বাংলা হান্ট ডেস্কঃ সুপ্রিম কোর্টে স্থগিত হয়ে গেল মহার্ঘ ভাতা বা ডিএ মামলা (Dearness Allowance)। রাজ্য সরকারি কর্মীদের (State Government Employees) ডিএ সংক্রান্ত মামলার জন্য ৬ মে একটি বিশেষ বেঞ্চে শুনানির দিন ধার্য ছিল। তবে সুপ্রিম কোর্টে যে স্পেশাল বেঞ্চ গঠন করা হয়েছিল, তা সম্পূর্ণভাবে বাতিল করা হয়েছে।
নয়া কোন মোড় নেবে ডিএ মামলা? Dearness Allowance
এদিন ৩টের সময় সুপ্রিম কোর্টের ১১ নম্বর কোর্টে বিচারপতি সঞ্জয় করোল এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের স্পেশাল বেঞ্চে এই মামলার শুনানি হওয়ার কথা ছিল। কিন্তু নয়া নোটিফিকেশন জারি করে বলা হয়েছে, জাস্টিস করোল ও মিশ্রের স্পেশাল বেঞ্চ বাতিল করা হয়েছে।
নোটিফিকেশন অনুযায়ী বিচারপতি সঞ্জয় করোল এবং বিচারপতি এন কে সিং-এর রেগুলার বেঞ্চ এদিন ১১ নম্বর কোর্টে বসবে। ফলত ডিএ মামলার শুনানি এদিন হচ্ছে না। এই পরিস্থিতিতে ডিএ মামলার ভবিষ্যত নিয়ে জোর চর্চা শুরু হয়েছে কর্মচারীমহলে।
সূত্রের খবর, রাজ্য সরকারের আইনজীবী কুণাল মেমানি সুপ্রিম কোর্টে জানিয়েছেন, রাজ্যে পালাবদল হয়েছে। নতুন সরকার গঠিত হওয়ায় তাদের পক্ষে এই মুহূর্তে কোনো নির্দিষ্ট বক্তব্য বা সিদ্ধান্ত জানানো সম্ভব নয়। নয়া সরকারের অবস্থান বিবেচনা করার জন্য তিন সপ্তাহের সময় চাওয়া হয়েছে সর্বোচ্চ আদালতে। বিজেপি সরকার তরফে নয়া নির্দেশিকা না আসা পর্যন্ত এই মামলার জট পুরোপুরি খোলা সম্ভব নয় বলে মনে করছে বিশেষজ্ঞমহল।

আরও পড়ুন: স্যালুট করতেন যাঁদের, আজ তাঁদের কাতারেই আশিস, অদম্য অধ্যবসায়ে গড়লেন সাফল্যের নতুন ইতিহাস
মনে করা হচ্ছে, আগামী তিন সপ্তাহ পর সুপ্রিম কোর্ট পুনরায় এই মামলার শুনানি করবে। বছরের পর বছর ধরে ডিএ ইস্যুতে আন্দোলন চালিয়েছেন সরকারি কর্মীরা। নতুন সরকারের কাছে তাদের প্রত্যাশা অনেক। সবমিলিয়ে মামলার জল এবারে কোনদিকে গড়ায় সেদিকে নজর থাকবে সকলের।












