বাংলা হান্ট ডেস্কঃ অভিনেত্রী হিসেবে লাখো মানুষের মন জয় করার পর রাজনীতির ময়দানে পা রাখেন কোয়েল মল্লিক (Koel Mallick)। গত ২৬ ফেব্রুয়ারি তাঁকে রাজ্যসভার প্রার্থী হিসেবে ঘোষণা করেছিল তৃণমূল। ১৬ মার্চ হওয়া নির্বাচনে জয়ীও হন অভিনেত্রী। পরবর্তীতে তৃণমূলের সাংসদ পদ থেকে ইস্তফা দেওয়ার পর কোয়েলের বিজেপিতে (BJP) যোগদানের জল্পনা তীব্র হয়। এবার সেই জল্পনায় শিলমোহর দিয়ে রাজ্যসভার ভোটে প্রার্থী হিসেবে তাঁর নাম ঘোষণা করল পদ্ম শিবির।
রাজ্যসভার ভোটে বিজেপি প্রার্থী কোয়েল | (Koel Mallick)
রবিবার দিল্লির দীনদয়াল উপাধ্যায় মার্গে বিজেপির কেন্দ্রীয় কার্যালয় থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। সেখানে জানানো হয়, আসন্ন রাজ্যসভা উপনির্বাচনে প্রার্থী হচ্ছেন কোয়েল। অভিনেত্রীর ছেড়ে দেওয়া আসনের উপনির্বাচনেই তাঁকে প্রার্থী করেছে পদ্ম শিবির।
আরও পড়ুনঃ একবার ফোন করলেই চলে আসবে গাড়ি! রাস্তা সারাতে বিশেষ নম্বর চালু কলকাতা পুরসভার
কোয়েলের আগে সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশচিক বরাইক রাজ্যসভায় তৃণমূলের সাংসদ পদ ছেড়েছিলেন। বিধানসভা ভোটে তৃণমূলের ভরাডুবির পরেই এই সিদ্ধান্ত নেন তাঁরা। পরবর্তীতে তাঁদের তিনজনকে ফের রাজ্যসভায় পাঠায় গেরুয়া শিবির। এবার একই পথে হাঁটলেন রঞ্জিত মল্লিকের কন্যা।
আগামী ১৬ অক্টোবর, ষষ্ঠীর দিন রাজ্যসভায় উপনির্বাচন রয়েছে। তার আগে রবিবার প্রার্থীতালিকা প্রকাশ করেছে বিজেপি। সেখানে কোয়েলের নাম রয়েছে। শোনা যাচ্ছে, শীঘ্রই অভিনেত্রী পদ্ম শিবিরে নাম লেখাবেন। তবে তিনি কবে আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগদান করবেন তা এখনও জানা যায়নি।

এদিকে আজ বিজেপি প্রার্থী হিসেবে কোয়েলের নাম ঘোষণা হতেই সুর চড়িয়েছেন মমতা তৃণমূলের বিধায়ক কুণাল ঘোষ। তিনি বলেন, “কোয়েল মল্লিক একজন বিশিষ্ট অভিনেত্রী। তাঁকে রাজ্যসভায় পাঠানোর কথা ভাবেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় যখন রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন, তখন আপনার তৃণমূলকে ভালো লেগেছিল। তবে এখন উনি আর মুখ্যমন্ত্রী নন। তাই সঙ্গে সঙ্গে আপনাকে বিজেপিতে যেতে হল!“
অন্যদিকে কোয়েল বিজেপি প্রার্থী হওয়ায় রাজ্যসভায় তৃণমূলের সাংসদ সংখ্যা আরও কমে গিয়েছে। বিধানসভা ভোটের আগে অবধি এই সংখ্যাটা ছিল ১৩। বর্তমানে তা কমে দাঁড়িয়েছে ৯। এবার কোয়েল বিজেপি সাংসদ হলে পশ্চিমবঙ্গ থেকে তাঁদের রাজ্যসভার এমপি সংখ্যা বেড়ে হবে ৭।













