বাংলা হান্ট ডেস্কঃ পিএফের টাকা তুলতে এতদিন অনেক কর্মীকেই ৭-১০ দিন পর্যন্ত অপেক্ষা করতে হত। বিশেষ করে অসুস্থতা, পড়াশোনা, বাড়ি কেনা বা অন্য জরুরি প্রয়োজনে দ্রুত টাকা দরকার হলেও সহজে পাওয়া যেত না। এবার সেই সমস্যা কমাতে বড় পদক্ষেপ নিল EPFO। সংস্থার দাবি, নতুন ব্যবস্থায় আবেদন করার ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যেই পিএফের টাকা অ্যাকাউন্টে পৌঁছে যেতে পারে।
EPFO-র নতুন নিয়মে দ্রুত মিলবে PF-এর টাকা
পিএফের টাকা তোলার প্রক্রিয়া আরও সহজ এবং দ্রুত করতে নতুন ব্যবস্থা চালু করেছে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন (EPFO)। এখন অনলাইনে আবেদন করলেই দ্রুত ক্লেম প্রক্রিয়া শুরু হয়ে যাবে। নয়া দিল্লিতে গ্লোবাল ইন্ডাস্ট্রিয়াল রিলেশনস সামিটে এই ঘোষণা করেন ইপিএফও-র সেন্ট্রাল প্রভিডেন্ট ফান্ড কমিশনার (CPFC) রমেশ কৃষ্ণমূর্তি। তিনি জানান, ক্লেম দ্রুত মেটানোর জন্য অটো সেটেলমেন্ট সিস্টেমে বেশি জোর দেওয়া হয়েছে।
EPFO-র তথ্য অনুযায়ী, এখন প্রায় ৯০ শতাংশ ক্লেম এই অটো সেটেলমেন্ট ব্যবস্থার মাধ্যমে দ্রুত নিষ্পত্তি হচ্ছে। পাশাপাশি দীর্ঘদিন ধরে পড়ে থাকা অনেক আবেদনও ধাপে ধাপে মিটিয়ে দেওয়া হচ্ছে। নতুন ব্যবস্থায় আবেদন জমা পড়ার পরই প্রক্রিয়া শুরু হবে। বেশিরভাগ ক্ষেত্রে ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে টাকা অ্যাকাউন্টে চলে আসবে। কিছু ক্ষেত্রে আবেদন করার দিনেই টাকা পাওয়ার সুযোগও থাকতে পারে।
এর আগে পিএফের টাকা তুলতে সাধারণত ৭ থেকে ১০ দিন সময় লাগত। নতুন ব্যবস্থা চালু হওয়ায় কর্মীরা জরুরি প্রয়োজনে অনেক দ্রুত নিজেদের জমা টাকা ব্যবহার করতে পারবেন। চিকিৎসা, শিক্ষা, বাড়ি কেনা বা অন্য গুরুত্বপূর্ণ খরচের জন্য পিএফের টাকা তোলা এখন আগের তুলনায় অনেক সহজ হবে বলেই মনে করছে EPFO।

আরও পড়ুনঃ ‘রেশন নিয়ে যা শুনছেন সব…’, সোশ্যাল মিডিয়ার ভাইরাল জল্পনার মধ্যে বড় কথা বললেন খাদ্যমন্ত্রী
এছাড়াও সংস্থা জানিয়েছে, খুব শীঘ্রই UPI-এর মাধ্যমে পিএফের টাকা তোলার সুবিধাও চালু করা হবে। সেই সুবিধা চালু হলে টাকা পাওয়ার প্রক্রিয়া আরও দ্রুত এবং সহজ হয়ে যাবে (EPFO)।













