বাংলা হান্ট ডেস্কঃ আজ, মঙ্গলবার দোল। বসন্তের রঙে মেতে উঠবে গোটা বাংলা। আবির আর রঙের উৎসবে মাতবে জেলায়-জেলায়। তবে আনন্দের মাঝেই যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে, তা নিশ্চিত করতে কড়া নিরাপত্তার বলয়ে ঢেকে ফেলা হচ্ছে শহরকে। দোলের দিনে বিশেষ প্রস্তুতি নিয়েছে কলকাতা পুলিশ (Kolkata Police)।
কোথায় কত পিকেট (Kolkata Police)?
কলকাতা পুলিশ (Kolkata Police) সূত্রে জানা গিয়েছে, দোলের দিন শহরের মোট ৩৯৮টি জায়গায় পুলিশি পিকেট বসানো হবে। এর মধ্যে খান্না মোড়, পার্ক সার্কাস সেভেন পয়েন্ট, শ্যামবাজার-সহ ৮৬টি গুরুত্বপূর্ণ জায়গায় থাকছে বিশেষ পিকেট। এই বিশেষ পিকেটগুলিতে দায়িত্বে থাকবেন ছ’জন করে পুলিশকর্মী। অন্যদিকে বাকি ৩১২টি পিকেটে তিনজন করে পুলিশকর্মী মোতায়েন থাকবেন।
সবচেয়ে বেশি নজরদারি থাকছে বন্দর এলাকায়। সেখানে একাই করা হচ্ছে ৭২টি পিকেট। এছাড়া দক্ষিণ-পূর্ব ও দক্ষিণ শহরতলিতে ৩৬টি করে পিকেট বসানো হবে।
ঘাট ও ডিভিশনে বিশেষ নজর
শুধু রাস্তা নয়, ঘাট এলাকাতেও বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে। শহরের ২৪টি ঘাটে থাকবে DMG দল। এছাড়াও কলকাতা পুলিশের প্রতিটি ডিভিশনেও মোতায়েন থাকবে DMG টিম, যাতে দ্রুত পরিস্থিতি সামাল দেওয়া যায়। শহর জুড়ে নজরদারিতে থাকবে ৬২টি PCR ভ্যান। পাশাপাশি অলিগলিতেও মোটরবাইক নিয়ে টহল দেবেন পুলিশকর্মীরা। ভোটের আগে নিরাপত্তায় কোনও রকম ফাঁক রাখতে নারাজ কলকাতা পুলিশ (Kolkata Police)।

আরও পড়ুনঃ ‘বিজেপি আসলে ৪৫ দিনের মধ্যে সপ্তম পে কমিশনের বেতন’, DA আবহেই রাজ্যে বিরাট ঘোষণা শাহের
মহিলা সুরক্ষায় বিশেষ ব্যবস্থা
সম্প্রতি মহিলা সুরক্ষার দিকেও বিশেষ নজর দিয়েছে পুলিশ (Kolkata Police)। শহরের ৫টি জায়গায় চালু হয়েছে পিঙ্ক বুথ। সম্পূর্ণ মহিলা পরিচালিত এই বুথগুলিতে রয়েছে অত্যাধুনিক ব্যবস্থা। এছাড়াও রাতের কলকাতায় ঘুরবে শাইনিং পেট্রলিং গাড়ি, যেখানে দায়িত্বে থাকবেন মহিলা উর্দিধারীরাও। রঙের উৎসব যেন আনন্দেই কাটে সেই লক্ষ্যেই আগাম প্রস্তুতি সেরে ফেলেছে শহরের পুলিশ প্রশাসন।












