বাংলা হান্ট ডেস্কঃ বেসরকারি সংস্থায় কর্মরত বহু কর্মচারী চাকরি বদলের সময় সবচেয়ে বেশি সমস্যায় পড়েন প্রভিডেন্ট ফান্ড বা পিএফ (EPFO) সংক্রান্ত বিষয় নিয়ে। অনেক সময় পুরনো সংস্থা প্রয়োজনীয় অনুমোদন দিতে দেরি করে, আবার কোনও কোনও ক্ষেত্রে সংস্থা বন্ধ হয়ে যাওয়ার ফলে কর্মচারীরা আরও বিপাকে পড়েন। এর ফলে অনেকেই তাঁদের পুরনো পিএফের টাকার কথা ভুলে যান বা সঠিক সময়ে সেই টাকা তুলতে পারেন না।
পিএফ (EPFO) অ্যাকাউন্ট স্থানান্তর
কিন্তু ইপিএফও (EPFO) এখন এই সমস্যার সমাধানে বড় পদক্ষেপ নিয়েছে। নতুন নিয়ম অনুযায়ী, পিএফ অ্যাকাউন্ট স্থানান্তরের জন্য আর আগের সংস্থার অনুমোদনের প্রয়োজন হবে না। কর্মচারীর বর্তমান নিয়োগকর্তাই এই অনুমোদন দিতে পারবেন। ফলে পুরো প্রক্রিয়াটি অনেক সহজ ও ঝামেলামুক্ত হয়ে গিয়েছে।
অনেক কর্মচারী মনে করেন পুরনো পিএফ (EPFO) অ্যাকাউন্টের টাকা স্থানান্তর করার দরকার নেই। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন, এই ধারণা একেবারেই ভুল। কারণ পুরনো পিএফ অ্যাকাউন্টে টাকা পড়ে থাকলে তা তিন বছর পর নিষ্ক্রিয় হয়ে যেতে পারে। শুধু তাই নয়, পুরনো অ্যাকাউন্ট থেকে পরে টাকা তুলতে গেলে অতিরিক্ত করও দিতে হতে পারে। তাই চাকরি বদলানোর পর যত দ্রুত সম্ভব পুরনো পিএফ নতুন অ্যাকাউন্টে স্থানান্তর করা উচিত।
আগে এই কাজ করতে গেলে পুরনো সংস্থার মানবসম্পদ বিভাগ বা এইচআর-এর অনুমোদন প্রয়োজন হত। কিন্তু নতুন ব্যবস্থায় সেই নির্ভরতা অনেকটাই কমে গিয়েছে। এখন কর্মচারীকে শুধু নিশ্চিত করতে হবে যে তাঁর বর্তমান সংস্থায় কেওয়াইসি (KYC) আপডেট করা আছে এবং ইউএএন (UAN) নম্বর সক্রিয় রয়েছে। এই দুই শর্ত পূরণ থাকলেই অনলাইনে সহজেই পিএফ (EPFO) ট্রান্সফারের আবেদন করা যাবে।

আরও পড়ুনঃ বিয়ের সম্পর্ক ভাঙলেই ধর্ষণ মামলা নয়! মিথ্যা অভিযোগে লাগাম টানল কড়া পর্যবেক্ষণ করল সুপ্রিম কোর্ট
ইপিএফও-র (EPFO) এই নতুন উদ্যোগের ফলে লক্ষ লক্ষ চাকরিজীবীর সমস্যা অনেকটাই কমবে বলে মনে করা হচ্ছে। বিশেষ করে যাঁরা বারবার চাকরি পরিবর্তন করেন, তাঁদের জন্য এই ব্যবস্থা বড় স্বস্তির খবর।












