বাংলা হান্ট ডেস্কঃ মধ্যপ্রদেশের মহিলাদের প্রতি মাসে টাকা দেওয়ার জন্য চালু করা হয়েছিল ‘লাডলী বহনা যোজনা’ (Ladli Behna Scheme)। এখন এই প্রকল্পে প্রতি মাসে ১৫০০ টাকা করে পান মহিলারা। কিন্তু এই প্রকল্প চালাতে গিয়ে সরকারের অনেক টাকা খরচ হচ্ছে। এবার সেই খরচ নিয়েই মুখ খুললেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব। তিনি জানিয়েছেন, এই প্রকল্প এত বড় আর্থিক চাপ তৈরি করবে, তা আগে বুঝতে পারেননি।
Ladli Behna Scheme : ১৫০০ টাকা করে ভাতা, খরচ বছরে ২২ হাজার কোটি
ভোপালের রবীন্দ্রভবনে একটি অনুষ্ঠানে লাডলী বহনা প্রকল্প (Ladli Behna Scheme) নিয়ে কথা বলেন মোহন যাদব। ছতরপুরের কনটেন্ট ক্রিয়েটর বিন্নু রানির সঙ্গে কথাবার্তার সময় তাঁকে মহিলাদের জন্য সরকারের পরিকল্পনা নিয়ে প্রশ্ন করা হয়। সেখানেই মুখ্যমন্ত্রী বলেন, মুখ্যমন্ত্রী হওয়ার পর এত বড় আর্থিক দায়িত্ব তাঁর উপর আসবে, তা আগে বুঝতে পারেননি। লাডলী বহনা প্রকল্প এখন কতটা খরচের হয়ে উঠেছে, সেটাও তিনি জানান।
মোহন যাদব বলেন, শুরুতে এই প্রকল্পে (Ladli Behna Scheme) মহিলাদের মাসে ১০০০ টাকা করে দেওয়া হত। প্রথম দিকে টাকা দিতে সমস্যা হচ্ছিল। পরে ভাতার পরিমাণ বাড়িয়ে ১২৫০ টাকা এবং তারপর ১৫০০ টাকা করা হয়েছে। বর্তমানে মহিলারা মাসে ১৫০০ টাকা করে পাচ্ছেন। একইসঙ্গে এক তরুণীকে তিনি বলেন, তাঁর এখনও লাডলী বহনা প্রকল্পের টাকা পাওয়ার বয়স হয়নি। বড় হলে তিনিও এই সুবিধা পাবেন।
বর্তমানে মধ্যপ্রদেশ সরকারের অন্যতম বড় প্রকল্প হয়ে উঠেছে লাডলী বহনা (Ladli Behna Scheme)। এই প্রকল্পে মহিলাদের মাসে ১৫০০ টাকা করে দিতে বছরে প্রায় ২২,৬৮০ কোটি টাকা খরচ হচ্ছে। এই ধরনের মহিলাভাতা অবশ্য এখন দেশের অনেক রাজ্যেই দেখা যায়। ২০২১ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্পের ঘোষণা করেছিলেন। এরপর বিভিন্ন রাজ্যের নির্বাচনে মহিলাদের টাকা দেওয়ার প্রতিশ্রুতি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে।
উল্লেখ্য, ২০২৩ সালের ২৮ জানুয়ারি লাডলী বহনা প্রকল্পের (Ladli Behna Scheme) ঘোষণা করা হয়। তখন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী ছিলেন শিবরাজ সিংহ চৌহান। ওই বছরের মার্চ মাসে প্রকল্পটি শুরু হয়। জুন মাসে মহিলাদের অ্যাকাউন্টে প্রথম টাকা ঢোকে। প্রথমে মাসে ১০০০ টাকা দেওয়ার কথা ছিল। পরে সেই টাকা ১২৫০ টাকা করা হয়। এরপর বাড়িয়ে ১৫০০ টাকা করা হয়েছে। আগামী দিনে মাসে ৩০০০ টাকা দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছে বিজেপি।
তবে এই প্রকল্পের (Ladli Behna Scheme) সুবিধা পাওয়া মহিলার সংখ্যা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। সরকারি তথ্য অনুযায়ী, ২০২৩ সালের জুন মাসে টাকা দেওয়া শুরু হওয়ার পর এখনও পর্যন্ত প্রায় ৬ লক্ষ ২৫ হাজার মহিলাকে প্রকল্প থেকে বাদ দেওয়া হয়েছে।এখন আবার নতুন করে নাম নথিভুক্ত করাও বন্ধ রয়েছে। ২০২৩ সালের অক্টোবর মাসে ১ কোটি ৩১ লক্ষের বেশি মহিলা এই প্রকল্পের টাকা পাচ্ছিলেন। ২০২৬ সালের জানুয়ারিতে সেই সংখ্যা কমে প্রায় ১ কোটি ২৫ লক্ষ হয়েছে। ১ সেপ্টেম্বরেও সুবিধাভোগীর সংখ্যা আরও কমেছে।

আরও পড়ুনঃ নিটের পর এবার SIR ইস্যু, CJP-র মঞ্চে কি থাকবেন মমতা?
৬০ বছর বয়স হয়ে গেলে অনেক মহিলাকে প্রকল্প (Ladli Behna Scheme) থেকে বাদ দেওয়া হচ্ছে। এই বিষয়টি নিয়ে মধ্যপ্রদেশ বিধানসভাতেও আলোচনা হয়েছে। কংগ্রেস বিধায়ক মহেশ পারমার প্রশ্ন তুলেছেন, যোগ্য মহিলাদের নতুন করে নাম নথিভুক্ত করা বন্ধ রাখা হয়েছে কেন? তবে নতুন করে কবে থেকে নাম নেওয়া হবে, সেই বিষয়ে এখনও কোনও নির্দিষ্ট সময় জানায়নি মধ্যপ্রদেশ সরকার।













