বাংলা হান্ট নিউজ ডেস্কঃ ক্রিকেটপ্রেমীরা তাকে ভালোবেসে ডাকেন হিটম্যান নামে। আর তার এই নামকরণ যে সার্থক তা আবারও প্রমাণ করে দিলেন রোহিত শর্মা (Rohit Sharma)। ওডিআই ফরম্যাটে ভারতীয় দলের (Indian Cricket Team) জার্সিতে তিন-তিনটি আলাদা দেশের বিরুদ্ধে ৫০-টির বেশি ছক্কা হাঁকানোর রেকর্ড নিজের নামে করে নিলেন তারকা ভারতীয় ওপেনার, যে রেকর্ড বিশ্ব ক্রিকেটে আর কারোর নেই।
সদ্য সামনে আসা পরিসংখ্যান অনুযায়ী অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওডিআই ফরম্যাটে এখনও পর্যন্ত ৯৩টি ছক্কা হাঁকিয়েছেন রোহিত। এছাড়া শ্রীলঙ্কার বিরুদ্ধে ৫৮টি এবং নিউজিল্যান্ডের বিরুদ্ধে চলতি সিরিজের দ্বিতীয় ম্যাচে ২টি ছক্কা হাঁকানোর পর এখন কিউয়িদের বিরুদ্ধে ৫১টি ছক্কা মারার রেকর্ড গড়েছেন তিনি। অর্থাৎ, তিনটি ভিন্ন দেশের বিরুদ্ধে ছক্কার হাফ-সেঞ্চুরি করে ফেলেছেন তিনি।

এর মধ্যে সবচেয়ে চমকপ্রদ হল অজিদের বিরুদ্ধে তার ৯০টির বেশি ছক্কা মারার ঘটনা। বিশ্ব ক্রিকেটের সবচেয়ে সফল দলের বোলিং আক্রমণের বিরুদ্ধে ৯৩টি ছক্কা মারা একটি বিশাল কৃতিত্বের বিষয়। অবসরে যাওয়ার আগে এই নির্দিষ্ট প্রতিপক্ষের বিরুদ্ধে ১০০ ছক্কা হাঁকানোর কীর্তিও গড়ে ফেলতে পারেন হিটম্যান। হালের কামিন্স, হ্যাজেলউড, স্টার্ক, জাম্পাদের পাশাপাশি যুবা বয়সে ব্রেট লি, শন টেট, মিচেল জনসনদের মতো গতিদানবদেরও শাসন করেছেন তিনি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২০১৩ সালে বেঙ্গালুরুতে সিরিজ নির্ধারক ম্যাচে ১৬টি ছক্কা হাঁকিয়ে তৎকালীন বিশ্বরেকর্ড গড়েছিলেন তিনি।
আরও পড়ুন: বিশ্বকাপের আগে বড় চিন্তা বাড়লো গম্ভীরের! ফাঁস হয়ে গেলো ভারতীয় দলের বড় দুর্বলতা
এছাড়া প্রতিবেশী দ্বীপরাষ্ট্র, শ্রীলঙ্কার বিরুদ্ধেও রোহিতের ব্যাট গর্জে উঠেছে বারংবার। লঙ্কানদের বিরুদ্ধে তার নামের পাশে রয়েছে ৫৮টি ছক্কা মারার কীর্তি। ২০১৪ সালে কলকাতার ইডেন গার্ডেন্সে ২৬৪ রানের মহাকাব্যিক ইনিংসটি এই দলের বিরুদ্ধেই খেলেছিলেন রোহিত যা এখনও একটি বিশ্বরেকর্ড। ওই ম্যাচেও একাই ১৬টি ছক্কা মেরেছিলেন রোহিত, যা তাকে আজ এই জায়গায় পৌঁছতে সাহায্য করেছে।
আরও পড়ুন: শচীনের রেকর্ড ভাঙার দিনে কোহলির প্রশংসায় মাতলেন গিল! জানালেন বড় সত্যি
আর নিউজিল্যান্ডের বিরুদ্ধেও রোহিতের সাফল্য চোখে পড়ার মতো। তৃতীয় দল হিসেবে তালিকায় রোহিত শর্মার হিটলিস্টে ঢুকে পড়েছে নিউজিল্যান্ড। কিউইদের বিরুদ্ধে ৫১টি ছক্কা মেরে গেইল, ম্যাককালাম, ম্যাক্সওয়েলদের মতো বিশ্ব বিখ্যাত সিক্স হিটার্সরা যা করতে পারেননি সেই কীর্তি গড়ে দেখিয়েছেন ভারতীয় ক্রিকেটপ্রেমীদের প্রিয় হিটম্যান।












