের।

আরও পড়ুন : হঠাৎই ফেসবুকে ‘এনগেজড’ দেবাংশু! কাকে জীবনসঙ্গী করতে চলেছেন তৃণমূলের এই নেতা?

এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রীর বক্তব্যও যথেষ্ট তাৎপর্যপূর্ণ। তিনি বলেন, “বাংলায় ধর্ষক, খুনিদের কোনও জায়গা নেই। পুলিশকে গুলি করলে, যা করার সেটাই করবে। গুণ্ডারা বাংলাদেশ পালাও। এখানে থাকলে যা করার তাই করব।” একইসঙ্গে তিনি বুঝিয়ে দিয়েছেন, অপরাধীদের বিরুদ্ধে অভিযানের সময় পুলিশকে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা দেওয়া হয়েছে। ঘটনাস্থলের পরিস্থিতি বিচার করেই পরবর্তী পদক্ষেপ ঠিক করবে বাহিনী।

প্রসঙ্গত, ক্ষমতার পরিবর্তনের পর একাধিক এনকাউন্টারের ঘটনা সামনে এসেছে। শান্তিনিকেতনের সাম্প্রতিক ঘটনাটি সেই ধারাবাহিকতায় নতুন সংযোজন। রাজ্যে পালাবদলের পর এই নিয়ে মোট পাঁচটি এনকাউন্টারের ঘটনা ঘটেছে।