বাংলা হান্ট ডেস্কঃ ডিএ নিয়ে বাংলার জন্য এখনও সুখবর আসেনি। রাজ্যের সকল কর্মচারী ও পেনশনভোগীরা এখন আগামী ২২ জুন পেশ হতে চলা রাজ্য বাজেটের অপেক্ষায়। এদিকে সম্প্রতি ভালো খবর এসেছে পড়শি রাজ্য অসমের জন্য। সে রাজ্যে ফের এক দফায় ডিএ বৃদ্ধির (Dearness Allowance) ঘোষণা করেছে সরকার। রাজ্য সরকারি কর্মীদের ২% হারে মহার্ঘ ভাতা (ডিয়ারনেস অ্যালোওয়েন্স বা ডিএ) বৃদ্ধির ঘোষণা করা হয়েছে। তবে কবে থেকে মিলবে সেই বর্ধিত ভাতা?
ডিএ বৃদ্ধি হল অসমে- Dearness Allowance
সম্প্রতি অসম মন্ত্রিসভা মহার্ঘ ভাতা (ডিএ) এবং মহার্ঘ ত্রাণ (ডিআর) বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে। এতদিন তারা সপ্তম বেতন কমিশনের আওতায় ৫৮ শতাংশ হারে ডিএ পেতেন। এবারে ফের ২% ডিএ বাড়ায় তার পরিমাণ দাঁড়িয়েছে ৬০ শতাংশে। এবার সেই বর্ধিত ভাতা কবে থেকে মিলবে, সেই ডিএ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করল রাজ্য সরকার।
সরকারি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কর্মচারী ও পেনশনভোগীরা তাদের জুলাই মাসের বেতন বা পেনশনের সঙ্গে বর্ধিত ডিএ-ডিআর পাবেন। এর আগে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাও জানিয়েছিলেন যে, কর্মচারীরা তাঁদের জুলাই মাসের বেতনের সঙ্গে বর্ধিত ডিএ পাবেন। এবার সেই সংক্রান্ত নির্দেশিকা জারি হল।
উল্লেখ্য, রাজ্যের এই সিদ্ধান্তের ফলে লাখ-লাখ সরকারি কর্মচারী লাভবান হবেন। অসমে ডিএ বৃদ্ধির সিদ্ধান্তের ফলে ৮ লক্ষেরও বেশি রাজ্য সরকারি কর্মচারী ও পেনশনভোগী উপকৃত হবেন বলে জানা যাচ্ছে। এর আগে ডিএ বৃদ্ধি করে মুখ্যমন্ত্রী বলেছিলেন, “আমরা সরকারি কর্মচারীদের ডিএ দুই শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। এখন পর্যন্ত তাঁরা ৫৮% ডিএ পাচ্ছিলেন, এই বৃদ্ধির পর তা ৬০%-এ পৌঁছাবে।”

আরও পড়ুন: স্কুলের শিক্ষকদের কাছেই টিউশন পড়ার দাবি, ডিআই অফিসে অভিভাবকদের বিক্ষোভ
উল্লেখ্য, বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরাও ৬০ শতাংশ হারে ডিএ পাচ্ছেন। সপ্তম পে কমিশনের আওতায় রয়েছেন তারা। এপ্রিল মাসেই ২% ডিএ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছিল কেন্দ্র। এবার সেই পথে হেঁটে মহার্ঘ ভাতা বাড়ানোর সিদ্ধান্ত অসম সরকারের। ফলত কেন্দ্রীয় হারেই ডিএ পেতে চলেছেন সে রাজ্যের সরকারি কর্মচারীরা।













