সবরমতী থেকে দেশের প্রথম LNG ট্রেনের যাত্রা শুরু, সূচনা করলেন শাহ

Published on:

Published on:

Indian Railways Launches India’s First LNG-Powered Train
Follow

বাংলা হান্ট ডেস্কঃ রেলে (Indian Railways) ডিজেলের ব্যবহার কমাতে এবার নতুন উদ্যোগ নেওয়া হল। দেশে প্রথমবার ডিজেলের পাশাপাশি LNG ব্যবহার করে চলবে ট্রেন। রবিবার গুজরাতের আমেদাবাদের সবরমতী স্টেশন থেকে এই ট্রেনের যাত্রা শুরু হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই ট্রেনের যাত্রার সূচনা করেন।

Indian Railways : সবরমতী থেকে শুরু হল প্রথম LNG ট্রেন

দেশের প্রথম LNG চালিত ট্রেনের যাত্রা শুরু হল গুজরাত থেকে। রবিবার সবরমতী স্টেশন থেকে এই ট্রেনের সফর শুরু হয়। একই অনুষ্ঠানে ১ হাজার ৫৪২ কোটি টাকারও বেশি মূল্যের বেশ কয়েকটি রেল প্রকল্পের উদ্বোধন করা হয়। এর মধ্যে রয়েছে স্বয়ংক্রিয় সিগন্যাল ব্যবস্থা এবং WAG-12 লোকোমোটিভের রক্ষণাবেক্ষণের শেড। এছাড়াও সবরমতী-সরখেজ রেললাইন ডবল করার কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।

কীভাবে চলবে এই ট্রেন?

এই ট্রেনে খুব কম তাপমাত্রায় প্রাকৃতিক গ্যাসকে তরল করে রাখা হবে। পরে বিশেষ ব্যবস্থার মাধ্যমে সেই LNG ব্যবহার করে ট্রেন চালানো হবে। তবে এই ট্রেন শুধু LNG দিয়ে চলবে না। ট্রেন চালাতে LNG-এর সঙ্গে ডিজেলও ব্যবহার করা হবে। তাই এটিকে ‘ডুয়াল-ফুয়েল ডেমু’ ট্রেন বলা হচ্ছে। ডিআরএম বেদ প্রকাশ জানিয়েছেন, ডিজেলের কিছুটা জায়গা LNG দিয়ে পূরণ করাই এই ব্যবস্থার মূল লক্ষ্য। এতে জ্বালানির খরচ কমবে। পাশাপাশি ট্রেন চলার সময় যে ধোঁয়া বের হয়, তার পরিমাণও কমানো সম্ভব হবে।

এক ট্যাঙ্ক LNG-তে ২২২ কিমি

এই ট্রেনে LNG রাখার জন্য বিশেষ ট্যাঙ্ক রয়েছে। প্রতিটি ডিজেল পাওয়ার কার বা DPC-তে প্রায় ২,২০০ লিটার LNG রাখা যায়। এই ট্যাঙ্ক থেকে প্রায় ৯৫০ থেকে ১,০০০ কেজি LNG ব্যবহার করা সম্ভব।একবার ট্যাঙ্ক ভর্তি করলে প্রায় ২২২ কিলোমিটার পথ চলার জন্য সেই LNG যথেষ্ট বলে জানানো হয়েছে।

আরও পড়ুনঃ ‘আমরা সপ্তম পে কমিশন তৈরি করে দিয়েছি, রিপোর্ট এলেই পদক্ষেপ’, জানিয়েছেন মুখ্যমন্ত্রী

৪০ শতাংশ কম লাগবে ডিজেল

এই ট্রেনের সবচেয়ে বড় বিষয় হল, এতে ডিজেলের ব্যবহার প্রায় ৪০ শতাংশ কম হবে। প্রয়োজন অনুযায়ী LNG-এর ব্যবহার বাড়ানো বা কমানো যাবে। একইভাবে প্রয়োজন হলে ডিজেলও ব্যবহার করা যাবে। অর্থাৎ, ট্রেন চালানোর ক্ষেত্রে শুধু একটি জ্বালানির উপর নির্ভর করতে হবে না। LNG এবং ডিজেল—দুই জ্বালানি মিলিয়েই চলবে দেশের প্রথম এই LNG ট্রেন Indian Railways।