বাংলা হান্ট ডেস্কঃ আগামী ১২ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষা (HS Exam 2026)। এবছর পরীক্ষা পদ্ধতিতে বড় পরিবর্তন এসেছে। সংসদের সভাপতি অধ্যাপক চিরঞ্জীব ভট্টাচার্য জানিয়েছেন, এবছর নতুন সেমেস্টার সিস্টেম চালু হওয়ার পর এই প্রথম একসঙ্গে তিন ধরনের উচ্চ মাধ্যমিক পরীক্ষা নেওয়া হচ্ছে। ফলে পরীক্ষার্থীদের জন্য যেমন নতুন নিয়মকানুন থাকছে, তেমনি সংসদের সামনেও বড় চ্যালেঞ্জ তৈরি হয়েছে সুষ্ঠুভাবে পুরো প্রক্রিয়া পরিচালনা করার। ১২ ফেব্রুয়ারি থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত রাজ্যজুড়ে চলবে এই পরীক্ষা প্রক্রিয়া।
তিন ধরনের পরীক্ষা (HS Exam 2026) কী কী?
এবার একই সময়ে যে ৩ ধরনের পরীক্ষা নেওয়া হবে, সেগুলি হল –
- Semester-IV পরীক্ষা
- Semester-III Supplementary পরীক্ষা
- পুরনো পদ্ধতির (Old System) উচ্চ মাধ্যমিক পরীক্ষা
এই তিন ধরনের পরীক্ষার্থী (HS Exam 2026) মিলিয়ে মোট পরীক্ষার্থীর সংখ্যা ৭ লক্ষ ১০ হাজার ৮১১ জন। এবার ছাত্রদের তুলনায় ছাত্রীর সংখ্যা অনেক বেশি। প্রায় ৭৯ হাজারেরও বেশি ছাত্রী অতিরিক্ত পরীক্ষায় বসছে। রাজ্যের সব জেলাতেই পরীক্ষার্থীর সংখ্যায় এগিয়ে রয়েছে ছাত্রীরাই।
কোথায় কোথায় হবে পরীক্ষা?
গোটা রাজ্যে মোট ৮২২টি মেইন ভেন্যু এবং ২,১০৩টি সাব ভেন্যুতে উচ্চ মাধ্যমিক পরীক্ষা নেওয়া হবে। এত বড় আয়োজন সফলভাবে পরিচালনা করার জন্য প্রায় ৪০ হাজার শিক্ষক-শিক্ষিকাকে দায়িত্ব দেওয়া হচ্ছে।
এবছর প্রথম দিনের উচ্চ মাধ্যমিক পরীক্ষার সঙ্গে মাধ্যমিকের একটি পরীক্ষাও থাকছে। তাই শিক্ষক নিয়োগ ও ব্যবস্থাপনা নিয়ে বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে।
প্রশ্নপদ্ধতিতে বড় পরিবর্তন
নতুন সেমেস্টার পদ্ধতিতে প্রশ্নের ধরনেও বদল এসেছে।
- Semester-III পরীক্ষায় থাকবে এমসিকিউ ভিত্তিক প্রশ্ন
- Semester-IV পরীক্ষায় দিতে হবে বর্ণনামূলক উত্তর
পরীক্ষার্থীরা এবার বেশি প্রশ্নের মধ্যে থেকে নিজের পছন্দমতো প্রশ্ন বেছে উত্তর দেওয়ার সুযোগ পাবে। অর্থাৎ চারটি প্রশ্নের মধ্যে যে কোনও দু’টি প্রশ্নের উত্তর দেওয়া যাবে।
পরীক্ষার নিয়মে কড়াকড়ি
সংসদের তরফে এবছর বেশ কিছু কঠোর নিয়ম চালু করা হয়েছে। সেগুলি হল –
- পরীক্ষাকেন্দ্রে মোবাইল ফোন নিয়ে ঢোকা যাবে না
- স্মার্ট ওয়াচ, ক্যালকুলেটর বা অন্য কোনও ইলেকট্রনিক ডিভাইস নিষিদ্ধ
- নকল করতে গিয়ে ধরা পড়লে পরীক্ষা বাতিল হবে
- অতিরিক্ত কাগজ নিয়ে উত্তর লেখা যাবে না
পরীক্ষা (HS Exam 2026) শুরু হবে সকাল ১০টায় এবং শেষ হবে দুপুর ১২টায়। তবে পরীক্ষার্থীরা ৯টা ৫০ মিনিটেই প্রশ্নপত্র পেয়ে যাবে। তাই সময়ের আগেই কেন্দ্রে পৌঁছতে বলা হয়েছে।
কোন পরীক্ষার সময় কখন?
