২ মাসের মধ্যে সমস্ত বকেয়া মেটান! রাজ্যের সব দাবি খারিজ, DA মামলায় বিরাট রায় আদালতের

Published on:

Published on:

dearness allowance (14)
Follow

বাংলা হান্ট ডেস্কঃ ডিএ (Dearness Allowance) বা মহার্ঘ ভাতা নিয়ে বাংলায় রাজ্য সরকারি কর্মচারীদের (Government Employees) চিন্তার শেষ নেই। ফেব্রুয়ারী মাসে ৪% মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণা করা হলেও তা এখনও মেলেনি। এদিকে পঞ্চম পে কমিশনের বকেয়া ডিএ ইসুতেই টালবাহানা অব্যাহত। সবমিলিয়ে ক্ষোভ বাড়ছে সরকারি কর্মীদের। রাজ্যে যখন মহার্ঘ ভাতা ইস্যুতে জটলা ঠিক তখন পাঞ্জাবের রাজ্য সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের জন্য একটি অত্যন্ত খুশির খবর সামনে এল।

ডিএ ডিআর নিয়ে বড় রায় আদালতের | Dearness Allowance, Dearness Relief

সম্প্রতি ডিএ সংক্রান্ত এক মামলায় পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্ট ডিএ এবং ডিআর বকেয়া মেটানোর বিষয়ে যুগান্তকারী রায় দিয়েছে। আদালত সাফ জানিয়েছে, আর্থিক সংকটের অজুহাত দেখিয়ে সরকারি কর্মচারীদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করা যাবে না।

রাজ্য সরকারকে একাধিক কড়া নির্দেশ দিয়েছে আদালত। আদালতের নির্দেশ, দু মাসের মধ্যে বকেয়া মেটাতে হবে। আগামী ৩০ জুনের ডেডলাইন বেঁধে দিয়েছে হাইকোর্ট। সমস্ত বকেয়া ডিএ এবং ডিআর মিটিয়ে দিতে হবে এই সময়ের মধ্যে।

বয়স ভিত্তিক বিভাজনকে বৈষম্যমূলক এবং অসাংবিধানিক বলে বাতিল করেছে আদালত। পাঞ্জাব সরকার গত ১৮ ফেব্রুয়ারি একটি নির্দেশিকা জারি করে বয়স অনুযায়ী ধাপে ধাপে পেনশন এরিয়ার মেটানোর কথা বলেছিল। এই সিদ্ধান্ত ভারতীয় সংবিধানের ১৪ নম্বর ধারা লঙ্ঘন করে বলে পর্যবেক্ষণ আদালতের।

আদালতের নির্দেশ, সমস্ত পেনশনভোগীদের একটি অভিন্ন শ্রেণী হিসেবে বিবেচনা করতে হবে। মহার্ঘ ভাতার ক্ষেত্রে কর্মচারীদের মধ্যে কোনো দ্বিচারিতা করা চলবে না বলে জানিয়েছে আদালত। সাধারণ রাজ্য সরকারি কর্মচারী ও পেনশনভোগীদেরও কেন্দ্রীয় সরকারের প্যাটার্ন (AICPI) মেনে সমান হারে ডিএ দেওয়ার নির্দেশ।

আদালত আরও জানিয়েছে, বেঁধে দেওয়া ডেডলাইনের মধ্যে বকেয়া না মেটালে, রাজ্য সরকারকে বিলম্বিত সময়ের জন্য সুদ সহ বকেয়া দিতে হবে। আগামী ২ জুলাইয়ের মধ্যে রাজ্যের মুখ্য সচিবকে এই বিষয়ে একটি কমপ্লায়েন্স রিপোর্ট দেওয়ার কথাও বলা হয়েছে।

আরও পড়ুন: দ্বিতীয় পর্যায়ের ভোটে হাওয়া গরম! ৭৭ টি বুথে পুনর্নির্বাচনের আবেদন, অভিষেকের ডায়মন্ড হারবারেই ৬৪

যেখানে সুপ্রিম কোর্টে এ রাজ্যের ডিএ মামলা এখনও সক্রিয় রয়েছে, সেই পরিস্থিতিতে আদালতের এই রায় শুধুমাত্র পাঞ্জাব নয়, পাশাপাশি পশ্চিমবঙ্গের বকেয়া ডিএ মামলার ক্ষেত্রেও বিরাট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টের রায়ে মনোবল বাড়বে এ রাজ্যের সরকারি কর্মীদেরও।