বাংলা হান্ট ডেস্ক: আজ অর্থাৎ ২৮ মার্চ থেকে শুরু হতে চলেছে চলতি বছরের IPL (Indian Premier League)। ক্রিকেট অনুরাগীরা অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন এই টুর্নামেন্টের জন্য। এদিকে, চলতি বছরের IPL-এ প্রথম ম্যাচে মুখোমুখি হবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং সানরাইজার্স হায়দরাবাদ। ম্যাচটি খেলা হবে বেঙ্গালুরুর এম. চিন্না স্বামী স্টেডিয়ামে। টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন হবে আগামী ৩১ মে। এবারের IPL-এ ১০টি দলের মধ্যে মোট ৭৪ টি ম্যাচ সম্পন্ন হবে। তবে প্লে-অফের ম্যাচগুলির সময়সূচি এখনো ঘোষণা করা হয়নি। এমতাবস্থায়, চলতি বছরের IPL সংক্রান্ত ১০ টি চমকপ্রদ বিষয় বর্তমান প্রতিবেদনে উপস্থাপিত করা হল।
শুরু হচ্ছে ২০২৬-এর IPL (Indian Premier League):
১. ম্যাচের সময় ও ফরম্যাট: টুর্নামেন্টে অংশগ্রহণকারী ১০ টি দলকে ২ টি গ্রুপে ভাগ করা হয়েছে। প্রতিটি গ্রুপে রয়েছে ৫ টি করে দল। গ্রুপ ‘এ’-তে রয়েছে চেন্নাই সুপার কিংস, কলকাতা নাইট রাইডার্স, রাজস্থান রয়্যালস, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং পাঞ্জাব কিংস। গ্রুপ ‘বি’-তে রয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স, সানরাইজার্স হায়দরাবাদ, গুজরাট টাইটান্স, দিল্লি ক্যাপিটালস এবং লখনউ সুপার জায়ান্টস। দলগুলি নিজেদের গ্রুপের দলগুলির সঙ্গে একবার এবং অন্য গ্রুপের দলের সঙ্গে দুইবার করে খেলবে। ম্যাচের সময়সূচি সম্পর্কে বলতে গেলে, সান্ধ্যকালীন ম্যাচগুলো সন্ধ্যা ৭ টা বেজে ৩০ মিনিটে শুরু হবে এবং বিকেলের ম্যাচগুলি বিকেল ৩ টা বেজে ৩০ মিনিট থেকে খেলা হবে।
২. নতুন ভেন্যু ও হোম গ্রাউন্ড: এই মরশুমে কিছু দল ২ টি হোম গ্রাউন্ড ব্যবহার করবে। RCB তাদের ২ টি হোম ম্যাচ খেলবে রায়পুরের শহিদ বীর নারায়ণ সিং স্টেডিয়ামে। পাঞ্জাব কিংস নিউ চণ্ডীগড়ে ৪ টি এবং ধর্মশালায় ৩ টি ম্যাচ খেলবে। এদিকে, রাজস্থান রয়্যালস জয়পুরে ৪ টি এবং গুয়াহাটিতে ৩ টি ম্যাচ খেলবে।
৩. সাপোর্ট স্টাফদের পরিবর্তন: অনেক দল তাদের কোচিং স্টাফেও পরিবর্তন এনেছে। কুমার সাঙ্গাকারা রাজস্থান রয়্যালসের হেড কোচ এবং ক্রিকেট ডিরেক্টর হয়েছেন। অভিষেক নায়ার KKR-এর হেড কোচ হয়েছেন। এছাড়াও, শেন ওয়াটসন সহকারী কোচ এবং টিম সাউদি বোলিং কোচ হিসেবে যোগ দিয়েছেন।

৪. নিলামের পর বড় ধরণের দলবদল: এই বছরের IPL-এর আগে নিলামে বেশ কয়েকটি বড় ধরণের দলবদল হয়েছে। রবীন্দ্র জাদেজা ও স্যাম কারানের বিনিময়ে সঞ্জু স্যামসনকে রাজস্থান রয়্যালস থেকে চেন্নাই সুপার কিংসে পাঠানো হয়। তবে, কুঁচকির চোটের কারণে স্যাম কারান টুর্নামেন্টের বাইরে রয়েছেন। অন্যান্য দলবদলের মধ্যে ছিল সানরাইজার্স হায়দরাবাদ থেকে মোহাম্মদ শামির লখনউ সুপার জায়ান্টসে যোগদান এবং রাজস্থান রয়্যালস থেকে নীতীশ রানার দিল্লি ক্যাপিটালসে যোগদান। মায়াঙ্ক মারকাণ্ডে কলকাতা থেকে মুম্বাই ইন্ডিয়ান্সে গেছেন এবং অর্জুন তেন্ডুলকার মুম্বাই থেকে লখনউতে গেছেন।
