বাংলা হান্ট ডেস্ক : অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) নিরাপত্তা সংক্রান্ত সিদ্ধান্ত নিয়ে কলকাতা হাইকোর্টের প্রশ্নের মুখে পড়ল রাজ্য সরকার। তৃণমূল সাংসদের দাবি, তাঁর বিরুদ্ধে একাধিক হুমকি ও হামলার ঘটনা সামনে আসার পরেও নিরাপত্তা ব্যবস্থা নতুন করে খতিয়ে দেখা হয়নি। বৃহস্পতিবার অভিষেকের মামলার শুনানিতে এই বিষয়টিই গুরুত্ব দিয়ে বিবেচনা করে আদালত।
অভিষেক (Abhishek Banerjee) নিরাপত্তা মামলায় কী বলল হাইকোর্ট?
রাজ্যে রাজনৈতিক পালাবদলের আগে অভিষেকের নিরাপত্তায় জেড প্লাস ব্যবস্থা চালু ছিল। নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর তাঁর সুরক্ষার স্তর কমিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। পাশাপাশি, তাঁর বাড়ির বাইরে নিয়মিত মোতায়েন থাকা পুলিশকর্মীদেরও সরিয়ে নেওয়া হয়। এই পরিবর্তনের পর নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানিয়ে আদালতের দ্বারস্থ হন অভিষেক। বৃহস্পতিবার শুনানির সময় সাংসদের আইনজীবীর অভিযোগ, অভিষেকের বাড়ির সামনে থাকা অস্থায়ী নির্মাণ সরানোর কাজ শুরু হয়েছে, অথচ সেই সংক্রান্ত মামলা এখনও আদালতের বিচারাধীন। বৃহস্পতিবার সকাল থেকেই সেখানে নির্মাণ সরানোর প্রক্রিয়া চলছিল। বিচারাধীন বিষয় নিয়ে কীভাবে এই পদক্ষেপ করা হল, তা নিয়ে আপত্তি জানান তিনি।

নিরাপত্তার প্রসঙ্গে আইনজীবীর বক্তব্য, বর্তমান পরিস্থিতিতে অল্প কয়েকজন ব্যক্তিগত নিরাপত্তারক্ষীর পক্ষে অভিষেককে যথাযথ সুরক্ষা দেওয়া কঠিন। আইনজীবী বলেন, “যেভাবে হামলা চলছে, তাতে এটা রাজ্যের অজানা নয়। নিরাপত্তা প্রয়োজন।” শুনানিতে বিচারপতি জানতে চান, অভিষেকের নিরাপত্তা কমানোর সিদ্ধান্ত কবে কার্যকর হয়েছিল। রাজ্যের আইনজীবী জানান, ১২ মে তাঁর নিরাপত্তা হ্রাস করা হয়। এরপর সাংসদের তরফে যে পাঁচটি সম্ভাব্য হুমকির কথা জানানো হয়েছে, সেগুলি নিয়ে জয়েন্ট কমিশনার (সিকিউরিটি) কেন কোনও মূল্যায়ন করেননি, সেই প্রশ্ন ওঠে। নিরাপত্তা সংক্রান্ত রিপোর্টে ওই বিষয়গুলির উল্লেখ না থাকার কারণও জানতে চায় আদালত।
আরও পড়ুন : একসঙ্গে পাঁচ প্রকল্পে অনুমোদন, বরাদ্দ ৭৭ হাজার কোটি
রাজ্য জানায়, নভেম্বরের শেষদিকে অভিষেকের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে পর্যালোচনা হওয়ার কথা রয়েছে। সেই সময় তাঁর উল্লেখ করা হুমকিগুলিও বিবেচনা করা হবে। বিচারপতির বক্তব্য, “কাকে কী নিরাপত্তা দেওয়া হবে সেটা আদালত বলবে না। কিন্তু মামলাকারী বলছে যে হামলা হয়েছে। সেটা পর্যালোচনা করা হয়নি। তাই আদালত জানতে চাইছে।” রাজ্যের ছয় মাস অপেক্ষার যুক্তি নিয়েও প্রশ্ন তোলে আদালত। বিচারপতি বলেন, “মামলাকারীর সঙ্গে ইনসিডেন্ট হয়নি, তা নয়। যখন এমন হয়েছে, তখন কেন সেটা রিভিউ করা হবে না? কেন ছয় মাসের জন্য অপেক্ষা করতে হবে?”
অভিষেকের আইনজীবী আবেদন জানান, নিরাপত্তা সংক্রান্ত পর্যালোচনা শেষ না হওয়া পর্যন্ত তাঁর মক্কেলকে আগের মতো জেড প্লাস সুরক্ষা দেওয়া হোক। বৃহস্পতিবার দু’পক্ষের বক্তব্য শোনার পর মামলার রায় ঘোষণা স্থগিত রেখেছে হাইকোর্ট। রাজ্য সরকার অতীতে ওঠা হুমকির অভিযোগগুলি নতুন করে পরীক্ষা করে কি না, পাশাপাশি তাঁর নিরাপত্তা আগের অবস্থায় ফেরানো হবে কি না, তা জানার অপেক্ষায় রয়েছে রাজনৈতিক মহল।












