বাংলাহান্ট ডেস্ক : টলিউডে এখন একটি কথা খুবই শোনা যায়। ‘বাংলা সিনেমার পাশে দাঁড়ান’, পরিচালক প্রযোজক থেকে অভিনেতা অভিনেত্রীদেরও প্রায়ই এই আবেদন করতে শোনা গিয়েছে বিভিন্ন সময়ে। কিন্তু এই ধারণায় বিশ্বাসী নন আসন্ন ‘অভিনেত্রী’ ছবির পরিচালক দুর্জয় মণ্ডল (Durjoy Mondal)। দর্শকদের কাছে আবেদন নয়, বরং নিজের কাজের উপরেই আস্থা রাখেন তিনি।
‘অভিনেত্রী’ নিয়ে মুখ খুললেন দুর্জয় মণ্ডল (Durjoy Mondal)
‘অভিনেত্রী’ ছবিতে মুখ্য চরিত্রে রয়েছেন ওম সাহানি এবং মৌপিয়া গোস্বামী। এছাড়াও রয়েছেন পার্থসারথি চক্রবর্তী, বিশ্বনাথ বসু, অনিন্দ্য পুলক বন্দ্যোপাধ্যায়, সাগ্নিক সহ আরও অনেকে। আসন্ন ছবি নিয়ে পরিচালক দুর্জয় মণ্ডল বলেন, ‘আমি চলচ্চিত্র নির্মাণ করতে এসেছি, ভিক্ষা চাইতে নয়’। বাংলা ছবির পাশে দাঁড়ান- এই কথাটার অর্থই বোঝেন না তিনি। তাঁর মতে, একজন পরিচালকের কাজ হল ভালো গল্প বলা এবং এমন একটি ছবি তৈরি করা যা দর্শক নিজের আগ্রহে দেখতে চাইবেন। তাঁর কথায়, ‘ভালো সিনেমার পাশে দাঁড়ানোর জন্য আলাদা করে কাউকে ডাকতে হয় না’।

কী মনে করেন পরিচালক: পরিচালক বিশ্বাস করেন, একটি ভালো ছবি নিজেই নিজের পরিচয় তৈরি করতে পারে। ছবির গল্প ও নির্মাণ যদি দর্শকদের মনে জায়গা করে নিতে পারে তবে ভালোলাগা আপনা থেকেই ছড়িয়ে পড়বে বৃহত্তর দর্শকদের মাঝে। দর্শক নিজের উপার্জিত অর্থ কোথায় খরচ করবেন সেটা ব্যক্তিগত সিদ্ধান্ত। সেই সিদ্ধান্তকে সম্মান করেই সিনেমা তৈরি করা উচিত বলে মনে করেন পরিচালক দুর্জয় মণ্ডল (Durjoy Mondal)। তাঁর কথায়, ‘আমি দর্শককে অনুরোধ করতে চাই না, আমি দর্শককে কারণ দিতে চাই’।
আরও পড়ুন : টিকিট বাতিলের চিন্তা শেষ, আরও ১৯ জোড়া স্পেশ্যাল ট্রেনের ঘোষণা দক্ষিণ পূর্ব রেলের
কাজের প্রতি আস্থা: শুধুমাত্র বাংলা ভাষায় ছবি তৈরি হয়েছে বলেই যে তাকে সমর্থন করতে হবে তেমনটা মনে করেন না দুর্জয় মণ্ডল। তাঁর মতে, নিজের কাজের মাধ্যমে দর্শকদের কাছ থেকে সেই সময় এবং আস্থাটাও অর্জন করা জরুরি। ভালো গল্পের দাবি, মানসম্পন্ন কাজকে স্বীকৃতি দেওয়া বাংলা ছবির প্রতি সম্মানের অংশ বলেই মতপ্রকাশ করেন পরিচালক।
আরও পড়ুন : মাত্র ১৫ দিনই খোলা, ২ অক্টোবরের পর আর কবে কোথায় বন্ধ থাকবে ব্যাঙ্ক?
সিনেমা একটি শিল্প, কোনও দান বা ভিক্ষা নয়, এই মতেই বিশ্বাসী পরিচালক দুর্জয় মণ্ডল। সেই বিশ্বাস থেকেই ‘অভিনেত্রী’ ছবিতে নিজের সেরাটা তুলে ধরছেন তিনি। বাকিটা বিচার করবে দর্শক।