তিন ধরনের পরীক্ষার জন্য আলাদা সময় নির্ধারণ করা হয়েছে।
- Semester-IV পরীক্ষা: সকাল ১০টা থেকে ১২টা
- Semester-III Supplementary: দুপুর ১টা থেকে ২টা ১৫ মিনিট
- Old System পরীক্ষা: সকাল ১০টা থেকে দুপুর ১টা ১৫ মিনিট
মিউজিক, ভিজ্যুয়াল আর্টস ও ভোকেশনাল বিষয়ের ক্ষেত্রে পরীক্ষার সময় কিছুটা আলাদা হতে পারে।
নিরাপত্তা ব্যবস্থা
এবার পরীক্ষাকেন্দ্রে কঠোর নিরাপত্তার ব্যবস্থা থাকছে।
- প্রবেশপথে মেটাল ডিটেক্টর দিয়ে তল্লাশি
- প্রতিটি ভেন্যুতে CCTV নজরদারি
- প্রশ্নপত্র সংরক্ষণের ঘরেও বিশেষ নজরদারি
এছাড়া প্রশ্নপত্রের ব্যাগের রঙও আলাদা করা হয়েছে।
- Semester-IV – সাদা
- Semester-III Supplementary – হলুদ
- Old System – নীল
প্রতিটি পরীক্ষাকক্ষে ২০ জন পরীক্ষার্থীর জন্য অন্তত ২ জন ইনভিজিলেটর থাকবেন। প্রতিটি কেন্দ্রে সংসদের পক্ষ থেকে একজন করে কাউন্সিল নমিনি নিয়োগ করা হয়েছে।
বিশেষ পরীক্ষার্থীদের জন্য সুবিধা
বিশেষ চাহিদাসম্পন্ন (CWSN) পরীক্ষার্থীদের জন্য বাড়তি ব্যবস্থা রাখা হয়েছে। মোট ৪৬৫ জন এমন পরীক্ষার্থী অতিরিক্ত সময়, লেখক বা ইন্টারপ্রেটারের সুবিধা নিয়ে পরীক্ষা দিতে পারবে। সংসদের নির্দেশ অনুযায়ী, পরীক্ষার্থীদের অন্তত এক ঘণ্টা আগে কেন্দ্রে পৌঁছতে হবে। যাদের পরীক্ষা সকাল ১০টায়, তাদের সকাল ৯টার মধ্যেই কেন্দ্রে উপস্থিত থাকতে বলা হয়েছে।

আরও পড়ুনঃ শুধু কলকাতাতেই লক্ষ্মীর ভাণ্ডারে যুক্ত হল ১.২৫ লক্ষ নতুন নাম, মোট সংখ্যা কত দাঁড়াল?
এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষা (HS Exam 2026) তাই শুধু পড়ুয়াদের জন্য নয়, গোটা শিক্ষা ব্যবস্থার জন্যই এক নতুন অভিজ্ঞতা হতে চলেছে। নতুন নিয়ম মেনে, সঠিক প্রস্তুতি নিয়ে পরীক্ষা দিলে কোনও সমস্যা হবে না বলেই মনে করছে সংসদ।












