বাংলা হান্ট ডেস্ক : কেন্দ্রীয় সরকারি কর্মীদের বেতন ও পেনশন বাড়ার অপেক্ষা আরও দীর্ঘ হতে পারে। অষ্টম বেতন কমিশন (8th Pay Commission) গঠনের পর থেকেই নতুন বেতন কাঠামো নিয়ে নানা হিসেব-নিকেশ চলছে। ফিটমেন্ট ফ্যাক্টর কত হবে, বেসিক পে কতটা বাড়বে, পেনশনভোগীদের হাতে অতিরিক্ত কত টাকা আসবে—এসব প্রশ্নের উত্তর এখনও অধরা। তবে আপাতত সবচেয়ে বড় বিষয় হল, কমিশনের রিপোর্ট জমা পড়ার সময়সীমা।
অষ্টম বেতন কমিশনে (8th Pay Commission) কবে থেকে মিলবে বর্ধিত বেতন?
অষ্টম বেতন কমিশনকে কাজ শেষ করার জন্য মোট দেড় বছর সময় দিয়েছে কেন্দ্র। ২০২৫ সালের ৩ নভেম্বর কমিশন গঠনের বিজ্ঞপ্তি জারি হয়েছিল। সেই অনুযায়ী, ২০২৬ সালের ৩ নভেম্বর কমিশনের প্রথম বছর পূর্ণ হয়েছে। সরকারের নির্দেশ অনুযায়ী, গঠনের পর ১৮ মাসের মধ্যে বেতন ও পেনশন সংক্রান্ত সুপারিশ জমা দিতে হবে। সেই হিসেব অনুযায়ী, ২০২৭ সালের ৩ মে রিপোর্ট জমা দেওয়ার নির্ধারিত সময়সীমা শেষ হবে।

তবে রিপোর্ট জমা পড়ার সঙ্গে সঙ্গেই কর্মীদের বেতন বাড়বে, এমনটা ভাবার কারণ নেই। কমিশনের প্রস্তাব পাওয়ার পর কেন্দ্রীয় সরকার সেগুলি পর্যালোচনা করবে। কোন সুপারিশ গ্রহণ করা হবে, কোথায় পরিবর্তন প্রয়োজন এবং কীভাবে নতুন কাঠামো কার্যকর করা হবে, তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সরকার। সেই সিদ্ধান্তের পরেই কর্মরত কর্মচারী এবং অবসরপ্রাপ্ত পেনশনভোগীরা সংশোধিত সুবিধা পাবেন। যদিও ৩ মে-তেই রিপোর্ট প্রকাশিত হবে, এমন কোনও নিশ্চয়তা নেই। এটি মূলত সরকারের বেঁধে দেওয়া সময়সীমা। প্রয়োজন অনুযায়ী কমিশন চূড়ান্ত রিপোর্টের আগে অন্তর্বর্তী প্রতিবেদনও জমা দিতে পারবে।
আরও পড়ুন : পরিচালকের সঙ্গে প্রেমের গুঞ্জন, মাঝপথে বন্ধ সিরিয়াল! মুখ খুললেন নায়িকা
অষ্টম বেতন কমিশনের সুপারিশ কার্যকর হওয়ার সম্ভাব্য তারিখ হিসেবে ১ জানুয়ারি ২০২৬-কে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। ২০২৫ সালের ২৮ অক্টোবর কমিশনের কাজের পরিধি নির্ধারণ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল কেন্দ্র। প্রতি দশ বছর অন্তর বেতন কাঠামো সংশোধনের প্রচলিত নিয়ম মেনেই এই তারিখকে সম্ভাব্য কার্যকর হওয়ার দিন হিসেবে ধরা হচ্ছে।
তবে এই তারিখ উল্লেখ থাকলেই যে ওই দিন থেকে কর্মীদের সংশোধিত বেতন দেওয়া শুরু হবে, তা নয়। সরকার যদি ১ জানুয়ারি ২০২৬ থেকে নতুন কাঠামো কার্যকর করার সিদ্ধান্ত নেয়, সেক্ষেত্রে বাস্তবে বর্ধিত বেতন চালু হতে দেরি হলেও মাঝের সময়ের প্রাপ্য টাকা এরিয়ার হিসেবে দেওয়ার বিষয়টি সামনে আসতে পারে।এখনই বেতন কতটা বাড়বে বা কবে থেকে বর্ধিত টাকা অ্যাকাউন্টে ঢুকবে, তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।












