সব রোগের চিকিৎসা নয়, কোন কোন ক্ষেত্রে মিলবে আয়ুষ্মান কার্ডের সুবিধা? জেনে নিন

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক : আয়ুষ্মান ভারত প্রকল্পের (Ayushman Bharat Yojana) আবেদন বাংলায় শুরু হতেই আমজনতার আগ্রহ তুঙ্গে। গত চার দিন জনকল্যাণ শিবিরে প্রচুর মানুষ আবেদন করেছেন আয়ুষ্মান ভারত প্রকল্পে। এই প্রকল্পের আওতায় বছরে ৫ লক্ষ টাকা পর্যন্ত নিখরচায় চিকিৎসা পরিষেবা পাওয়া যায়। কিন্তু এই প্রকল্পের বেশ কিছু শর্ত রয়েছে। সব চিকিৎসার কভার কিন্তু পাওয়া যাবে না আয়ুষ্মান ভারত কার্ডে। কোন কোন চিকিৎসা পরিষেবা মিলবে জেনে নিন।

আয়ুষ্মান ভারত প্রকল্পে (Ayushman Bharat Yojana) নিখরচায় চিকিৎসা

মূলত হাসপাতালে ভর্তি হলে এবং গুরুতর অসুস্থতার জন্য এই প্রকল্পের সুবিধা পাওয়া যাবে। তবে সাধারণ অসুস্থতা, নিয়মিত চেকআপ, আউটডোর পরিষেবা এবং বেশ কিছু দৈনন্দিন চিকিৎসা পরিষেবার খরচ এই প্রকল্পের মধ্যে অন্তর্ভুক্ত নয়। হাসপাতালে ভর্তি হওয়ার খরচ, সেকেন্ডারি ও টারশিয়ারি কেয়ার, গুরুতর অসুস্থতার চিকিৎসা খরচ মিলবে এই প্রকল্প থেকে। পুরো পরিবারের জন্যই এই বার্ষিক সীমা প্রযোজ্য। প্রতি বছর স্বয়ংক্রিয় ভাবে রিনিউ ও হয় এই বার্ষিক সীমা।

In which cases ayushman bharat yojana benefit will be given

কোন কোন চিকিৎসা মিলবে: বেশ কিছু গুরুতর রোগের চিকিৎসা খরচ আয়ুষ্মান কার্ডের আওতাভুক্ত। হার্টের অপারেশন, কিডনি চিকিৎসা, ক্যান্সারের চিকিৎসা, নিউরোসার্জারি, মাতৃ ও শিশু স্বাস্থ্য পরিষেবা, বিভিন্ন জরুরি অপারেশন, ডায়াগনস্টিক টেস্ট এবং হাসপাতালে ভর্তি সংক্রান্ত খরচ মিলবে আয়ুষ্মান কার্ডে (Ayushman Bharat Yojana)। অনেক ক্ষেত্রে হাসপাতালে ভর্তির আগে ৩ দিন পর্যন্ত এবং পরে ১৫ দিন পর্যন্ত খরচও অন্তর্ভুক্ত থাকে এতে।

আরও পড়ুন : প্রেশার কুকারে সিটি দিলেই বেরিয়ে আসে ডালের ফেনা? ঝামেলা এড়াতে জেনে রাখুন এই টিপস

কোন কোন ক্ষেত্রে মিলবে না: উল্লেখ্য, শুধুমাত্র হাসপাতালে ভর্তির ক্ষেত্রেই প্রযোজ্য আয়ুষ্মান ভারতের সুবিধা। শুধুমাত্র ডাক্তারের কাছে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দেখিয়ে বাড়ি এলে তার খরচ আয়ুষ্মান যোজনার মধ্যে পড়ে না। শুধুমাত্র টেস্টের খরচও এর মধ্যে অন্তর্ভুক্ত নয়, যদি না তা হাসপাতালে ভর্তি হওয়ার পর চিকিৎসকের পরামর্শ অনুযায়ী হয়। দুর্বলতা কাটাতে বা স্বাস্থ্য ঠিক রাখতে ভিটামিন, টনিক এবং সাপ্লিমেন্টের খরচ আয়ুষ্মান ভারত প্রকল্পে মেলে না। তবে যদি গুরুতর অসুস্থতার চিকিৎসার (Ayushman Bharat Yojana) সময় চিকিৎসক প্রয়োজনীয় বলে লিখে দেন সেক্ষেত্রে মিলতে পারে কভারেজ।

আরও পড়ুন : যোগ দিবসে বড় উদ্যোগ মেট্রোর, ভোর থেকেই চালু পরিষেবা, বাড়ল মেট্রোর সংখ্যা

রুটিন দাঁতের চিকিৎসা, যেমন দাঁত পরিষ্কার, নিয়মিত চেকআপ বা ক্যাভিটি ফিলিং এই প্রকল্পের আওতায় নয়। যদিও দুর্ঘটনা, টিউমার বা গুরুতর আঘাতের কারণে দাঁত বা চোয়ালের চিকিৎসার প্রয়োজন হলে তা আয়ুষ্মান ভারতের আওতায় পড়বে। আয়ুষ্মান ভারতের আওতায় আইভিএফ এবং অন্যান্য সহায়ক প্রজনন প্রযুক্তি চিকিৎসার সুবিধা পাওয়া যায় না। পাশাপাশি কসমেটিক সার্জারি, ওজন কমানোর অপারেশন, ট্যাটু রিমুভাল এই যোজনার অন্তর্ভুক্ত নয়। সরকারি পোর্টাল, কমন সার্ভিস সেন্টার বা নির্দিষ্ট হাসপাতালের মাধ্যমে আয়ুষ্মান কার্ড তৈরি করানো যাবে। https://www.myscheme.gov.in এই লিঙ্ক থেকেও করানো যাবে কার্ড।