শুধু সরকারি কর্মী নয়, পরিচারিকাদেরও মাতৃত্বকালীন ছুটির দাবি স্বাস্থ্যমন্ত্রীর

Published on:

Published on:

Health Minister demands maternity leave for maids
Follow

বাংলা হান্ট ডেস্ক : বিশ্ব স্তন্যপান সপ্তাহে মাতৃ ও শিশুর স্বাস্থ্যের গুরুত্ব ফের সামনে আনল সরকার। বুধবার আয়োজিত এক অনুষ্ঠানে প্রত্যেক কর্মজীবী মায়েদের মাতৃত্বকালীন ছুটির প্রসঙ্গ তুলে ধরেন স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় (Health Minister)। নবজাতকের জন্য মায়ের দুধের প্রয়োজনীয়তা তুলে ধরার পাশাপাশি অসংগঠিত ক্ষেত্রে কর্মরত মহিলাদের মাতৃত্বকালীন ছুটি নিয়েও গুরুত্বপূর্ণ মন্তব্য করেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী।

কী বললেন স্বাস্থ্যমন্ত্রী (Health Minister) শারদ্বত মুখোপাধ্যায়?

কর্মজীবী মায়েরা যাতে সন্তান জন্মের পর পর্যাপ্ত সময় পান, সেই বিষয়ে নীতিগত পরিবর্তনের প্রয়োজন রয়েছে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী।‌ নবজাতকের সুস্থ বেড়ে ওঠার জন্য জন্মের পর থেকেই বুকের দুধ খাওয়ানোর গুরুত্ব ব্যাখ্যা করতে গিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, “শিশুর জন্মের পর প্রথম ঘণ্টায় দুধ খাওয়ান। প্রথম দুধ কখনও ফেলে দেবেন না। টিকাকরণের প্রথম পদক্ষেপ এই বুকের দুধ। এতেই শিশুর রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়ে।”

উল্লেখ্য, প্রথম মাতৃদুগ্ধ শিশুর শরীরে প্রাকৃতিক প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। তাই এই বিষয়ে পরিবার থেকে স্বাস্থ্যকর্মী—সকলের সচেতনতা প্রয়োজন। এদিন তিনি জানান, বর্তমানে শুধু অফিস বা সরকারি প্রতিষ্ঠানে নয়, বিভিন্ন ধরনের পেশায় মহিলারা কাজ করছেন। কিন্তু অসংগঠিত ক্ষেত্রে কর্মরত বহু মহিলা সন্তান জন্মের পর প্রয়োজনীয় ছুটি পান না। ফলে নবজাতককে নিয়মিত বুকের দুধ খাওয়ানো এবং মাতৃত্বের প্রাথমিক দায়িত্ব পালন তাঁদের পক্ষে কঠিন হয়ে পড়ে।

অসংগঠিত ক্ষেত্রের কর্মজীবী মায়েদের সমস্যার প্রসঙ্গ তুলে তিনি বলেন, “আমরা কখনও ভেবেছি যে কাজের মেয়েটা কতদিন মাতৃত্বের জন্য ছুটি পায়? সে যদি ৬-৮ ঘণ্টা কাজে থাকে, তাহলে কখন ব্রেস্ট ফিডিং হবে?” এই বাস্তব পরিস্থিতি বিবেচনা করে ওই ক্ষেত্রেও সবেতন মাতৃত্বকালীন ছুটির ব্যবস্থা চালুর পক্ষে মত দেন তিনি। শারদ্বত মুখোপাধ্যায়ের মতে, মাতৃত্বকালীন ছুটি শুধুমাত্র কর্মীর অধিকার নয়, এটি শিশুস্বাস্থ্যের সঙ্গেও সরাসরি জড়িত।

Health Minister demands maternity leave for maids

আরও পড়ুন :অন্নপূর্ণার টাকা নিয়ে সুখবর! আগস্টের কিস্তি কবে পাবেন উপভোক্তারা? জানাল সরকার

উল্লেখ্য, এদিন হাসপাতালগুলিতে পর্যাপ্ত ব্রেস্ট ফিডিং কর্নার গড়ে তোলার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন স্বাস্থ্যমন্ত্রী। তাঁর এই মন্তব্যের মাধ্যমে মাতৃত্বকালীন ছুটি নিয়ে বৃহত্তর সামাজিক ও প্রশাসনিক উদ্যোগের প্রয়োজনীয়তার বার্তাই উঠে আসে।