বাংলা হান্ট নিউজ ডেস্কঃ এক বছরেরও বেশি সময় ধরে ভারতীয় দলের (Indian Cricket Team) বাইরে রয়েছেন মহম্মদ সামি (Md. Shami)। ২০২৩ বিশ্বকাপে অসাধারণ পারফরম্যান্স ও ২০২৫ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা এই ফাস্ট বোলার চোটের কারণে বাদ পড়েছিলেন দল থেকে। কিন্তু তারপর সুস্থ হয়ে উঠলেও তাকে আর ফেরার সুযোগ দিচ্ছেন না গম্ভীর (Gautam Gambhir)। এবার এই প্রসঙ্গে মুখ খুললেন ভারতীয় ক্রিকেট বোর্ডের (BCCI) প্রাক্তন সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)।
কিন্তু আইপিএল হোক বা ঘরোয়া ক্রিকেট, চোট সারিয়ে মাঠে ফেরার পর থেকে ধারাবাহিক ভাবে পারফরম্যান্স করে যাচ্ছেন সামি। সব রকমের ফরম্যাটেই তিনি সফল। সম্প্রতি দলীপ ট্রফি জয়ী পূর্বাঞ্চল দলের হয়েও প্রশংসনীয় পারফরম্যান্স করেছিলেন তিনি। কিন্তু কোনওভাবেই ভারতীয় দলের দরজা খুলছে না তার জন্য।

ক্রিকেটভক্তদের অনেকেই দাবি করেন ভারতের বর্তমান প্রধান কোচ গৌতম গম্ভীর, নিজের পছন্দের ফাস্ট বোলার হর্ষিত রানাকে দলে নিয়মিত করে তোলার লক্ষ্য নিয়ে এগোচ্ছেন। যার জন্য সামির মতো অভিজ্ঞ বোলার বঞ্চিত হচ্ছেন সম্পূর্ণ সুস্থ ও ভালো ফর্মে থেকেও। কিন্তু তাদের সঙ্গে একমত নন সৌরভ।
আরও পড়ুন: মাঠে নেমে ফের একবার হতাশাই সঙ্গী, আর ভারতীয় দলে ফিরতে পারবেন না শুভমান গিল!
তিনি সরাসরি বলেছেন যে তিনি মনে করেন না সামির সাথে কোনও অন্যায় হচ্ছে। এ প্রসঙ্গে বক্তব্য রাখতে গিয়ে প্রাক্তন ভারত অধিনায়ক বলেন, “ওকে উপেক্ষা করা হচ্ছে এমনটা বলবো না। ও ভারতের হয়ে অনেক ক্রিকেট খেলেছে। ও একজন চ্যাম্পিয়ন বোলার। তবে একজন ক্রিকেটারের বয়স বাড়লে কখনও কখনও এমনটা হয়। আমাকে যখন ভারতীয় দল থেকে একটি বিশ্বকাপের আগে বাদ দেওয়া হয়েছিল এবং তারপর একবছর দলে ফেরানো হয়নি, তখন আন্তর্জাতিক ক্রিকেটে ১০ হাজারেরও বেশি রান ছিল আমার। কিন্তু আমি ফিরে এসেছিলাম। এটা সকলের সঙ্গেই হয়।”
তিনি দলীপ ট্রফি জয়ী পূর্বাঞ্চল দলেরও প্রশংসা করেছেন। ঈশান কিষাণের সঙ্গে তিনি আলাদা ভাবে ফোনে কথা বলেছেন। তিনি এই দলের সঙ্গে যুক্ত বাংলার ক্রিকেটারদের আলাদা করে প্রশংসা করেছেন। সেইসঙ্গে জয়ী দলের প্রত্যেক সদস্যকে অভিনন্দন ও শুভকামনা জানিয়েছেন।













