বাংলা হান্ট নিউজ ডেস্কঃ ৩ ম্যাচের সিরিজের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে (India vs West Indies) দাপুটে জয় পেয়েছে গৌতম গম্ভীরের (Gautam Gambhir) ভারতীয় দল (Indian Cricket Team)। ২৯৬ রানের টার্গেট তাড়া করতে নেমে ব্যাটারদের দাপটে অতি সহজেই অভীষ্ট লক্ষ্যে পৌঁছে যায় মেন ইন ব্লুজ। কিন্তু তারপরেও ভারতীয় দলের বোলিং নিয়ে সন্তুষ্ট নন প্রাক্তন ভারতীয় ওপেনার ক্রিস শ্রীকান্ত (Kris Srikkanth)।
ভারতীয় দলের জয়ের পর কোহলি বা শুভমান গিলের অসাধারণ ব্যাটিং সত্ত্বেও ম্যাচের সেরার পুরস্কার পেয়েছেন কুলদীপ যাদব। ভারতীয় পেসাররা ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিংয়ের ওপর কোনও চাপই তৈরি করতে পারছিলেন না। এমন পরিস্থিতিতে কুলদীপের বোলিংয়ে ভর করেই ম্যাচে ফেরে ভারতীয় দল। পেসারদের হতশ্রী পারফরম্যান্সকে ঢেকে দিয়ে তিনি ক্যারিবিয়ানদের ৩০০ রানের গণ্ডি টপকানো থেকে আটকান।

এরপরেই অনেক ক্রিকেট বিশেষজ্ঞ ভারতের এই অনভিজ্ঞ পেস বোলিং আক্রমণ নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেন। বুমরা চোটের কারণে দীর্ঘদিন দলের বাইরে ছিলেন। আপাতত তিনি এশিয়ান গেমসে অংশগ্রহণকারী ভারতীয় ক্রিকেট দলের অংশ হওয়ায় এই সিরিজে অনুপস্থিত। ওডিআই দলে আর সুযোগ দেওয়া হয় না সিরাজ বা সামির মতো অভিজ্ঞ বোলারদের। অভিজ্ঞ পেসার অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া এই মুহূর্তে দলের অংশ নন চোটের কারণে। এমন পরিস্থিতিতে নীতিশ রেড্ডির মতো অলরাউন্ডার বা গুরনুর ব্রারের মতো অনভিজ্ঞ তারকাদের সুযোগ দিচ্ছেন গম্ভীর। আর সেই নিয়েই চটেছেন শ্রীকান্ত।
আরও পড়ুন: সিরিজ শুরুর আগেই বড় সিদ্ধান্ত! সরাসরি এই ক্রিকেটারকে দলে রেখেও বাতিল করে দিলো BCCI
ভারতের ওয়ান ডে দলে দীর্ঘদেহী পেসার গুরনুর ব্রারের অন্তর্ভুক্তি নিয়ে প্রশ্ন তুলেছেন কৃষ্ণমাচারি শ্রীকান্ত। তাঁর মতে ব্রার টেস্ট ফরম্যাটের জন্যই বেশি উপযুক্ত। ২৬ বছর বয়সী এই বোলার চলতি বছরের জুন মাসে আফগানিস্তানের বিপক্ষে ঘরের মাঠে আয়োজিত ওয়ান ডে সিরিজের মাধ্যমে ভারতের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক করেছিলেন। তবে ব্রারের পারফরম্যান্সে নেই কোনও ধারাবাহিকতার ছাপ। এখনও পর্যন্ত সাতটি ওডিআই ম্যাচ খেলে ৩৮-এর বেশি গড়ে তিনি ১১টি উইকেট নিয়েছেন এবং তাঁর ইকোনমি রেট ছিল ৬.৮০ যা এই ফরম্যাটে রীতিমতো হতাশাজনক। শ্রীকান্ত বলেন, “গুরনুর ব্রারকে আমার সাধারণ মানের মনে হয়েছে। ও হয়তো ভালো টেস্ট বোলার হতে পারেন, কিন্তু ওয়ান ডে দলে তাকে সুযোগ দেওয়াটা ঠিক নয়।”
আরও পড়ুন: ৩৫ টপকানোর পর আরও ভয়ংকর কোহলি! ODI ক্রিকেটে গড়লেন নতুন রেকর্ড
ভারতের এইমুহূর্তে সব ফরম্যাটের অলরাউন্ডার নীতিশ রেড্ডিকে নিয়েও মোহভঙ্গ হয়েছে তার। তার মতে রেড্ডি কোনওদিনই হার্দিক পান্ডিয়ার বিকল্প হয়ে উঠতে পারবেন না। তিনি মন্তব্য করেছেন, “ভারতের ফাস্ট-বোলিং বিভাগটি অত্যন্ত দুর্বল মনে হচ্ছে। নীতিশ কুমার রেড্ডি নতুন বলে বোলিং করার মতো বোলার নন। তিনি যদি দলের তৃতীয় ফাস্ট বোলার হন, তবে জয়ের কোনো সম্ভাবনাই থাকবে না। তাঁকে ১৪ জনের দলে রাখা যেতে পারে, কিন্তু মূল একাদশে নয়। এটা ঠিক যে হার্দিক ভারতের হয়ে অনেকদিন মাঠে নামতে পারছেন না, কিন্তু দলের জন্য তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এমনকি ওয়েস্ট ইন্ডিজও ভারতের এই বোলিং আক্রমণকে অনায়াসেই গুঁড়িয়ে দিচ্ছে। এই বোলিং লাইন-আপ নিয়ে ২০২৭ সালের বিশ্বকাপ জেতা সম্ভব নয়।”













