বাংলাহান্ট ডেস্ক : টলিউড থেকে রাজনীতির ময়দানে উত্থান। গত কয়েক বছরে বঙ্গ রাজনীতির দুনিয়ায় বেশ পরিচিত মুখ হয়ে উঠেছেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় (Sayantika Banerjee)। এবার নির্বাচনে তৃণমূলের টিকিটে বরানগর কেন্দ্র থেকে লড়ছেন তিনি। সম্প্রতি মনোনয়ন জমা করেছেন তিনি। হলফনামায় সম্পত্তির কী উল্লেখ করলেন সায়ন্তিকা?
হলফনামায় কী উল্লেখ করলেন সায়ন্তিকা (Sayantika Banerjee)?
সায়ন্তিকার দেওয়া তথ্য থেকে জানা যাচ্ছে, স্কুল পাশ করে সেন্ট জেভিয়ার্স কলেজে ভর্তি হন তিনি। সেখান থেকে পলিটিক্যাল সায়েন্সে স্নাতক পাশ করে অভিনয় জগতে প্রবেশ করেন তিনি। হলফনামা অনুযায়ী, নগদ মাত্র ৩০ হাজার টাকা রয়েছে সায়ন্তিকার। বেশ কিছু ব্যাঙ্কে অ্যাকাউন্ট থাকলেও কয়েকটি অ্যাকাউন্টেই টাকা রয়েছে।

কত টাকা রয়েছে অভিনেত্রীর: একটি অ্যাকাউন্টে ৯ লক্ষ ১৫ হাজার টাকা রয়েছে সায়ন্তিকার। আরেকটি অ্যাকাউন্টে রয়েছে ৩৫ হাজার টাকা, অপর একটি অ্যাকাউন্টে ১০ হাজার, একটি অ্যাকাউন্টে ১ হাজার এবং অপর দুটি অ্যাকাউন্টে ব্যালেন্স পুরোপুরি শূন্য। হলফনামা অনুযায়ী, সায়ন্তিকার সোনার গয়না রয়েছে মাত্র ৩.৫২ গ্রামের যার দাম আনুমানিক ৪৮ হাজার টাকা।
আরও পড়ুন : আইপিএল দাপটে হু হু করে কমল নম্বর, পরশুরাম নাকি পরিণীতা, কে হল টপার?
অস্থাবর সম্পত্তি কত: অস্থাবর সম্পত্তি হিসেবে রয়েছে একটি ৩১ লক্ষ ৪৭ হাজার টাকা দামের মার্সিডিজ বেঞ্জ গাড়ি। সায়ন্তিকার সর্বমোট অস্থাবর সম্পত্তির পরিমাণ ৪১ লক্ষ ৮৭ হাজার টাকা। হলফনামায় সায়ন্তিকা (Sayantika Banerjee) উল্লেখ করেছেন, নিজের নামে কোনও বাড়ি, জমি বা পৈতৃক সম্পত্তি নেই। কোনও বিনিয়োগও নেই তাঁর।
আরও পড়ুন : ভোটার কার্ড হারিয়ে গিয়েছে, ভোট দিতে পারবেন কি আদৌ? কী বলছে কমিশনের নিয়ম?
যদিও হলফনামা অনুযায়ী, বিপুল ঋণ রয়েছে সায়ন্তিকার ঘাড়ে। গাড়ির লোন রয়েছে ২৬ লক্ষ ৬৮ হাজার টাকা। এছাড়াও ২৫ লক্ষ টাকার ব্যক্তিগত ঋণও রয়েছে তাঁর। অভিনেত্রী এবং বিধায়ক হিসেবেই আয় হয় বলে জানিয়েছেন সায়ন্তিকা।












