বাংলাহান্ট ডেস্ক : ভারতীয় রেলের গতির অধ্যায়ে জুড়তে চলেছে নতুন পৃষ্ঠা। আজই চাকা গড়াতে চলেছে দেশের প্রথম হাইড্রোজেন ট্রেনের (Hydrogen Train)। হরিয়ানার জিন্দ-সোনিপত রুটে প্রথম চলবে এই অত্যাধুনিক ট্রেন। জানা যাচ্ছে, প্রায় ৯০ কিলোমিটারের এই পথ অতিক্রম করতে সময় লাগবে প্রায় ২ ঘন্টা। আজ ১৭ জুলাই এই ট্রেনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
কেমন হতে চলেছে দেশের প্রথম হাইড্রোজেন (Hydrogen Train) চালিত ট্রেন?
দেশের প্রথম হাইড্রোজেন চালিত ট্রেন আজ নামতে চলেছে ট্র্যাকে। ১০ টি বগি যুক্ত এই ট্রেনে থাকছে ৮ টি যাত্রীবাহী কোচ, ২ টি পাওয়ার কার বা ইঞ্জিন কোচ। হাইড্রোজেন ট্রেনের মোট শক্তি উৎপাদন ক্ষমতা প্রায় ২৪০০ কিলোওয়াট। একসঙ্গে প্রায় ২৬০০ যাত্রী বহন করতে পারবে ট্রেনটি। ঘন্টায় এর স্বাভাবিক গতিবেগ হবে প্রায় ৭৫ কিলোমিটার।

কোথায় আলাদা এই ট্রেন: জানিয়ে রাখি, ডিজেল ও বৈদ্যুতিক ট্রেনের তুলনায় হাইড্রোজেন ট্রেনের প্রযুক্তি আলাদা। ট্রেনের বিশেষ উচ্চচাপযুক্ত ট্যাঙ্কে সংরক্ষণ করা হয় হাইড্রোজেন গ্যাস। হরিয়ানার জিন্দের প্ল্যান্টে জলের তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে হাইড্রোজেন উৎপাদন করা হয়। এরপর ট্রেনের ফুয়েল সেলের মধ্যে হাইড্রোজেনের (Hydrogen Train) সঙ্গে অক্সিজেনের রাসায়নিক বিক্রিয়া ঘটানো হয়। এতে তৈরি হয় বিদ্যুৎ যা ট্রেনকে চালিত করে।
আরও পড়ুন : ৬০০ বছরেরও প্রাচীন পুজো, মাহেশের রথযাত্রায় ৫৬ ভোগে কী কী থাকে জানেন?
কী কী সুবিধা মিলবে: সম্পূর্ণ আধুনিক সুযোগ সুবিধা যুক্ত প্রিমিয়াম কোয়ালিটির ট্রেন হতে চলেছে এটি। এই ট্রেনে থাকছে স্বয়ংক্রিয় দরজা, ডিসি এয়ার কন্ডিশনিং, আরামদায়ক আসন। বিশেষ উচ্চচাপযুক্ত ট্যাঙ্কে সংরক্ষণ করা হবে হাইড্রোজেন গ্যাস। আলাদা রিফুয়েলিং স্টেশনও তৈরি করা হয়েছে ট্রেনের জন্য। নিরাপত্তার দিকেও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
আরও পড়ুন : নৈহাটি জংশনে দুদিন ট্রাফিক ব্লক, কোন কোন ট্রেন বাতিল?
হাইড্রোজেন চালিত ট্রেনের সবথেকে বড় ইতিবাচক দিক হল, ডিজেলচালিত ট্রেনের তুলনায় এর কার্বন নিঃসরণ প্রায় শূন্য। পরিবেশ দূষণ কমাবে এই ট্রেন। বিশ্ব উষ্ণায়নের মোকাবিলাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এই ট্রেন।













