SIR দায়িত্বের চাপে মাধ্যমিক পরিচালনা সম্ভব? জবাব দিল নির্বাচন কমিশন

Published on:

Published on:

Concern Over SIR Duties as Madhyamik Exams Begin Next Week
Follow

বাংলা হান্ট ডেস্কঃ আগামী সপ্তাহে রাজ্যজুড়ে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা। কিন্তু ঠিক এই সময়েই রাজ্যজুড়ে চলছে ভোটার তালিকার নিবিড় পরিমার্জনের কাজ (SIR)। এই কাজের জন্য বহু শিক্ষক-শিক্ষিকা বর্তমানে এসআইআর-এর দায়িত্বে নিযুক্ত রয়েছেন। শুধু শিক্ষক-শিক্ষিকারাই নন, স্কুল পরিদর্শকদেরও এই কাজে যুক্ত করেছে নির্বাচন কমিশন। তাঁদের অ্যাসিস্ট্যান্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসার বা এইআরও (AERO) হিসেবে নিয়োগ করা হয়েছে। এই পরিস্থিতিতেই প্রশ্ন উঠছে, একদিকে পরীক্ষার দায়িত্ব, অন্যদিকে নির্বাচন সংক্রান্ত কাজ, দু’টি গুরুত্বপূর্ণ কাজ একসঙ্গে কীভাবে সামাল দেওয়া সম্ভব হবে?

এসআইআর (SIR) শুনানির কাজ প্রায় শেষের পথে

নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, কলকাতা দক্ষিণের বেশ কয়েকটি এলাকায় এসআইআর (SIR) শুনানির কাজ প্রায় শেষ হয়ে গিয়েছে। বিশেষ করে রাসবিহারী, ভবানীপুর, বালিগঞ্জ এলাকায় এই কাজ সম্পূর্ণ হয়েছে। তবে বন্দর এলাকায় এখনও কিছুটা কাজ বাকি রয়েছে। অন্যদিকে, উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, মাদারিহাট এবং ফালাকাটাতেও শুনানির কাজ ইতিমধ্যেই শেষ হয়েছে। দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় কাজ প্রায় শেষের পথে হলেও এখনও কিছুটা অনিশ্চয়তা রয়ে গিয়েছে।

এই পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে সম্প্রতি মাধ্যমিক শিক্ষা পর্ষদ রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়ালের দপ্তরে পরপর দু’টি চিঠি পাঠিয়েছে বলে জানা গিয়েছে। রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুও এই বিষয়টি নিয়ে প্রকাশ্যে উদ্বেগ প্রকাশ করেছেন। তাঁর বক্তব্য, বিএলও নিয়োগের বিষয়ে রাজ্য সরকারকে আগে থেকে জানানো হয়নি। ফলে মাধ্যমিক পরীক্ষা পরিচালনা নিয়ে সংশয় তৈরি হয়েছে। এমনকি পর্ষদের পাঠানো চিঠিকে তিনি সমর্থনও জানিয়েছেন।

তবে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর এই বিষয়ে আশ্বস্ত করার চেষ্টা করেছে। সূত্রের খবর, সিইও দপ্তর জানিয়েছে, স্কুল পরিদর্শক বা এইআরও হিসেবে নিযুক্ত অনেকের কাজ ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে বা শেষের পথে। তাই এই বিষয়টি পুরোপুরি জেলাশাসকদের ওপর ছেড়ে দেওয়া হয়েছে। তাঁরা প্রয়োজনে এইআরও বদল করতে পারেন। এই সিদ্ধান্ত গ্রহণের সম্পূর্ণ ক্ষমতা জেলাশাসকদের হাতেই রয়েছে।

SIR Verification Update Names Rejected reason

আরও পড়ুনঃ ‘হিন্দুদের কাছে ক্ষমা চাইছি’, ভরা সভায় দাঁড়িয়ে মাথা নত! কেন ক্ষমা চাইলেন হুমায়ুন?

মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর এই বিষয়ে সরাসরি কোনও হস্তক্ষেপ করবে না বলেও জানানো হয়েছে। ফলে আপাতত প্রশাসনিক আশ্বাস থাকলেও, মাধ্যমিক পরীক্ষা ও ভোটার তালিকা সংশোধনের কাজ (SIR)একসঙ্গে চলায় শিক্ষামহলে উদ্বেগ পুরোপুরি কাটেনি বলেই মনে করা হচ্ছে।