বাংলা হান্ট ডেস্কঃ দীর্ঘদিন ধরে নানা সমস্যায় বন্ধ ছিল কলকাতা মেট্রোর অরেঞ্জ লাইনের একটি গুরুত্বপূর্ণ কাজ। আইনি জট, অনুমতির সমস্যা আর ট্রাফিকের কারণে কাজ এগোচ্ছিল না। অবশেষে সব বাধা কাটিয়ে চিংড়িঘাটায় সেই কাজ আবার শুরু করার অনুমতি মিলেছে, যার ফলে পুরো মেট্রো লাইন চালু হওয়ার পথ এবার পরিষ্কার হতে চলেছে (Kolkata Metro)।
আগামী ১৫ ই মে থেকে শুরু হবে চিংড়িঘাটা মেট্রোর কাজ (Kolkata Metro)
জানা গিয়েছে, আগামী ১৫ মে থেকে চিংড়িঘাটায় ট্রাফিক ব্লক করে কাজ শুরু করবে রেল বিকাশ নিগম লিমিটেড (RVNL)। কলকাতা ট্রাফিক পুলিশের কাছ থেকে ইতিমধ্যেই অনুমতি মিলেছে। এই প্রকল্পের মূল কাজ হল ৩৬৬ মিটার একটি অংশ জোড়া লাগানো। এই অংশে পিলারের উপর গার্ডার বসানো হবে, যার উপর তৈরি হবে মেট্রোর ট্র্যাক। এই সংযোগ তৈরি হলেই বেলেঘাটা এবং গৌরকিশোর ঘোষ মেট্রো স্টেশন একসঙ্গে যুক্ত হয়ে যাবে (Kolkata Metro)।
আরভিএনএল সূত্রে জানা গিয়েছে, প্রথমে ১৫ মে থেকে কাজ শুরু হলেও পরবর্তী তিন থেকে চার দিনের জন্যও ট্রাফিক ব্লকের অনুমতি নেওয়া হবে ধাপে ধাপে। লক্ষ্য রাখা হয়েছে, বর্ষা আসার আগেই কাজ শেষ করার। সেই হিসেবে জুন মাসের মাঝামাঝি সময়ের মধ্যে কাজ শেষ করার পরিকল্পনা রয়েছে।
এই কাজ দীর্ঘদিন ধরে আটকে থাকার ফলে প্রকল্প কার্যত থমকে গিয়েছিল। ২০২৪ সালের ডিসেম্বর থেকে আইনি জটিলতা ও প্রশাসনিক অসহযোগিতার কারণে কাজ এগোয়নি। শেষমেশ মেট্রো (Kolkata Metro) কর্তৃপক্ষ হাই কোর্টের দ্বারস্থ হয়। আদালত কাজ শুরু করার নির্দেশ দেয়।
এরপর বিষয়টি সুপ্রিম কোর্টে পৌঁছয়। সেখানে প্রধান বিচারপতির বেঞ্চ রাজ্য প্রশাসনকে কড়া প্রশ্ন করে কেন উন্নয়নমূলক কাজে বাধা দেওয়া হচ্ছে। এমনকি আদালত মন্তব্য করে, কোনও রাজ্য উন্নয়নের বিরুদ্ধে দাঁড়াচ্ছে, এমন ঘটনা বিরল। হাই কোর্টের রায় বহাল রাখে শীর্ষ আদালত।

আরও পড়ুনঃ ‘এই লাইনটা বাদ দিন’, বাংলাকে নিয়ে সুপ্রিম কোর্টের মন্তব্যে আর্জি কপিল সিব্বলের, কী বলেছিল আদালত?
অবশেষে সমস্ত জট কেটে যাওয়ায় কাজ শুরু হচ্ছে। মেট্রো (Kolkata Metro) কর্তৃপক্ষের আশা, এই কাজ সম্পূর্ণ হলে চলতি বছরেই কবি সুভাষ থেকে সেক্টর ৫ পর্যন্ত মেট্রো পরিষেবা চালু করা সম্ভব হবে।












