বিজেপির নাম ভাঙিয়ে তোলাবাজি? অভিযোগ উঠলেই ব্যবস্থা, কড়া বার্তা দিলীপের

Published on:

Published on:

Dilip Ghosh's stern message to BJP leaders about extortion complaint

বাংলা হান্ট ডেস্ক : বিজেপি (BJP) ক্ষমতায় আসার পর রাজনৈতিক পালাবদলের যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, বাস্তবে তার কতটা প্রতিফলন ঘটছে, তা নিয়ে এবার প্রশ্ন উঠতে শুরু করেছে বিজেপির অন্দরেই। বিশেষ করে তোলাবাজির অভিযোগ ক্রমশ অস্বস্তি বাড়াচ্ছে শাসকদলের। বিরোধীদের আক্রমণের পাশাপাশি এবার দলীয় নেতাদের একাংশের প্রকাশ্য ক্ষোভও সামাল দিতে হচ্ছে বিজেপি নেতৃত্বকে। অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত থেকে শুরু করে একাধিক মন্ত্রী এই সমস্যা স্বীকার করেছেন।

তোলাবাজি নিয়ে কী বলছেন বিজেপি (BJP) নেতৃত্বরা ?

রাজ্যে সরকার গঠনের পর কয়েক মাস কাটতে না কাটতেই তোলাবাজির অভিযোগ সামনে আসায় ক্ষুব্ধ স্বামী মঙ্গলানন্দ পুরী মহারাজ। তাঁর দাবি, যে পরিবর্তনের প্রত্যাশায় মানুষ বিজেপিকে ক্ষমতায় এনেছেন, সেই প্রত্যাশার সঙ্গে বর্তমান পরিস্থিতির মিল খুঁজে পাওয়া যাচ্ছে না। দলের ভিতরে কিছু মানুষের আচরণ নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, “এটা আমাদের বিজেপি চলছে নাকি উন্নত তৃণমূল চলছে? তোলাবাজির কোনও শেষ সীমানা নেই।”

Dilip Ghosh's stern message to BJP leaders about extortion complaint

এখানেই থেমে থাকেননি স্বামী মঙ্গলানন্দ পুরী মহারাজ। সরকারের বয়স এখনও খুব বেশি নয়, অথচ তার মধ্যেই তোলাবাজির এমন অভিযোগ সামনে আসায় তিনি অসন্তোষ প্রকাশ করেছেন। তাঁর কথায়, “মাত্র ৬ মাস সরকারে এসেছে, ৮ মাস। চূড়ান্ত তোলাবাজি। শুধরে যান, মানুষ সব লক্ষ্য করছে। মানুষ অনেক অত্যাচারিত হয়ে, তবে আমাদেরকে নিয়ে এসেছে। সেই সুযোগের অসৎ ব্যবহার করাটা মহা অন্যায়, মহা অপরাধ।”

আরও পড়ুন : ২ ট্রাক ভর্তি নথি জমা কালীঘাট তৃণমূলের, কত জন বিধায়ক-সাংসদের সমর্থন পেলেন মমতা?

উল্লেখ্য, তোলাবাজির অভিযোগ যে একেবারে ভিত্তিহীন নয়, তা আগেই স্বীকার করেছিলেন রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি বলেছিলেন, “তোলাবাজির অভিযোগ জানি, আমি অস্বীকার করব না। তোলাবাজি যতদিন রাজ্যে থাকবে, ততদিন মানুষের আস্থা আসবে না।”

অন্যদিকে, তোলাবাজির ঘটনা সামনে এলে নীরব না থেকে সরাসরি অভিযোগ জানানোর পরামর্শ দিয়েছেন পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। তাঁর মতে, “তোলাবাজি হলে প্রথমেই অভিযোগ করা উচিত। আগে তোলাবাজি চলত পুলিশের কাছে যেতেন না। প্রথম এটা বেআইনি, পুলিশের কাছে যাওয়া উচিত। দ্বিতীয় হচ্ছে, পার্টির কেউ যুক্ত থাকলে পার্টিকেই জানাতে হবে। সাধারণ মানুষ, ব্যবসায়ী, সাংবাদিক সবাইকে আমি আবেদন করব, এধরনের ঘটনা ঘটলেই তার বিরুদ্ধে যথা জায়গায় কমপ্লেন করুন। পার্টি ব্যবস্থা নেবে, না হলে পুলিশ ব্যবস্থা নেবে।” একদিকে অর্থমন্ত্রীর স্বীকারোক্তি, অন্যদিকে দলের নেতার প্রকাশ্য প্রতিবাদ এবং মন্ত্রীদের বারবার সতর্কবার্তা—সব মিলিয়ে তোলাবাজি ইস্যুতে বিজেপির অন্দরের ছবিটা ক্রমশ সামনে আসছে।