বাংলা হান্ট ডেস্ক: বিশ্বকাপ শেষ হতে না হতেই এবার ভারতীয় ফুটবল অনুরাগীদের জন্য দারুণ এক খবর সামনে আসছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, বিশ্বের অন্যতম জনপ্রিয় দল তথা ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলিয়ান ফুটবল টিম (Brazil National Football Team) আগামী অক্টোবরে ভারত (India) সফরে আসতে পারে। ইএসপিএন ব্রাজিলের এক রিপোর্ট অনুযায়ী, ব্রাজিলিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন তথা CBF আগামী অক্টোবরের শুরুতে ভারতে একটি প্রীতি ম্যাচ (Friendly Match) খেলার জন্য আয়োজকদের সঙ্গে আলোচনা করছে।
চলতি বছরেই কলকাতায় খেলতে আসছে ৫ বারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল ফুটবল দল (Brazil National Football Team)?
কলকাতা এই ঐতিহাসিক ম্যাচের সাক্ষী হতে পারে: প্রস্তাবিত ম্যাচটি ফুটবলের মক্কা নামে পরিচিত কলকাতা শহরে আয়োজিত হওয়ার সম্ভাবনা রয়েছে। রিপোর্ট অনুসারে, ২০২৬-এর ফিফা বিশ্বকাপের সময়ে এই ম্যাচটি নিয়ে CBF এবং আয়োজকদের মধ্যে প্রাথমিক আলোচনা শুরু হয়েছিল। তবে, ৫ বারের বিশ্বচ্যাম্পিয়ন দল ভারতীয় জাতীয় দলের মুখোমুখি হবে নাকি অন্য কোনও আন্তর্জাতিক দলের সঙ্গে খেলবে, তা এখনও স্পষ্ট নয়।
ব্রাজিলের ৩ ম্যাচের ইন্টারন্যাশনাল উইন্ডোর পরিকল্পনা: জানিয়ে রাখি যে, ফিফার ইন্টারন্যাশনাল উইন্ডো আগামী ২১ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর পর্যন্ত চলার কথা রয়েছে। এই সময়ে ব্রাজিল মোট ৩ নটি ম্যাচ খেলার পরিকল্পনা করেছে। যার মধ্যে অস্ট্রেলিয়ায় ২ টি এবং ভারতে ১টি ম্যাচ আয়োজনের পরিকল্পনা চলছে। যার মধ্যে আগামী ২৫ সেপ্টেম্বর ব্রাজিল অস্ট্রেলিয়ার টাউনসভিলায় একটি ম্যাচ খেলতে পারে। এছাড়াও, ২৯ সেপ্টেম্বর অস্ট্রেলিয়ার ব্রিসবেনে আরও একটি ম্যাচ সম্পন্ন হতে পারে। এছাড়াও, তৃতীয় ম্যাচটি ভারতে খেলা হতে পারে।
আরও পড়ুন: বিক্রি করতেন সবজি, চালিয়েছেন ই-রিকশা! কমনওয়েলথ গেমসে ভারতের হয়ে প্রথম পদক জিতলেন ঝন্ডু কুমার
উল্লেখ্য যে, ব্রাজিলিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন ওই সময়ে বাংলাদেশে চতুর্থ ম্যাচ খেলার কথা বিবেচনা করেছিল। কিন্তু খেলোয়াড়দের ক্লান্তি, যাতায়াতের সময় ও প্রস্তুতির কথা মাথায় রেখে ৪ টি ম্যাচ খেলার পরিকল্পনা স্থগিত করা হয়েছে। সিঙ্গাপুরের সঙ্গেও আলোচনা হয়েছিল। কিন্তু কোনও চুক্তিতে পৌঁছানো যায়নি। যার পরে কলকাতার দাবিকেই সবচেয়ে শক্তিশালী বলে মনে করা হচ্ছে।
ব্রাজিলের সঙ্গে কলকাতার দীর্ঘদিনের সম্পর্ক: ব্রাজিলিয়ান ফুটবলের সঙ্গে কলকাতার এক দীর্ঘ ইতিহাস রয়েছে। কিংবদন্তি ফুটবল তারকা পেলে ১৯৭৭ সালে ইডেন গার্ডেন্সে মোহনবাগানের বিরুদ্ধে নিউ ইয়র্ক কসমসের হয়ে একটি ঐতিহাসিক ম্যাচে খেলেছিলেন। তিনি পরে ২০১৫ সালে কলকাতা সফর করেন। এমতাবস্থায়, আগামী অক্টোবরে ব্রাজিল দলের এই সফরটি সত্যিই সম্পন্ন হলে, কলকাতার ফুটবল অনুরাগীরা ভিনিসিয়াস জুনিয়রের মতো ফুটবল কিংবদন্তিদের নিজেদের চোখের সামনে মাঠে খেলতে দেখার এক সুবর্ণ সুযোগ পেতে পারেন।













