বাংলা হান্ট ডেস্কঃ দুর্গাপুজোর পর রাজ্য জুড়ে কালীপুজোর (Kali Puja) প্রস্তুতি চলছে। এবার সেই উপলক্ষে শহর কলকাতার একাধিক গুরুত্বপূর্ণ রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণের উদ্যোগ নিল কলকাতা পুলিশ (Kolkata Police)। কোন কোন রাস্তায় যান নিয়ন্ত্রণ করা হবে ও বিকল্প রুট কী সেটা জানিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে লালবাজার।
কালীপুজোয় কোন কোন রাস্তায় যান নিয়ন্ত্রণ? | (Kolkata Police)
আগামী ৮ নভেম্বর থেকে কালীপুজো শুরু হচ্ছে। সেদিকে নজর রেখে কলকাতার রাস্তায় বাড়তি পুলিশ মোতায়েন করছে লালবাজার। পাশাপাশি মধ্য কলকাতায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে।

কলকাতার পুলিশ কমিশনার অজয় নন্দের স্বাক্ষরিত নির্দেশিকায় বলা হয়েছে, কালীপুজো উপলক্ষে আগামী ৮ নভেম্বর সকাল ৬টা থেকে ৯ নভেম্বর ভোর ৪টে অবধি কলকাতার একাধিক রাস্তায় প্রতিমা বহনকারী গাড়ি বাদে কোনও পণ্যবাহী গাড়ি চলবে না। সেই তালিকায় সূর্য সেন স্ট্রিট, বঙ্কিম চ্যাটার্জি স্ট্রিট, কলেজ স্ট্রিট, আরবি অ্যাভিনিউ, এস এন ব্যানার্জি রোড, লেনিন সরণি সহ ১৭টি গুরুত্বপূর্ণ রাস্তার নাম রয়েছে।
আরও পড়ুনঃ রাজ্য জুড়ে ফের ৩ দিনের জনকল্যাণ শিবির! অন্নপূর্ণা যোজনা সহ একগুচ্ছ প্রকল্পে আবেদনের সুযোগ
লালবাজারের নির্দেশিকায় বলা হয়েছে, এপিসি রায় রোড, রাসবিহারী অ্যাভিনিউ হয়ে বাস রুট ঘুরিয়ে দেওয়া হবে। পাশাপাশি কলেজ স্ট্রিট, প্রিন্স আনোয়ার শাহ রোড, এস এন ব্যানার্জি রোড সহ কলকাতার ২৪টি গুরুত্বপূর্ণ রাস্তায় আগামী ৮ নভেম্বর বিকেল ৪টে থেকে যাত্রী ওঠানামা, মাল ওঠানামা বা পার্কিং করা যাবে না।
কালীপুজো উপলক্ষে কালীঘাট নিয়েও বড় সিদ্ধান্ত নিয়েছে কলকাতা পুলিশ। ৮ নভেম্বর ভোর ৫টা থেকে বেলা ১১টা ও বিকেল ৫টা থেকে ভোর ৪টে অবধি কালীঘাট মন্দির সংলগ্ন কালীঘাট রোড, সদানন্দ, রাসবিহারী ও হাজরা রোডে যান চলাচলে নিষেধাজ্ঞা রয়েছে। এরপর ৯ নভেম্বর থেকে ১১ নভেম্বর সকাল ৮টা থেকে ভোর ৪টে অবধি পণ্যবাহী গাড়ি চলাচল হবে না।
নির্দেশিকায় আরও জানানো হয়েছে, বিকেল ৪টে থেকে ভোর ৩টে অবধি নিমতলা ঘাট স্ট্রিট, বিডন স্ট্রিট, স্ট্র্যান্ড রোড, কালীঘাট রোড, গার্ডেনরিচ রোড সহ শহরের মোট ৪৩টি রাস্তায় বিসর্জনের গাড়ি বাদে অন্য গাড়ি ঘুরিয়ে দেওয়া হবে। পাশাপাশি এজেসি বোস রোড, কুইনস ওয়ে, হসপিটাল রোড, শেক্সপিয়র সরণি, পার্ক স্ট্রিট, এজেসি বোস ফ্লাইওভার, কালীঘাট ব্রিজ, মা ফ্লাইওভার দিয়ে বিসর্জনের কোনও গাড়ি যেতে পারবে না।
কলকাতা পুলিশ জানিয়েছে, জরুরি পরিষেবার যানবাহনগুলিকে এই নিষেধাজ্ঞার বাইরে রাখা হয়েছে। দমকল, অ্যাম্বুলেন্স, অক্সিজেন, ওষুধ, জরুরি খাদ্যপণ্য, পুরসভা ও সংবাদমাধ্যমের গাড়ি চলাচলে কোনও বাধা নেই। বিকেল ৪টে অবধি ১৬০০ কেজির কম ছোট মালগাড়ি চলতে পারে।
দুর্গাপুজো সহ একাধিক বড় উৎসবের আগে শহরের বিভিন্ন রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করে কলকাতা পুলিশ। কালীপুজোর আগেও এক পদক্ষেপ নেওয়া হল। সাধারণ মানুষের ভোগান্তি এড়াতে আগেভাগেই বিজ্ঞপ্তি জারি করে সবটা জানিয়ে দিয়েছে লালবাজার।












