বাংলা হান্ট ডেস্কঃ কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ বাম নেত্রী দীপ্সিতা ধর (Dipsita Dhar)। অভিযোগ, বিশেষ প্রযুক্তির মাধ্যমে তাঁর বক্তব্য বিকৃত করে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া হচ্ছে। এর ফলে তাঁর উপর হামলা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন সিপিএম নেত্রী।
হাইকোর্টে দীপ্সিতা ধর- (Calcutta High Court)
দীপ্সিতার দাবি, তাঁর বিভিন্ন রাজনৈতিক সভা ও বক্তৃতার ভিডিও বিকৃতভাবে এডিট করে সমাজমাধ্যমে ছড়ানো হচ্ছে। এতে একদিকে যেমন জনগণের কাছে তাঁর ভাবমূর্তি নষ্ট হচ্ছে, তেমনই তাঁর উপর হামলাও হতে পারে বলে আশঙ্কা করছেন বাম নেত্রী। এই অবস্থায় আইনি সুরক্ষা চেয়ে উচ্চ আদালতের দ্বারস্থ হয়েছেন তিনি।
আরও পড়ুনঃ বিরোধী দলনেতা পদ নিয়ে লড়াই চরমে! এবার হাইকোর্টের দ্বারস্থ মমতা-শোভনদেব
জানা গিয়েছে, এই নিয়ে হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করেন দীপ্সিতার আইনজীবী অভিষেক হালদার। বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করার আবেদন জানিয়েছেন তিনি। সেই সঙ্গেই আর্জি, এই রকম বিকৃত প্রচারের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপের রাস্তা সুগম করা হোক।
অন্যদিকে দীপ্সিতা জানিয়েছেন, এই নিয়ে পুলিশের দ্বারস্থ হয়েছিলেন তিনি। থানায় অভিযোগও দায়ের করা হয়। তবে অভিযোগ, এখনও অবধি এই বিষয়ে কোনও কার্যকর পদক্ষেপ দেখতে পাননি। সেই কারণেই শেষমেষ হাইকোর্টের দ্বারস্থ হলেন। বাম নেত্রী নিজের ঘনিষ্ঠমহলে এমনটাই জানিয়েছেন বলে খবর।
এছাড়াও দীপ্সিতার অভিযোগ, সম্প্রতি তাঁর ছবি সহ পোস্টারে আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল। এরপর থেকে নিজের সুরক্ষা নিয়ে বেশ উদ্বিগ্ন হয়ে পড়েছেন। সমাজমাধ্যমে বিকৃত ভিডিও ছড়িয়ে পড়ায় ব্যক্তিগত জীবনেও হামলা অথবা হেনস্থার সম্মুখীন হতে পারেন বলে আশঙ্কা করছেন তিনি।

এদিকে বর্তমানে চলচ্চিত্র তারকা থেকে শুরু করে রাজনৈতিক ব্যক্তিত্বদের বিকৃত ভিডিও ছড়িয়ে পড়তে মাঝেমধ্যেই দেখা যায়। এবার এমনই অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন সিপিএম নেত্রী দীপ্সিতা ধর। এই নিয়ে উচ্চ আদালত কী পদক্ষেপ নেয় সেটাই দেখার।













