বাংলাহান্ট ডেস্ক : তোলাবাজির অভিযোগে গ্রেফতার স্বরূপ বিশ্বাস। শুক্রবার রাতে টলিউডের ‘ত্রাস’ গ্রেফতার হতেই একে একে মুখ খুলতে শুরু করেছেন তারকারা। দীর্ঘদিন ধরেই ‘বিশ্বাস ব্রাদার্স’দের বিরুদ্ধে গুরুতর অভিযোগ ইন্ডাস্ট্রির অন্দরে। মাত্রাহীন দুর্নীতি, দাদাগিরি থেকে মতের অমিল হতেই ‘ব্যান’, একাধিক অভিযোগ রয়েছে স্বরূপের বিরুদ্ধে। ব্যান সংস্কৃতি নিয়ে আগে তাঁর বিরুদ্ধে মুখ খুলতে দেখা গিয়েছে দেবকে (Dev)। এবার স্বরূপ গ্রেফতার হতেই আবারও বোমা ফাটালেন তৃণমূল সাংসদ।
স্বরূপের বিরুদ্ধে মুখ খুললেন দেব (Dev)
এর আগে দেব বলেছিলেন, তৃণমূলের আমলে ইন্ডাস্ট্রিতে অনেক ভুগতে হয়েছে তাঁকে। বিজেপি সরকার আসায় তেমনটা আর হবে না বলেই তাঁর আশা। এবার স্বরূপের গ্রেফতারি নিয়ে মুখ খুললেন দেব। সংবাদ মাধ্যমের কাছে তাঁর স্পষ্ট জবাব, ‘যে যার কর্মফল ভুগবে। হেরে যাওয়া মানুষকে নিয়ে আর কী বলব। ওঁর যখন ভালো সময় ছিল, তখন বাকি সবার খারাপ সময় এনে দিয়েছিলেন। আর দেব এমন মানুষ নয় যে কারোর খারাপ সময় নিয়ে কিছু বলবে। এখন অনেক কথা বলতে ইচ্ছা করছে, কিন্তু লাভ কী’।

ব্যান নিয়ে সরব দেব: ইন্ডাস্ট্রির ব্যান কালচার নিয়ে সরব হয়েছিলেন দেব। তার জন্য ভুগতেও হয়েছে তাঁকে। এদিন দেব বলেন, তাঁকে বলা হয়েছিল সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে ক্ষমা চাইতে। নয়তো তাঁর কাজ কেড়ে নেওয়া হবে। দেব জানান, ব্যান সংস্কৃতির বিরুদ্ধে আর্টিস্ট ফোরামে মেল করেছিলেন তিনি। কিন্তু কেউ তখন প্রশ্ন করেনি স্বরূপ বিশ্বাসকে।
আরও পড়ুন : অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্মে তাড়াহুড়োয় ভুল তথ্য! আটকে যেতে পারে ৩০০০ টাকা?
কী বললেন অভিনেতা: রাজনীতির আঙিনায় সৌজন্যমূলক ব্যবহারের জন্য জনপ্রিয় দেব (Dev)। এমনকি তৎকালীন শাসক দলে থেকেও উলটো পথে হেঁটে বিরোধী দলের রাজনীতির জন্য পরিচিত মিঠুন চক্রবর্তীকে নিজের ছবিতে নিয়েছিলেন দেব। তার জন্য কটাক্ষের মুখেও পড়তে হয়েছে তাঁকে। দেবের অভিযোগ, মিঠুন চক্রবর্তী আছেন বলে তাঁর ছবি নন্দনে চালানো হয়নি।
আরও পড়ুন : টলিউডে চাঞ্চল্য, এবার কোটি টাকার প্রতারণার অভিযোগ সোহমের বিরুদ্ধে
এখানেই না থেমে দেব বিষ্ফোরক মন্তব্য করেন। তাঁর কথায়, ‘দল জিতলে স্বরূপ বিশ্বাসকে আটকানো মুশকিল হয়ে যেত। আমাকেও ব্যান করে দিত। স্ক্রিনিং কমিটিতে ভোট দিইনি বলে আমার নামে লালবাজারে অভিযোগ জানাতে পৌঁছেছিলেন। বলা হয়েছিল দেশু ৭ পুজোয় রিলিজ করতে পারব না’। ক্ষমতার আস্ফালন চিরন্তন নয় বলেই মত দেবের।