৫. নিলামের বিশেষ আকর্ষণ: এই নিলামের সবচেয়ে দামি বিদেশি খেলোয়াড় ছিলেন ক্যামেরন গ্রিন। যাঁকে কলকাতা নাইট রাইডার্স ২৫.২ কোটি টাকায় কিনে নেয়। এছাড়াও, KKR ১৮ কোটি টাকায় শ্রীলঙ্কার মথিশা পাথিরানাকেও চুক্তিবদ্ধ করে। এদিকে, ভেঙ্কটেশ আইয়ারকে গত মরশুমে ২৩.৭৫ কোটি টাকায় KKR কিনলে এবার মাত্র ৭ কোটি টাকায় তিনি RCB-তে যোগ দেন। উল্লেখ্য যে, এখনও পর্যন্তআন্তর্জাতিক ম্যাচ না খেলা ভারতীয় খেলোয়াড়রাও উল্লেখযোগ্য দাম পেয়েছেন। ২০ বছর বয়সী স্পিন অলরাউন্ডার প্রশান্ত বীর এবং ১৯ বছর বয়সী উইকেটরক্ষক-ব্যাটার কার্তিক শর্মাকে CSK ১৪.২ কোটি টাকায় কিনে নেয়। এদিকে, জম্মু ও কাশ্মীরের ফাস্ট বোলার আকিব নবীকে ৮.৪ কোটি টাকায় কিনেছে দিল্লি।
৬. দলগুলির চিন্তা বাড়িয়েছে চোট: IPL-এর এই মরশুমে চোট বা অন্যান্য কারণে বেশ কয়েকজন তারকা খেলোয়াড় খেলতে পারছেন না। KKR-এর হর্ষিত রানা এবং আকাশ দীপ টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছেন। পাথিরানা এপ্রিলের মাঝামাঝি থেকে খেলার জন্য উপলব্ধ হবেন। SRH-এর অধিনায়ক প্যাট কামিন্স প্রথমার্ধে খেলবেন না। তার পরিবর্তে অধিনায়কের দায়িত্ব নেবেন ঈশান কিষাণ। এদিকে, RCB-র জশ হ্যাজেলউড উদ্বোধনী ম্যাচগুলিতে খেলতে পারবেন না। পাঞ্জাব কিংসের লকি ফার্গুসনও প্রথম কয়েকটি ম্যাচে খেলতে পারবেন না। ইংল্যান্ডের কারণে কেরিয়ারকে অগ্রাধিকার দেওয়ায় দিল্লির বেন ডাকেটও বাদ পড়েছেন এবং তিনি ২ বছরের নিষেধাজ্ঞার সম্মুখীন হতে পারেন।
৭. BCCI-র নতুন নিয়ম: ইতিমধ্যেই BCCI একাধিক নতুন নিয়ম ঘোষণা করেছে। যেগুলির মধ্যে অন্যতম হল:
* কোনও দল ২ টির বেশি প্র্যাকটিস ম্যাচ খেলতে পারবেন না।
* কোনও IPL দল তাদের ম্যাচের দিন প্র্যাকটিস অথবা ট্রেনিং করতে পারবে না।
* কোনও দল প্র্যাকটিস নেট শেয়ার করতে পারবেনা। অর্থাৎ প্রতিটি দল প্র্যাকটিসের জন্য একটি নতুন সেট পাবে।
* BCCI IPL চলাকালীন মাঠে LED বোর্ডের কাছে খেলোয়াড় ও সাপোর্ট স্টাফদের বসা নিষিদ্ধ করেছে।
* খেলোয়াড়দের সঙ্গে তাঁদের পরিবার এবং বন্ধুদের সফরের অনুমতি দেওয়া হয়নি।
* কোন টিম যে মাঠে তাদের প্রথম ম্যাচ খেলবে সেই মাঠে ম্যাচের চার দিন আগে থেকে কোনও প্র্যাকটিস বা অনুশীলন করা যাবে না।
আরও পড়ুন: ‘এটাই সুযোগ’, IPL-এর আগে KKR অধিনায়ক অজিঙ্ক রাহানের দিকে চ্যালেঞ্জ ছুঁড়লেন আকাশ চোপড়া
৮. এটিই হতে পারে এমএস ধোনির কেরিয়ারের শেষ IPL: এবারের IPL-এও খেলবেন মহেন্দ্র সিং ধোনি। এদিকে, CSK-তে ইতিমধ্যেই যুক্ত হয়েছেন সঞ্জু স্যামসন। যিনি দুর্দান্ত উইকেটরক্ষকের পাশাপাশি বিধ্বংসী ব্যাটার এবং ভালো অধিনায়কও বটে। এমতাবস্থায়, ২০২৬-এর IPL ধোনির কেরিয়ারের শেষ IPL হতে পারে।
৯. রিঙ্কু সিং সহ-অধিনায়ক: ২০২৬-এর IPL-এ কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক হিসেবে বহাল থাকছেন অজিঙ্ক রাহানে। তবে, সহ-অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন রিঙ্কু সিং। এমতাবস্থায়, তাঁর পারফরম্যান্সের দিকে এবার বিশেষ নজর থাকবে ক্রিকেট অনুরাগীদের।
আরও পড়ুন: হয়ে যান সচেতন! ১ এপ্রিল থেকে বদলে যাচ্ছে অনলাইন পেমেন্টের এই নিয়ম, প্রভাবিত হবেন গ্রাহকরা?
১০. এই মরশুমে অনুপস্থিত বড় নাম: চলতি বছরের IPL-এ গ্লেন ম্যাক্সওয়েল থেকে শুরু করে ফাফ ডু প্লেসিস এবং মঈন আলী নিলামে অংশ নেননি। তবে, তাঁরা পাকিস্তান সুপার লিগে খেলছেন। আন্দ্রে রাসেলও IPL থেকে অবসর নিয়েছেন এবং এখন তিনি KKR-এর পাওয়ার কোচের দায়িত্ব পেয়েছেন। তাই, এই তারকা খেলোয়াড়দের চলতি বছরের IPL-এ খেলতে দেখা যাবে না।












